বান্দরবানের সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে অপহৃত ৬ রাবার শ্রমিককে রাতভর অভিযান চালিয়ে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ‘বাংলাদেশে আর্মি’ ফেসবুক পেইজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সেনাবাহিনীর বান্দরবান সেনা জোন ২৮-ই-বেঙ্গল-এর একটি চৌকস দল গত ২৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ভোর পর্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে একটি পাহাড়ি এলাকায় অভিযান চালানোর সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শ্রমিকদের ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অপহৃতদের নিরাপদে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ম্যাংতাং ম্রো (৩০) নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
উদ্ধারকৃত শ্রমিকরা হলেন, মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা এবং মো. রমিত। উদ্ধার শেষে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে টংকাবতী ইউনিয়নের ইসমাইলের রাবার বাগান এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র একটি দল ওই ৬ শ্রমিককে অপহরণ করে। পর দিন অপহরণকারীরা একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।
সময়ের আলো/জোই