সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারা দেশে রাস্তা মেরামত ও সংস্কারে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন হবে।
বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে বিভিন্ন সড়ক প্রকল্প নিয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ‘বিগত সরকারের সময়ে অবকাঠামো খাতে অনেক ব্যয় দেখানো হয়েছে কিন্তু বাস্তবে জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের অবস্থা এখনো নাজুক।’
সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের দাবি তুললে জবাবে মন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অবকাঠামো খাতে অনেক ব্যয়ের কথা বলা হলেও বাস্তবায়ন করা হয়নি। আমাদের জাতীয় মহাসড়ক বলেন, আঞ্চলিক মহাসড়ক বলেন এবং জেলা মহাসড়ক বলেন, তার অবস্থা জরাজীর্ণ এটা সত্য।’
তবে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার বিষয়টি উল্লেখ করে পরিবহনমন্ত্রী বলেন, ‘আপনি নিশ্চয়ই রাষ্ট্রের আর্থিক সক্ষমতা জানেন। আমার জানামতে ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার মতো এই মন্ত্রণালয় বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিগত দিনের হিসাবে।’
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে যেসব প্রকল্প একান্তই দরকার, সেগুলোকে চিহ্নিত করে মাননীয় মেম্বার অব পার্লামেন্ট এখানে সব দলের যাঁরা আছেন, তাঁদের মতামতের ভিত্তিতে সরকার নিশ্চয়ই আগামী দিনের বাজেটে এই প্রকল্পগুলো আনবে।’
/কেএইচও