দর্শকশূন্য স্টেডিয়ামে শেষ হওয়ার শঙ্কা কাটিয়ে শেষ মুহূর্তে নতুন মোড় নিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। প্লে-অফ ঘিরে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা- ফাইনালের পাশাপাশি আরও তিনটি ম্যাচে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে শুরু হওয়া প্লে-অফ পর্বের ম্যাচগুলোতেই এই অনুমতি কার্যকর হচ্ছে। অর্থাৎ কোয়ালিফায়ার, দুইটি এলিমিনেটর এবং ফাইনাল- মোট চারটি ম্যাচে দর্শকদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। শুরুতে শুধু ফাইনালের জন্য সীমাবদ্ধ থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বিস্তৃত করা হয়েছে।
ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে এর সঙ্গে একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে- দর্শকদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে, যাতে জ্বালানি সাশ্রয়ের চলমান জাতীয় উদ্যোগ ব্যাহত না হয়।
আরও পড়ুন
প্লে-অফের সূচনা ম্যাচে করাচিতে মুখোমুখি হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি। এরপরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। এলিমিনেটর পর্বে অংশ নিচ্ছে মুলতান সুলতান্সসহ অন্যান্য দল, যেখানে ফাইনালে ওঠার লড়াই হবে ধাপে ধাপে।
মূলত আঞ্চলিক ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও সাম্প্রতিক জ্বালানি সংকট ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে টুর্নামেন্ট সীমিত করা হয় করাচি ও লাহোরে। এমনকি এক পর্যায়ে পুরো আসর দর্শকশূন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হয়।
শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসে দর্শকদের জন্য গ্যালারি খুলে দেওয়ায় টুর্নামেন্টের উত্তেজনা নতুন মাত্রা পেল।
এএডি/