সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে এজলাসে তোলার সময় টেনশন না করতে বলা কনস্টেবল জামাল ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনকে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েছে ট্রাইব্যুনাল।
বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে দুই কনস্টেবলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয় যে, ২৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেয়ার পথে ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল জামাল ও কনস্টেবল সোলাইমান বিভিন্ন ধরনের শৃঙ্খলা বহির্ভূত আলাপ আলোচনা করেছেন। এই মর্মে ধারণকৃত ভিডিও ফুটেজে দৃশ্যমান তাদের শৃঙ্খলা বহির্ভূত আচরণে ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নসহ বিচারিক কার্যক্রমে হুমকির সৃষ্টি হয়েছে।
এমতাবস্থায়, কনস্টেবল জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেন দ্বয়ের বিপক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণক্রমে অত্র ট্রাইব্যুনালকে অবগত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সময়ের আলো/আআ