ছাত্রদলকে সহিংসতা, শিবিরকে গুপ্ত রাজনীতি ত্যাগের আহ্বান ছাত্র অধিকার পরিষদের

ঢাবি প্রতিনিধি

রাজনীতি

ছাত্রদলকে সহিংস রাজনীতি পরিহার এবং ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি ছেড়ে প্রকাশ্যে গণতান্ত্রিক ধারায় আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।শুক্রবার (২৪

2026-04-24T21:29:44+00:00
2026-04-24T21:29:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ছাত্রদলকে সহিংসতা, শিবিরকে গুপ্ত রাজনীতি ত্যাগের আহ্বান ছাত্র অধিকার পরিষদের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:২৯ পিএম 
ছাত্রদলকে সহিংসতা, শিবিরকে গুপ্ত রাজনীতি ত্যাগের আহ্বান ছাত্র অধিকার পরিষদের। ছবি : সংগৃহীত
ছাত্রদলকে সহিংস রাজনীতি পরিহার এবং ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি ছেড়ে প্রকাশ্যে গণতান্ত্রিক ধারায় আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে মনে করা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসী রাজনীতির অবসান ঘটবে। কিন্তু দুঃখজনকভাবে আবারও সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদল ও ছাত্রশিবির একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলেও এখন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যেই সংঘাতে জড়াচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে রামদা, হকিস্টিক ও লাঠি ব্যবহারের ঘটনা উদ্বেগজনক। অথচ কয়েকদিন পেরিয়ে গেলেও জড়িত কাউকে আইনের আওতায় আনা হয়নি।

নাজমুল হাসান বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলো পোস্টটিকে ভুয়া বললেও শাহবাগ থানায় ডাকসুর সমাজসেবা সম্পাদক ও সাহিত্য সম্পাদক হামলার শিকার হন। একই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ সাংবাদিকের ওপর হামলা হয়েছে, যার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, কেউ নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেলে তাকে অপরাধী ধরে নিয়ে মারধর করার অধিকার কারও নেই। বিচার করার দায়িত্ব আইনের। ছাত্রদল ও ছাত্রশিবির কাউকেই ক্যাম্পাসে পেশিশক্তির রাজনীতি করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই না; আমরা চাই সন্ত্রাসমুক্ত, শিক্ষার্থীবান্ধব ও গঠনমূলক ছাত্ররাজনীতি। ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতির অবসান চাই, কিন্তু ছাত্ররাজনীতির নয়।

ছাত্রশিবিরের উদ্দেশে তিনি বলেন, এখন আর দমন-পীড়নের সেই পরিবেশ নেই। তাই গুপ্ত রাজনীতি ছেড়ে প্রকাশ্যে এসে গণতান্ত্রিক ছাত্ররাজনীতি করতে হবে। কমিটি বহাল রেখে গোপন রাজনীতি চালালে তা গ্রহণযোগ্য হবে না।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদমান আব্দুল্লাহ বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছে দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। গতকাল সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।


তিনি বলেন, এর পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা রয়েছে। নির্বাচিত সরকারের অধীনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্থিতিশীল থাকবে বলে আশা করা হলেও প্রশাসন এখনও ঘুমন্ত অবস্থায় রয়েছে।

সাদমান আব্দুল্লাহ বলেন, রাজনীতির নামে যারা গুপ্তগিরি করছে কিন্তু সামনে আসছে না, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রীয় পদক্ষেপ নিতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি বা মব চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ছাত্রদল  ছাত্রশিবির  রাজনীতি  ছাত্র অধিকার পরিষদ  ছাত্র রাজনীতি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: