জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার শরীরে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সারজিস আলম মূলত মূত্রনালীর পাথরজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকরা তার অবস্থা পর্যালোচনা করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যার পর অস্ত্রোপচার শুরু হয়ে সফলভাবে শেষ হয়।