ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল ধসে একজনের মৃত্যুকে কেন্দ্র করে আয়োজিত সালিশ বৈঠক চলাকালে ফের দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এতে এক সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে পৌর এলাকার পাইকপাড়ার হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলো–সাবেক কাউন্সিলর মো. আহসান উল্লাহ হাসান, আঁখি ও তুর্য দাস। তাদের মধ্যে আহসান উল্লাহ’র অবস্থা গুরুতর হওয়ার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সুব্রত দাস নামের একজনের মৃত্যুকে কেন্দ্র করে সালিশ বৈঠক বসে। এসময় হঠাৎ দেয়াল ধসে পড়ে। এতে তিনজন আহত হন। আহত তুর্য–পূর্বের ঘটনায় নিহত সুব্রত দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জহিরুল হক খোকন জানান, বিদ্যালয় মাঠে সালিশ চলছিল। এসময় বিদ্যালয় ভবনের উপরের দিকের রেলিংয়ের দেয়াল ভেঙে পড়ে। এতে তিনজন আহত হন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এফআর