দেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির ধারাবাহিকতায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারমাণবিক সহযোগিতা এবং চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এছাড়া ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনও বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
এদিকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্পে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। মঙ্গলবার বিকেলে প্রকল্পটির প্রথম ইউনিটে শুরু হচ্ছে ‘ফুয়েল লোডিং’ কার্যক্রম, যা বিদ্যুৎ উৎপাদনের দিকে বড় একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ঐতিহাসিক এই মুহূর্ত উপলক্ষে রূপপুর প্রকল্প এলাকায় বিশেষ আয়োজন রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে এতে অংশ নিচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম এবং রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি ভিডিও বার্তার মাধ্যমে এই অগ্রগতির সঙ্গে যুক্ত থাকবেন বলে জানা গেছে।
এএডি/