‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মধ্যে পুষ্টি সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডা. জিল্লুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন ও আবাসিক মেডিকেল অফিসারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং সুস্থ-সবল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকারি-বেসরকারি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
সময়ের আলো/জোই