সিলেটে ৭৭৫ কিলোমিটার খাল পুনঃখননে কৃষিতে ফিরছে প্রাণ

দিপু সিদ্দিকী, সিলেট

সারাদেশ

সিলেটের হাওর ও সমতলে কৃষির চিরায়ত দৃশ্যপটে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে সেচের হাহাকার-

2026-04-29T14:11:35+00:00
2026-04-29T14:13:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে ৭৭৫ কিলোমিটার খাল পুনঃখননে কৃষিতে ফিরছে প্রাণ
দিপু সিদ্দিকী, সিলেট
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:১১ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ২:১৩ পিএম
৭৭৫ কিলোমিটার খাল পুনঃখনন। ছবি : সময়ের আলো
সিলেটের হাওর ও সমতলে কৃষির চিরায়ত দৃশ্যপটে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে সেচের হাহাকার- এই দুই অভিশাপ থেকে মুক্তির এক মহাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে এই জনপদে। 

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর যৌথ উদ্যোগে শুরু হওয়া ৭৭৫ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্প যেন মৃতপ্রায় সিলেটের কৃষিতে নতুন প্রাণের স্পন্দন নিয়ে আসছে।

স্থানীয়রা বলছেন, এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে কেবল ফসলের মাঠই সবুজ হবে না, বরং বদলে যাবে গ্রামীণ অর্থনীতির পুরো মানচিত্র।

বিএডিসি ও পাউবো সূত্রে জানা গেছে, এই বিশাল কর্মযজ্ঞের আওতায় বিএডিসি ৩২৫ কিলোমিটার এবং পাউবো ৪৫০ কিলোমিটার খাল পুনঃখননের দায়িত্ব পালন করছে। 

বিএডিসি সিলেট অঞ্চলের প্রকল্প পরিচালক প্রনজিত কুমার দেব জানান, তাদের ৩২৫ কিলোমিটারের মধ্যে ২০৯ কিলোমিটার নিষ্কাশন খাল এবং ১২৫ কিলোমিটার সেচ খাল। এই সেচ খালগুলো সচল হলে ৮ হাজার ২৫০ হেক্টর জমি নতুন করে সেচের আওতায় আসবে।

অন্যদিকে, নিষ্কাশন ব্যবস্থার অভাবনীয় উন্নয়নে প্রায় সাড়ে ২২ হাজার হেক্টর এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর হবে।


প্রকল্পের নকশা অনুযায়ী, কেবল খাল খননেই এই উদ্যোগ সীমাবদ্ধ নয়। খালের দুপাড়ে প্রশস্ত রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা কৃষকের ফসল পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এক সময় যেখানে মাথার বোঝা হয়ে ফসল বাজারে নিতে হতো, সেখানে এখন চলবে যান। এমনকি বর্ষায় এই খালগুলো ব্যবহার করে নৌকাযোগে স্বল্প খরচে ফসল আনা-নেওয়া করা যাবে। এছাড়া খালের পাড়ে অতিরিক্ত ৩ হাজার হেক্টর পতিত জমি আবাদের আওতায় আসবে, যা স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে।

প্রকল্পের সুফল নিয়ে পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, পানি প্রবাহ স্বাভাবিক হলে কেবল ধানের উৎপাদনই বাড়বে না, বরং মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের অভয়ারণ্য তৈরি হবে। এতে আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি মৎস্যজীবীদের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

প্রকল্পের সুফল ভোগকারী কৃষকদের চোখে-মুখে এখন উজ্জ্বল আগামীর স্বপ্ন। গোয়াইনঘাটের কৃষক আব্দুল হান্নান বলেন, খাল খনন হলে আমাদের জমি আর খালি পড়ে থাকবে না। বর্ষায় পানি নামবে, আর খরায় সেচ পাবো।

সিলেট সদর উপজেলার কৃষাণী সালমা বেগমও উচ্ছ্বসিত হয়ে জানান, খালের পাড়ে সবজি চাষ করে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছি।

তবে এই বিশাল উদ্যোগের সুফল যেন কোনোভাবেই ভেস্তে না যায়, সেজন্য কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন স্থানীয়রা। 

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, উদ্যোগটি প্রশংসনীয়, তবে কাজ যেন কাগজে-কলমে না থেকে বাস্তবসম্মত হয় এবং কৃষকের প্রকৃত উপকারে আসে, তা নিশ্চিত করতে হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সিলেটে  খাল পুনঃখনন  কৃষি  প্রাণ  হাওর  বিএডিসি  পানি উন্নয়ন বোর্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: