নাটোরের বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে হাসানকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসান আলী উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ গাঁওপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে গত বুধবার ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বাবা অসুস্থ হওয়ায় গত মঙ্গলবার মেয়েকে বাড়িতে একা রেখে তার অসুস্থ বাবাকে নিয়ে তার মা রাজশাহীতে চিকিৎসার জন্য যান। সেদিন রাতে তারা রাজশাহীতেই অবস্থান করেন। পরদিন বুধবার সকালে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত হাসান ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত হাসান পালিয়ে যায়।
ছাত্রীর মা ঘটনা জানতে পেরে বাড়িতে এসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার রাতে উপজেলার লোকমানপুর বাজার থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে দ্রুত মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে আসামিকে গ্রেফতার করা হয়।
সময়ের আলো/জোই