অতিরিক্ত দামে জ্বালানি কেনা হলেও তার পুরো অভিঘাত বা চাপ সাধারণ ভোক্তাদের ওপর পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের সদর উপজেলায় বাসিয়া নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সৌদি আরব থেকে দ্বিগুণ দামে জ্বালানি সংগ্রহের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে অনেক সময় চড়া মূল্যে জ্বালানি কিনতে হয়। তবে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে যেন আমদানিকৃত এই বাড়তি খরচের প্রভাব সাধারণ মানুষের ওপর সরাসরি না পড়ে।
চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে বিদেশের ওপর নির্ভরশীলতা বা জিম্মি দশা থেকে মুক্তি পেতে আমাদের স্টোরেজ ফ্যাসিলিটি (মজুত সক্ষমতা) বাড়ানো জরুরি। সরকার অগ্রাধিকার ভিত্তিতে নতুন স্টোরেজ নির্মাণের উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও জানান, এলএনজি আমদানি ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন টার্মিনাল তৈরির জন্য জ্বালানি মন্ত্রণালয় দ্রুতই টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছে।
এর আগে বাণিজ্যমন্ত্রী পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সঙ্গে নিয়ে বাসিয়া নদীর বর্তমান অবস্থা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জানানো হয়, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নদী খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের খাল-নদী উদ্ধার এবং নদী ভাঙন রোধে সরকার বদ্ধপরিকর। বাসিয়া নদীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ নদ-নদী রক্ষায় সব প্রকার প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই