প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:০৭ পিএম
আব্বাস আরাঘচি একটি ছোট আলোচক দল নিয়ে ইসলামাবাদে আসবেন। ছবি : সংগৃহীতফের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে বলে পাকিস্তানি কয়েকটি সূত্র জানিয়েছ। তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফাও শিগগির শুরু হতে পারে।
পাকিস্তানি ইংরেজি দৈনিক দ্য ডন এর এক প্রতিবেদনে একাধিক পাকিস্তানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি ছোট আলোচক দল নিয়ে ইসলামাবাদে আসবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক ও নিরাপত্তা দল ইতোমধ্যে ফেডারেল রাজধানীতে অবস্থান করছে।
এই অগ্রগতি এমন এক সময়ে সামনে এল, যখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আরাঘচি ফোনালাপে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ও পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছেন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, ‘দুই পক্ষই আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের প্রেক্ষাপটে ইসলামাবাদ যে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে, তা নিয়ে মতবিনিময় করেছে।’
পাকিস্তানের পররাষ্ট্র দফতর আরও জানায়, ইসহাক দার জোর দিয়ে বলেছেন, অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য ধারাবাহিক সংলাপ ও সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ—যাতে যত দ্রুত সম্ভব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার ঐতিহাসিক সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়, তবে তা ভেঙেও যায়নি।
সময়ের আলো/কেএইচও