দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করবে

সম্পাদকীয়

মতামত

দেশে এখন বিদ্যুতের সংকট চলছে। যে কারণে প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে লোডশেডিং চলছে । এই লোডাশেডিংয়ের মধ্যে আশার

2026-04-30T04:57:13+00:00
2026-04-30T04:57:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
মতামত
পারমাণবিক ক্লাবে ঐতিহাসিক যাত্রা
দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করবে
সম্পাদকীয়
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৫৭ এএম 
গ্রাফিক : সময়ের আলো
দেশে এখন বিদ্যুতের সংকট চলছে। যে কারণে প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে লোডশেডিং চলছে । এই লোডাশেডিংয়ের মধ্যে আশার কথা- বাংলাদেশের জন্য একটি নতুন যুগের সূচনা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে। গত মঙ্গলবার পাবনা জেলার রূপপুরে নিরাপত্তা ও গুরুত্বের সঙ্গে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি সম্পন্ন হয়, যা দেশের জ্বালানি খাতে এক বিশাল অগ্রগতি নির্দেশ করে। এটি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। 

কারণ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানচিত্রে নিজের স্থান করে নিল। জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে এ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হবে। অনুমোদিত নিরাপত্তা কার্যপ্রণালি মেনে, রাশিয়ান ফেডারেশনের (রোসাটম) বিশেষজ্ঞদের সরাসরি সহায়তায় রূপপুর প্রকল্পের জন্য প্রশিক্ষিত ও যোগ্য বাংলাদেশি অপারেটর এবং ফুয়েল হ্যান্ডলাররা এই লোডিং প্রক্রিয়া সম্পন্ন করছেন।

দৈনিক সময়ের আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এই জ্বালানি লোডিং প্রক্রিয়া দেশের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপ। এর মাধ্যমে চুল্লিতে (রিঅ্যাক্টর) ইউরেনিয়াম ফুয়েল স্থাপন করা হয়, যা তাপ উৎপাদনের মাধ্যমে পানি বাষ্পে রূপান্তরিত হয়। এই বাষ্প টারবাইন চালিত করে বিদ্যুৎ উৎপাদন হয়। সবকিছু ঠিক থাকলে আগস্টের মধ্যে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে এক বড় ধাপ এগিয়ে যাবে ।’

প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ শক্তি স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রসি ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের এ মহৎ অর্জনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই প্রকল্প বৈশ্বিক পারমাণবিক শক্তির নিরাপদ ব্যবহারে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

বিশ্লেষকদের মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই প্রথম ধাপের সফল কার্যক্রম দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে শক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রকল্পের পুরো কাজটি আন্তর্জাতিক মানদণ্ডে সম্পন্ন হওয়ায় নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করবে, যা দেশের চাহিদার বড় অংশ পূরণে সহায়ক হবে।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের এই অগ্রগতি সম্ভব হয়েছে রাশিয়ার সহযোগিতায়। রোসাটমের অধীনে নির্মিত এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক শক্তির নিরাপদ ব্যবহারে নতুন এক দিগন্তে পা রাখল। ভবিষ্যতে এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের শিল্প, কৃষি ও সাধারণ জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আনবে, পাশাপাশি দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এ প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ মেগাওয়াটের ২টি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট।

এই ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশের স্বপ্নের আলো আরও উজ্জ্বল হয়ে উঠছে, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি ও নিরাপত্তার সমন্বয়ে গড়ে উঠছে এক স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। ভবিষ্যৎ নিশ্চিত করে বলা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই অগ্রগতি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে এক মহাসড়ক হিসেবে কাজ করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সফল ও দ্রুত বাস্তবায়ন দেশের জ্বালানি নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে, এটাই আমাদের প্রত্যাশা।

সময়ের আলো/আআ



  বিষয়:   পারমাণবিক  শক্তি  ইউরেনিয়াম  বিদ্যুৎকেন্দ্র 


Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: