নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার হাওরের বিভিন্ন স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় এক নারী আহত হন। সোমবার (২৭ এপ্রিল) সকালে ও দুপুরে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ জেলা সদরের আকনাদিঘীর গ্রামের অফিকুল মণ্ডলের ছেলে শুভ মণ্ডল (২৮), নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের নেকবর খার ছেলে মোনায়েম খা পালন (৫০) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাতপুর এলাকার ধনু নদীতে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মোতালিব (৫৫) নিহত হন। একই দিন দুপুরে উপজেলার কোনাইল হাওড়ে ধান কাটতে গিয়েছিল মোনায়েম। আকাশের অবস্থা খারাপ দেখে মোনায়েম বাড়ি চলে আসার সময় রাস্তায় বজ্রপাতে তার মৃত্যু হয়। এছাড়াও উপজেলার কৃষ্ণপুর ছায়ার হাওড়ে সিরাজগঞ্জ থেকে আসা শ্রমিক শুভ মণ্ডল জমিতে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। তবে আহত নারীর নাম জানা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম জানান, হাওড়ে তিনজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। মৃতদেহ তাদের স্বজনদের নিকট পাঠানোর ব্যবস্থা চলছে। বজ্রপাতে নিহতের পরিবারকে স্ব-স্ব উপজেলা থেকে সরকারি ত্রাণ তহবিল থেকে শুকনা খাবার ও আর্থিক অনুদান দেওয়া হবে।
সময়ের আলো/জোই