দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার ঝুঁকির প্রেক্ষাপটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দর এলাকায় নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগের দিন সোমবার সকাল থেকেই বিমানবন্দরের ভেতর ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে কঠোর তল্লাশি চালানো হচ্ছে এবং নিয়মিত টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।
আরও পড়ুন
বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন কার্যকলাপ রোধে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে এখনো কোনো লিখিত নির্দেশনা পাওয়া যায়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার ভিত্তিতেই এই নিরাপত্তা সতর্কতা কার্যকর করা হয়েছে।
তিনি আরও জানান, যাত্রী ও বিমান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
এএডি/