প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৪১ পিএম
ফরিদগঞ্জ থানা। ছবি : সংগৃহীতচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় লোকমুখে নাতির মৃত্যুর খবর শুনে আফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার (২৫ এপ্রিল) ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, গতকাল উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আফিয়া বেগম ওই গ্রামের আরশাদ পাটওয়ারীর স্ত্রী।
নুরপুর গ্রামে ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম নবী খোকন জানান, শুক্রবার রাতে বাড়ির পাশে নির্জন স্থানে ধূমপান করছিলেন রিফাত। এ সময় তারই সমবয়সি কিশোর স্থানীয় মোহাম্মদ নাসির হোসেনের ছেলে মোহাম্মদ নাঈম ধূমপানের ভিডিও ধারণ করে হুমকি দেন, ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেবেন এবং রিফাত স্বজনদের দেখাবেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এই ঘটনার জেরে রাতে নাঈমের পক্ষ হয়ে একদল কিশোর রিফাতকে বেধড়ক মারধর করে। এ সময় স্থানীয়দের মধ্যে রিফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। লোকমুখে নাতির মৃত্যুর খবর শুনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন নানি আফিয়া বেগম। দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তিনি। সেখানে পৌঁছামাত্র জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন আফিয়া বেগম।
পরে স্থানীয়রা নানি ও নাতি উভয়কে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত হোসেন সিয়ামকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ওসি মো. হেলাল উদ্দিন বলেন, আফিয়া বেগমের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তিনি নাতির মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে মারা গেছেন। যদিও নাতি রিফাত হোসেন সিয়াম মারা যাননি, তিনি চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফআর