পবিত্র হজ পালন করতে গিয়ে সিরাজুল ইসলাম (৬৫) নামে সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে সিরাজুল ইসলামের ছেলে এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত সিরাজুল ইসলাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা গ্রামের বাসিন্দা ও মৃত মর্জত আলী প্রধানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার মক্কা নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন সিরাজুল ইসলাম। এর আগে সিরাজুল ইসলামের লোকজন তিনি হারিয়ে গিয়েছেন, এ মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি দেন। সিরাজুল ইসলামের পরিচিত লোকজন রোববার সকালে সৌদি আরবের মক্কা নগরীর একটি হাসপাতালে সিরাজুল ইসলামের মরদেহটি শনাক্ত করেন।
সিরাজ উদ্দিনের ছেলে এনামুল হক পারভেজ বলেন, আমার বাবা গত ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করেন। গত শুক্রবার নামাজ শেষে বায়তুল্লাহ শরীফ তাওয়াফ শেষে হোটেলে ফেরার পথে পা পিছলে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে সেখানকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। রোববার সকালে খবর আসে বাবা মারা গেছেন। সকালে বাবার সহযাত্রীরা গিয়ে মক্কা নগরীর একটি হাসপাতালে মরদেহটি শনাক্ত করেন।
তিনি আরও বলেন, রোববার আছরের নামাজের পর নামাজে জানাজা শেষে তাকে মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করা হয়েছে।
সময়ের আলো/আআ