ঝালকাঠি শহরের অবকাঠামোগত দুর্বলতার আরেকটি চিত্র ফুটে উঠছে কবিরাজ বাড়ি সড়কে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যায় সড়কের প্রবেশমুখ, ফলে প্রতিদিনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকায় অবস্থিত এই সড়কটি শহরের গুরুত্বপূর্ণ পথগুলোর একটি। আশপাশে রয়েছে সরকারি কৃষি সংশ্লিষ্ট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। কিন্তু উন্নত ড্রেনেজ ব্যবস্থার অভাবে বৃষ্টি নামলেই পানি জমে রাস্তাটি অচল হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এমন দুরবস্থা হতাশাজনক। তাদের অভিযোগ, টেকসই সমাধানের বদলে দৃশ্যমান কিছু কাজ করে দায় এড়ানোর প্রবণতা রয়েছে কর্তৃপক্ষের মধ্যে।
আরও পড়ুন
এই সড়ক ব্যবহার করেন সরকারি কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। কিন্তু জলাবদ্ধতার কারণে তাদের নিয়মিত ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক সময় চলন্ত যানবাহনের চাকায় জমে থাকা পানি ছিটকে পথচারীদের পোশাক নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে।
বিশেষ করে শিশু শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে ওঠে, কারণ পানি এড়িয়ে চলার মতো বিকল্প পথ নেই। এতে করে শিক্ষা কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।
পৌরসভার প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ঝালকাঠি পৌরসভার সড়ক উন্নয়নে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন ও বরাদ্দ পেলেই যথাযথ নিয়মে উন্নয়ন কাজ শুরু করা হবে।
এএডি/