সকালের আকস্মিক মুষলধারে বৃষ্টিতে আবারও অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকার জনজীবন। ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে সড়কে যান চলাচল ধীর হয়ে যায়, তৈরি হয় জলাবদ্ধতা, আর এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
বুধবার (২৯ এপ্রিল) রাতের মেঘলা আকাশ ভেঙে ভোরে শুরু হয় বৃষ্টি। শুরুতে হালকা পরিবেশ থাকলেও কিছুক্ষণের মধ্যেই তা রূপ নেয় টানা বর্ষণে। অফিসগামী যাত্রী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ- সবাই পড়েন দুর্ভোগে।
এক যাত্রী বলেন, সকালে বৃষ্টি দেখে স্বস্তি লাগলেও পরে যানজট আর পানিতে রাস্তায় চলাই কঠিন হয়ে পড়ে। অন্যদিকে দিনমজুর ও রিকশাচালকদের অবস্থা আরও কঠিন হয়ে যায়। জীবিকার তাগিদে ভিজেই কাজে বের হতে হচ্ছে তাদের।
আরও পড়ুন
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাত একদিনে শেষ হচ্ছে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন আবহাওয়া আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং তা ৫ মে পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সময় হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও টানা বৃষ্টির কারণে শহর ও গ্রামীণ এলাকায় জলাবদ্ধতা এবং যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থেকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এএডি/