নারী এশিয়ান গেমস হকি বাছাইপর্বে ইতিহাস গড়েছে বাংলাদেশ। জাতীয় দলের মেয়েরা প্রথমবার কোনো আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে, সেখানে বাজিমাত করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ ছিল চাইনিজ তাইপে। শুরুতে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াই করে ৫-৫ গোলে ড্র করে জাহিদ হোসেন রাজুর শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল অর্পিতা পাল, রিতুরা। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে রিয়া আইরিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে নবম মিনিটে চাইনিজ তাইপেইয়ের ঝু ইয়ি-চুন ফিল্ড গোল করে সমতা ফেরান। এর ঠিক পরের মিনিটেই অধিনায়ক অর্পিতা পালের পিসি থেকে লক্ষ্যভেদে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন অর্পিতা। প্রথম কোয়ার্টার শেষে ২-১-এ এগিয়ে থাকলেও হাফটাইম নাগাদ স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।
দ্বিতীয়ার্ধে যেন আরও ভয়ংকর হয়ে ওঠে চাইনিজ তাইপেই। ৩৪ ও ৩৬ মিনিটে হুয়াং ইউ-তিংয়ের জোড়া গোল বাংলাদেশকে বড় চাপে ফেলে দেয়। স্কোর তখন ৫-৩, জয়ের সুবাস পাচ্ছিল তাইপেই। কিন্তু দমে যায়নি জাহিদ হোসেনের শিষ্যরা। ৪০ মিনিটে কণা আক্তার কোনা দুর্দান্ত এক ফিল্ড গোল করে ব্যবধান কমিয়ে ৫-৪ এ নিয়ে আসেন।
ম্যাচ যখন শেষের দিকে, তখন ৪৪ মিনিটে আবারও ত্রাতা হয়ে আবির্ভূত হন অধিনায়ক অর্পিতা পাল। পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে সমতায় ফেরান তিনি। শেষ কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ৫-৫ সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
পুরো ম্যাচে বাংলাদেশের অধিনায়ক অর্পিতা পাল ছিলেন অনন্য। তিনটি পেনাল্টি কর্নার ও একটি পেনাল্টি স্ট্রোক মিলিয়ে তার হ্যাটট্রিকই মূলত ম্যাচটি হারতে দেয়নি বাংলাদেশকে।
অন্যদিকে চাইনিজ তাইপেইয়ের পক্ষে হুয়াং ইউ-তিং দুটি গোল করেন। কার্ডের লড়াইয়েও ম্যাচটি ছিল উত্তপ্ত; বাংলাদেশের নাদিরা ও অর্পিতা সবুজ কার্ড দেখলেও চাইনিজ তাইপেইয়ের ওয়াং ইউ-চিউ ও সাই চেন-উই হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন।
রোমাঞ্চকর ড্রয়ে খুশি বাংলাদেশের কোচ জাহিদ হোসেন রাজু। ম্যাচ শেষে জাকার্তা থেকে মোবাইল ফোনে সময়ের আলোকে রাজু জানান, আমাদের মেয়েরা আজ (বৃহস্পতিবার) দুর্দান্ত এক ম্যাচ খেলেছে। যেভাবে পরিকল্পনা সাজিয়ে দিয়েছি, সেভাবে তারা পারফর্ম করার চেষ্টা করেছে। অর্পিতা, কণাদের পারফরম্যান্সে আমি খুশি। এভাবে খেলতে থাকলে, সামনে আরও ভালো খেলা আপনাদের দেখতে পাবেন। ওদের জন্য দোয়া করবেন। প্রথমবার বড় মঞ্চে এসে যেভাবে খেলল, এটা ওদের পরিশ্রমের ফল।’
এফআর