ঢাকা শহরে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নিরাপদ পানি ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকায় বর্তমানে নিরাপদ পানির প্রধান উৎস গভীর নলকূপ, যা ভূগর্ভস্থ পানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল। তার মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে পানির স্তর আরও নিচে নেমে গিয়ে বড় সংকট তৈরি হতে পারে।
তিনি বলেন, ‘ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বিকল্প উৎসের দিকে যেতে হবে। এখনই না ভাবলে ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
আরও পড়ুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ এবং পরিশোধনের মাধ্যমে তা ব্যবহারের সুযোগ রয়েছে। পাশাপাশি হাতিরঝিলের পানি শোধন করে ব্যবহার, আশুলিয়ার পানির উৎস সংরক্ষণ এবং ঢাকার আশপাশের নদীর পানি ব্যবহারের বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, এখন সময় এসেছে ভূগর্ভস্থ পানির পরিবর্তে পৃষ্ঠস্থ পানির (সারফেস ওয়াটার) ব্যবহার বাড়ানোর। পুরোনো চিন্তা থেকে বের হয়ে নতুন পরিকল্পনার মাধ্যমে পানি ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে। একইসঙ্গে বৃষ্টির পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।
তার মতে, ‘বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন নিরাপদ পানি নিশ্চিত করা, বিশেষ করে ঢাকায় এই সংকট আরও তীব্র। শুধু উন্নয়ন নয়, মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের মানুষ পরিবর্তন আনতে সক্ষম। সঠিক পরিকল্পনার মাধ্যমে পানি সংকটসহ যেকোনো সমস্যার সমাধান সম্ভব।’
এএডি/