দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার নতুন চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি ভিন্নভাবে প্রস্তুত করছেন। ভারতের কেরালার ঘন জঙ্গলে প্রতিদিন দীর্ঘ সময় ধরে শারীরিক ও অ্যাকশন প্রশিক্ষণ নিচ্ছেন এই তারকা, যা নিয়ে ইতোমধ্যে আলোচনায় নেটদুনিয়া।
নারী-কেন্দ্রিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র মাইসার শুটিংকে কেন্দ্র করে টানা কয়েক মাস ধরে কঠোর রুটিন মেনে চলছেন রাশমিকা। জানা গেছে, প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে তিনি জঙ্গলের ভেতরে শারীরিক কসরত ও স্টান্ট অনুশীলনে ব্যস্ত থাকছেন।
চরিত্রের প্রয়োজনে এবার গ্ল্যামারাস ইমেজের বাইরে গিয়ে একেবারে যোদ্ধার ভূমিকায় নিজেকে গড়ে তুলছেন তিনি। হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট, অ্যাকশন ব্লকিং থেকে শুরু করে জটিল স্টান্ট- সবকিছুতেই দক্ষতা অর্জনের জন্য নিরলস পরিশ্রম করছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন
পরিচালক রাওয়িন্দ্রা পুল্লের নির্দেশনায় সিনেমাটির প্রতিটি অ্যাকশন দৃশ্য বাস্তবসম্মতভাবে উপস্থাপন করতেই এই বিশেষ প্রশিক্ষণ চলছে। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এই ছবিতে রাশমিকাকে এমন এক রূপে দেখা যাবে যা তার আগের কোনো চরিত্রের সঙ্গে তুলনীয় নয়।
সিনে বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে বলিউড ও দক্ষিণী সিনেমায় নারী-কেন্দ্রিক শক্তিশালী চরিত্রের যে অভাব ছিল, ‘মাইসা’ সেই জায়গা পূরণ করতে পারে। এখানে শুধু অভিনয় নয়, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কেরালার দুর্গম বনাঞ্চলে চলমান এই শুটিং ও প্রশিক্ষণের কিছু দৃশ্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে রাশমিকার নতুন অ্যাকশন লুক নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
এএডি/