মান ও কর্মসংস্থানে দূর করতে হবে ঘাটতি

সম্পাদকীয়

মতামত

দেশে শিক্ষার প্রসার ঘটেছে। প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা শেষ করার হার গত তিন দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে মেয়েদের

2026-11-29T06:25:11+00:00
2026-11-29T06:25:11+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
মতামত
শিক্ষায় অগ্রগতি
মান ও কর্মসংস্থানে দূর করতে হবে ঘাটতি
সম্পাদকীয়
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:২৫ এএম 
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো
দেশে শিক্ষার প্রসার ঘটেছে। প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা শেষ করার হার গত তিন দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে মেয়েদের শিক্ষায় অগ্রগতি আশাব্যঞ্জক। তবে এই সাফল্যের পাশাপাশি কিছু উদ্বেগের জায়গাও রয়েছে। উচ্চ মাধ্যমিকে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। শিক্ষার মান নিয়েও প্রশ্ন রয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা শিক্ষায় এগিয়ে আছে। কিন্তু নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সেই সাফল্যের প্রতিফলন ঘটছে না। শিক্ষার অগ্রগতির সুফল পেতে হলে এসব সমস্যা সমাধান করতে হবে।

ইউনেস্কোর ২০২৬ সালের বৈশ্বিক শিক্ষা পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ১৯৯০ সালে প্রাথমিক শিক্ষা শেষ করার হার ছিল ৩৪ শতাংশ। ২০২৪ সালে এই হার বেড়ে ৯০ শতাংশ হয়েছে। নিম্ন মাধ্যমিকে এই হার ২৩ থেকে বেড়ে ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে এটি বড় অর্জন। মেয়েদের উপবৃত্তি, ঝরেপড়া রোধে বিভিন্ন কর্মসূচি, বাল্যবিয়ে কমা এবং নারীর কর্মসংস্থানের সুযোগ বাড়ার কারণে এই অগ্রগতি হয়েছে। 

তবে উচ্চ মাধ্যমিকের চিত্র সন্তোষজনক নয়। অনেক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক স্তরে পৌঁছাতে পারছে না। অনেক পরিবার সন্তানকে পড়াশোনার বদলে কাজে পাঠাতে বাধ্য হয়। মেয়েদের ক্ষেত্রে বাল্যবিয়ে ও নিরাপত্তাহীনতা এখনও বাধা। অন্যদিকে পাঠদানে দুর্বলতা ও শেখার ঘাটতির কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনায় আগ্রহ হারায়। এসব কারণ দূর না করে শুধু ভর্তি বাড়িয়ে ঝরেপড়া ঠেকানো যাবে না।

শিক্ষায় ধারাবাহিকভাবে মেয়েদের এগিয়ে থাকার খবরটি ভালো। তবে ছেলেরা কেন পিছিয়ে পড়ছে, তা খতিয়ে দেখতে হবে। মেয়েদের অগ্রগতি ধরে রাখার পাশাপাশি ছেলেদের শিক্ষায় উন্নতি ঘটাতে হবে। শিক্ষার সুযোগের প্রশ্নে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে সেটা নিশ্চিত করতে হবে।

মেয়েরা শিক্ষায় এগোচ্ছে। প্রশ্ন হচ্ছে, কর্মক্ষেত্রে কি তারা সমান সুযোগ পাচ্ছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের জেন্ডার সমতা সূচকে বড় পতন হয়েছে। শ্রমশক্তিতে পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ অনেক কম। কর্মক্ষেত্রে জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবস্থাপক পর্যায়ে নারীর উপস্থিতি নগণ্য। শিক্ষিত নারীর সংখ্যা বাড়লেও তাদের দক্ষতা ও যোগ্যতা কাজে লাগানোর যথেষ্ট সুযোগ তৈরি হয়নি। শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে এই ব্যবধান দূর করতে হবে।

শিক্ষার মান নিয়েও উদ্বেগ রয়েছে। পরীক্ষায় পাসের হার বাড়লেই শিক্ষার মান বাড়ে না। উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ৯০ শতাংশের বেশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। এই তথ্য শিক্ষাব্যবস্থার বড় দুর্বলতার দিকে ইঙ্গিত করে। শিক্ষার্থীরা কতটা শিখছে, কতটা বুঝতে পারছে এবং বাস্তব জীবনে সেই জ্ঞান কতটা কাজে লাগাতে পারছে, সেটিই শিক্ষার মান যাচাইয়ের প্রধান মাপকাঠি হওয়া উচিত। শুধু পরীক্ষার ফল ভালো দেখানোর জন্য পাঠ্যক্রম বা মূল্যায়ন পদ্ধতি সহজ করা ঠিক নয়।

শিক্ষার অগ্রগতি ধরে রাখতে হলে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা সহায়তা বাড়াতে হবে। শিশুশ্রম ও বাল্যবিয়ে বন্ধে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করা জরুরি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যেন নিজের যোগ্যতা বিকাশের সুযোগ পায় সেই লক্ষ্যে কাজ করতে হবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   মান  কর্মসংস্থান  শিক্ষায় অগ্রগতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: