লিবিয়া থেকে দেশে ফিরছে ১৭৪ বাংলাদেশি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আরও ১৭৪ জন বাংলাদেশিকে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা

2026-04-22T23:59:11+00:00
2026-04-22T23:59:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
লিবিয়া থেকে দেশে ফিরছে ১৭৪ বাংলাদেশি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:৫৯ পিএম 
লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আরও ১৭৪ জন বাংলাদেশিকে। সংগৃহীত ছবি
লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আরও ১৭৪ জন বাংলাদেশিকে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় ত্রিপলী থেকে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

প্রত্যাবাসিতরা বুরাক এয়ারের একটি ফ্লাইটে করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তারা ত্রিপলী ও আশপাশের বিভিন্ন শহর থেকে ঝুঁকিপূর্ণ ও মানবিক সংকটাপন্ন পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। এদের মধ্যে একজন গুরুতর অসুস্থসহ মোট ২৭ জন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। 

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। প্রত্যাবাসনের আগে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) প্রকৌশলী মো. আমিনুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়াও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত অভিবাসীদের উদ্দেশে প্রি-ডিপার্চার ব্রিফিংয়ে বলেন, লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহীদের নিরাপদ প্রত্যাবাসনে দূতাবাস সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তিনি আরও জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এ কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) প্রক্রিয়া সহজীকরণ এবং প্রয়োজনীয় ফ্লাইট নিশ্চিত করতে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। 

রাষ্ট্রদূত দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করতে অভিবাসীদের উৎসাহিত করেন এবং অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি সরকারি ও বেসরকারি পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করে স্বনির্ভর হওয়ার পরামর্শ দেন।


এছাড়া, দালালচক্রের মাধ্যমে প্রতারিত অভিবাসীদের দেশে ফিরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও দুর্ভোগ সম্পর্কে নিজ নিজ এলাকায় সচেতনতা বাড়াতে হবে।

উল্লেখ্য, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস স্বেচ্ছায় প্রত্যাবর্তনে আগ্রহী এবং বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে নিয়মিত কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ডিটেনশন সেন্টার পরিদর্শন ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।

চলতি বছরে আইওএম-এর সহযোগিতায় চারটি প্রত্যাবাসন ফ্লাইটে এ পর্যন্ত ৬৮৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 

নিবন্ধিতদের দ্রুত প্রত্যাবাসনে দূতাবাস লিবিয়া সরকার, আইওএম এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছে।


/ইউএমএইচ



  বিষয়:   লিবিয়া  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: