রাজধানীর শাহবাগ থানা এলাকায় ডাকসু নেতাদের ওপর হামলা এবং পাবনা ও কুমিল্লায় ছাত্রশিবিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের এবং এক নারী নেত্রীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের ওপর এ ধরনের হামলা গণতান্ত্রিক সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর নামে ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হয়। পরে তিনি বিষয়টি অস্বীকার করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেলে তা গ্রহণ না করে তাকে আটকে রাখা হয়। বিষয়টি জানতে পেরে অন্য ডাকসু নেতারা সেখানে গেলে পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয়।
পুলিশের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, যেখানে পুলিশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে তারা নিষ্ক্রিয় থেকেছে, যা নিন্দনীয়।
এদিকে, একই দিনে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয় বলে দাবি করা হয়। এছাড়া রাতে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।
বিবৃতিতে বলা হয়, এসব ঘটনা থেকে বোঝা যায় যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। শিক্ষাঙ্গনে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি।
গোলাম পরওয়ার হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানান।
/কহু