হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। অপর দিকে একই সময়ের বানিয়াচং উপজেলায় বাড়ির পাশে খলা থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন আরেকজন।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন গড়দার হাওরে এবং বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মকছুদ আলী (৪০) নিজ জমিতে ধান কাটার সময় বজ্রপাতে আক্রান্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি নোয়াগাঁও গ্রামের ছাবর উল্লার ছেলে।
এদিকে বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় আব্দুল গফুরের ছেলে আব্দুস সালাম (৩৫) বাড়ির পাশে খলা থেকে ধান আনতে গিয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা মান। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার সাড়া পাওয়া যায় নাই।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মকছুদ আলীর পরিবারটি দরিদ্র। তার পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই