বিশ্বজুড়ে অগণিত ভক্ত-অনুরাগীর কাছে মাইকেল জ্যাকসন নামটি এক দুর্নিবার আকর্ষণ। কেবল পপসম্রাট নন, কোটি মানুষের হৃদয়ের সম্রাট হয়ে আছেন তিনি। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুর পরও তার জনপ্রিয়তা কমেনি। স্পটিফাইয়ে তার মাসিক শ্রোতা প্রায় ৬৫ মিলিয়ন।
মৃত্যুর আগ পর্যন্ত যেমন কৌতূহল ছিল তাকে নিয়ে, মৃত্যুর পরও কৌতূহলের শেষ নেই। তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণার পর থেকেই সেটি দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন সবাই। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ‘মাইকেল’ সিনেমা। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।
অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। আরও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।
সিনেমাটিতে দেখা যাবে সংগীতের বাইরেও মাইকেল জ্যাকসনের জীবনের গল্প, যেভাবে জ্যাকসন ফাইভ ব্যান্ডের তরুণ প্রতিভা থেকে হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে বড় বিনোদনশিল্পী। মঞ্চের বাইরের জীবন ও একক সংগীতজীবনের সোনালি মুহূর্তগুলো উপভোগ করবেন দর্শক। মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের চরিত্রও তুলে ধরা হয়েছে এখানে।
এই চরিত্রগুলোর মাধ্যমে মাইকেলের ক্যারিয়ারের পেছনের মানুষদের ভূমিকা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই বায়োপিকে তুলে ধরা হবে– কীভাবে তিনি হয়ে ওঠেন বিশ্বসংগীতের সবচেয়ে বড় তারকা। থাকবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প আর বিখ্যাত কিছু পারফরম্যান্স।
গত বছরের নভেম্বরে মাইকেলের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার মুক্তির পর ভিউয়ের রেকর্ড গড়ে। মাত্র ২৪ ঘণ্টায় ১১৬.২ মিলিয়ন ভিউ যা, এর আগে অন্য কোনো মিউজিক্যাল বায়োপিকে হয়নি। ঝড় উঠেছে ট্রেলার মুক্তির পরও। মুক্তির এক দিনেই ৫ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে যায়।
বিশ্লেষকরা বলছেন, মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেতে যাচ্ছে ‘মাইকেল’। বাংলাদেশেও সিনেমাটি ব্যাপক সাড়া তৈরি করবে বলে মনে করেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও মাইকেল জ্যাকসনের প্রচুর ভক্ত রয়েছেন। সেই আশি-নব্বই দশক থেকে শুরু করে এই সময়েও পপসংগীত শ্রোতাদের কাছে সম্রাট হয়ে আছেন মাইকেল। তার বায়োপিক দেখার আগ্রহ আছে সবার। এরই মধ্যে অনেক দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, অগ্রিম টিকেটের খোঁজ নিচ্ছেন। সিনেমাটি সবার মন জয় করবে বলে আমরা আশাবাদী।
এফআর