
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টেস্ট পরীক্ষা চলছে। এবার প্রায় ৯০টি প্রশ্নপত্র দেখেছি। আমি যেহেতু ইংরেজির শিক্ষক, তাই ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নগুলোই মূলত দেখেছি। প্রশ্নপত্রগুলোতে এত বানান ভুল, নম্বরের ভুল, বিষয়বস্তুর ভুল, গঠনগত ত্রুটি, অপ্রাসঙ্গিক শব্দ ও বাক্যাংশ, অস্পষ্ট ছাপা এবং বিদঘুটে প্রশ্ন দেখেছি যে, বিস্মিত হয়েছি। কোথাও সৃজনশীলতার ছোঁয়া চোখে পড়েনি। কেউ কেউ সৃজনশীল প্রশ্ন করতে গিয়ে এমন জটিল ও অসংলগ্ন প্রশ্ন তৈরি করেছেন, যার মাধ্যমে শিক্ষার্থীদের কী মূল্যায়ন করা হচ্ছে তা বোঝার উপায় নেই।
শূন্যস্থান পূরণের জন্য দেওয়া শব্দগুলোর দুয়েকটি ছাড়া আর কোনোটি প্রাসঙ্গিক নয়। আবার টেবিল তৈরির ক্ষেত্রে প্রথম কলামের সঙ্গে দ্বিতীয় বা তৃতীয় কলামের কোনো মিল নেই। এ অবস্থায় শিক্ষার্থীরা অনুমানের ভিত্তিতে যা ইচ্ছা লিখে আসবে। তাদের মূল্যবান সময় নষ্ট হবে, অথচ শেখার বা মূল্যায়নের কোনো উদ্দেশ্যই পূরণ হবে না।
দেশের ক্যাডেট কলেজ, সেনা নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা স্কুলগুলোকে সাধারণত আদর্শ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। তাই এসব প্রতিষ্ঠানের প্রশ্নপত্রই বেশি দেখেছি। প্রশ্নপত্র নিয়ে কাউকে কিছু বলতে গিয়ে এমন কথাও শুনেছি, ‘বোর্ডের প্রশ্নেও তো কত ভুল থাকে।’ বোর্ডের প্রশ্ন তৈরির পদ্ধতি ও নিরাপত্তা ব্যবস্থার জটিলতা বিবেচনায় সেখানে কিছু ভুল থাকা অস্বাভাবিক নয়।
কিন্তু নিজ প্রতিষ্ঠানের জন্য সীমিতসংখ্যক প্রশ্ন তৈরি করতে গিয়ে যদি আমরা এত ভুল করি, তা হলে শিক্ষার্থীদের কী উপদেশ দেব? কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘জেলা স্কুলের প্রশ্ন এমন হবে?’ আমি শুধু বলেছি, এখনকার জেলা স্কুল আর আমাদের সময়ের জেলা স্কুল এক নয়। এখন অনেক জেলা স্কুলেই প্রাইভেট পড়ানোর প্রবণতা বেড়েছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নেই, বাড়িতে বেশি সময় কাটাচ্ছে। জবাবদিহি থাকলে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের এমন অবস্থা হওয়ার কথা নয়।
প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র বিষয় শিক্ষককে কয়েকবার পড়ে দেখতে হবে। সব ধরনের ভুলত্রুটি সংশোধন করে তারপর তা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা প্রয়োজন। বিষয়টি প্রত্যেক শিক্ষকের নিজের দায়িত্ব বলে মনে করা উচিত। তা না হলে মূল্যায়নের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।
একটি ছোট অনুচ্ছেদে কয়েকটি শব্দের জায়গায় ফাঁকা রাখা হয়েছে। কোথাও একটি অক্ষর, কোথাও দুটি অক্ষর, কোথাও প্রথম অক্ষর, আবার কোথাও মাঝের বা শেষের অক্ষর দেওয়া হয়েছে। বাকি অংশ শিক্ষার্থীদের পূরণ করতে হবে। ফলে শিক্ষার্থীরা শব্দগুলো উদ্ধার করতেই ব্যস্ত থাকবে। একজন শিক্ষক হয়েও অনেক চেষ্টা করে আমি বেশ কিছু শব্দ উদ্ধার করতে পারিনি।
কারণ অনুচ্ছেদের বিষয়বস্তুর সঙ্গে সম্ভাব্য শব্দগুলোর কোনো মিল খুঁজে পাইনি। একটি শব্দই যদি বোঝা না যায়, তা হলে পরের শূন্যস্থান কীভাবে পূরণ করবে শিক্ষার্থীরা? পরীক্ষার হলে তারা এমনিতেই মানসিক চাপে থাকে। তার ওপর এ ধরনের অসংলগ্ন প্রশ্ন তাদের আরও বিভ্রান্ত করবে। বিশেষ করে যাদের শব্দভান্ডার দুর্বল, তাদের পক্ষে এসব প্রশ্নের উত্তর দেওয়া কঠিন।
এমন ভুল একটি-দুটি নয়, পুরো প্রশ্নপত্রেই ভুলের ছড়াছড়ি। মনে হয়েছে, প্রশ্ন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা রক্ষা করতে তাড়াহুড়ো করে এগুলো তৈরি করা হয়েছে। বিষয় শিক্ষক যেমন ভালোভাবে দেখেননি, তেমনি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষও যথাযথ তদারকি করেনি। এ অবস্থায় দায় কার? এভাবে তো শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন হয় না। তারা এলোমেলোভাবে কিছু লিখে আসে, বাস্তবেও তাই করছে।
তিনটি কলামের টেবিল থেকে বাক্যাংশ নিয়ে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করার একটি নিয়ম রয়েছে। কিন্তু প্রশ্নপত্রে দেখা গেছে, একটি বা দুটি বাক্যাংশের পর আর কোনো মিল পাওয়া যাচ্ছে না। এ ধরনের ভুল শুধু সাধারণ মানের শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, অনেক নামিদামি প্রতিষ্ঠানেও ঘটেছে। কোনো সমস্যা হলেই আমরা সরকারকে দোষ দিই। কিন্তু নিজের দায়িত্ব কতটা পালন করছি, তা খতিয়ে দেখি না। নিজের প্রতিষ্ঠানের, নিজের বিষয়ের প্রশ্নপত্রের যদি এই অবস্থা হয় এবং একাডেমিক প্রধান ও প্রতিষ্ঠানপ্রধান যদি তা দেখার প্রয়োজন মনে না করেন, তা হলে শুধু বোর্ডের প্রশ্ন, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পুরো শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে কী লাভ?
কেউ কেউ আমাকে বলেছেন, ‘আপনিও তো ক্যাডেট কলেজে ছিলেন। সেখানকার প্রশ্নপত্রেরও এমন অবস্থা?’ আমি বলেছি, যাদের কারণে এ ধরনের ভুল হয়, তাদের কোনো না কোনো শাস্তি পেতে হয়। উত্তরে একজন বলেছেন, ‘শাস্তির পরও এই অবস্থা!’
ইংরেজি দ্বিতীয় পত্রের প্রথম ও তৃতীয় প্রশ্নে যথাক্রমে দশটি শব্দ ও দশটি ক্রিয়াপদ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়। অনেক প্রশ্নপত্রে দেখেছি, দেওয়া শব্দগুলোর মধ্যে একটি বা দুটি ছাড়া আর কোনোটি সংশ্লিষ্ট শূন্যস্থানের সঙ্গে মেলে না। এ অবস্থায় শিক্ষার্থীরা কী করবে? অন্যদিকে কিছু প্রতিষ্ঠান আগের বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন কিংবা পুরোনো টেস্ট পেপার থেকে হুবহু প্রশ্ন তুলে দিয়েছে।
অথচ এগুলোকে নতুন প্রশ্ন বলা যায় না। প্রতিষ্ঠানগুলো কেন এমন করছে? বোর্ডের পরীক্ষাতেও যদি একই কাজ করা হয়, তা হলে শিক্ষার্থীরা শুধু প্রশ্ন কমন পাওয়ার ওপর নির্ভর করবে। যারা কমন পাবে, তাদের ফল ভালো হবে। শিক্ষকের প্রাইভেট পড়ানোর সুযোগ বাড়বে, শিক্ষার্থীরাও ভালো গ্রেড পাবে। কিন্তু প্রকৃত শিক্ষা অর্জন হবে না।
আমরা কি শিক্ষার্থীদের শুধু আগের শেখা শব্দের হুবহু ব্যবহার যাচাই করব? তারা শব্দগুলো কীভাবে শিখেছে এবং নতুন পরিস্থিতিতে কীভাবে ব্যবহার করতে পারে, তা যাচাই করার মতো প্রশ্ন কি তৈরি করা যায় না? অবশ্যই যায়। তা হলে আমরা তা করছি না কেন? সবাইকে আগের বছরের প্রশ্ন তুলে দিতে হবে কেন? আবার কেউ কেউ প্রশ্নে পরিবর্তন আনতে গিয়ে এমন অসংলগ্ন প্রশ্ন তৈরি করেছেন, যার কোনো অর্থই হয় না।
লিখিত অংশেও তেমন কোনো পরিবর্তন চোখে পড়েনি। ৫০ বছর আগে যেভাবে রচনা আসত, এখনও সেভাবেই আসছে— শৃঙ্খলা, শারীরিক ব্যায়ামের প্রয়োজনীয়তা, শ্রমের মর্যাদা ইত্যাদি। অথচ আমরা জানি, কিছু ব্যতিক্রম ছাড়া আমাদের অনেক শিক্ষার্থী নিজেরা দুটি বাক্যও ঠিকভাবে লিখতে পারে না। তাদের যখন ‘বিজ্ঞানের আশীর্বাদ’ কিংবা ‘নিয়মানুবর্তিতা’ বিষয়ে রচনা লিখতে দেওয়া হয়, তখন তাতে আনন্দ থাকে না, নতুনত্ব থাকে না। শিক্ষার্থীরা নিজেরা কিছু শেখার বা চিন্তা করার সুযোগও পায় না।
যেসব শিক্ষার্থী পরীক্ষায় ভালো করতে চায়, তারা কয়েকটি রচনা মুখস্থ করে রাখে। কমন পড়লে ভালো নম্বর পাওয়া যায়। আর কমন পড়েও। কারণ বছরের পর বছর একই ধরনের রচনা ও অনুচ্ছেদ পরীক্ষায় আসে। কোন বছরে কোন রচনা আসতে পারে, কোন বোর্ডে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, তাও অনেকের জানা। এভাবে একই পদ্ধতি যুগের পর যুগ চলছে।
শিক্ষাব্যবস্থায় এত পরিবর্তন ও উন্নতির কথা বলা হলেও প্রশ্নপত্রের ধরন দেখে মনে হয়, শিক্ষার মান ক্রমেই নিচে নামছে। আমাদের সময়ে সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর ছিল ৬ এবং বড় প্রশ্নের নম্বর ছিল ১২। এসব প্রশ্নের উত্তর লিখতে গিয়ে শিক্ষার্থীরা অনেক শব্দ ও বাক্যগঠন শিখত। নিজেরা লিখে নম্বর অর্জন করতে হতো। অন্যের কাছ থেকে উত্তর জেনে নম্বর পাওয়ার সুযোগ ছিল সীমিত। এখন লিখিত অংশের ৩০ নম্বর ছাড়া বাকি প্রশ্নের উত্তর দিতে হয় একটি বা দুটি শব্দে। এসব উত্তর শিক্ষার্থীরা সহজেই একে অপরের সঙ্গে বিনিময় করতে পারে, করেও। ফলে কে নিজের যোগ্যতায় নম্বর অর্জন করেছে আর কে অন্যের সাহায্য নিয়েছে, তা বোঝা কঠিন।
এ অবস্থা চলতে থাকলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আসতে বা পড়াশোনা করতে আগ্রহী হবে কেন? বিদ্যালয়ে নিয়মিত আসার একটি বড় সুফল হলো সামাজিকীকরণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মশৃঙ্খলার মধ্যে বড় হয়, অন্যের সঙ্গে মিশতে শেখে এবং দায়িত্ববোধ অর্জন করে। কিন্তু সেই পরিবেশ ক্রমেই হারিয়ে যাচ্ছে। হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান ও সেনা নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া অনেক জায়গায় শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নেই। আমরা নানা আদর্শের কথা বলছি, কিন্তু শিক্ষার্থীরা শ্রেণিকক্ষেই থাকছে না।
চাঁদপুরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেখেছি, বিদ্যালয়ের ভবন ও ক্যাম্পাস বেশ সুন্দর। কিন্তু শিক্ষকরা হতাশা নিয়ে বলেছেন, ‘স্যার, কাদের পড়াব, আর কী পড়াব?’ একটি শ্রেণিতে ১৩০-১৪০ জন শিক্ষার্থী। অথচ উপস্থিত থাকে এক-তৃতীয়াংশ। টিফিনের পর কোনো কোনো দিন দু-তিনজন থাকে, আবার কোনো দিন একজনও থাকে না। নোয়াখালীর একটি সরকারি কলেজের সহকর্মী জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের একটি শ্রেণিতে ৪০০-৫০০ জন শিক্ষার্থী থাকলেও উপস্থিত থাকে মাত্র ৬-১২ জন। তারা পাঠ্যসূচি জানে না, পরীক্ষার কোন অংশে কত নম্বর তাও জানে না। আজ যারা শ্রেণিকক্ষে আসে, পরদিন তাদের অনেকেই আসে না। ফলে পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয় না।
শুনে অবাক হয়েছিলাম। কিন্তু ঢাকার একটি অভিজাত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে একই চিত্র দেখেছি। কোনো দিন দুই-তিনজন শিক্ষার্থী আসে। বাকিরা ইচ্ছা হলে দুয়েক দিন আসে, না হলে আসে না। শিক্ষকরা এমন পরিস্থিতিতে কীভাবে আনন্দ নিয়ে পড়াবেন? কোন পদ্ধতিতে পাঠদান করবেন?
এ দায় শুধু শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের নয়। এর পেছনে আমাদের সবারই কমবেশি দায় রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ ব্যবহার ও বিশ্বায়নের প্রভাবও রয়েছে। তবে পরিবর্তন আনতে হলে কোনো একটি জায়গা থেকে শুরু করতে হবে। আর সেই শুরুটা হতে হবে ব্যক্তিগত পর্যায় থেকেই।
সুন্দর ও নির্ভুল প্রশ্নপত্র তৈরি করতে পারা এক ধরনের পেশাগত দক্ষতা। প্রত্যেক শিক্ষকের এই দক্ষতা থাকা প্রয়োজন। একটি মানসম্মত, সৃজনশীল ও নির্ভুল প্রশ্নপত্র শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্য ইতিবাচক প্রেরণা হিসেবে কাজ করে। একই সঙ্গে এটি শিক্ষাপ্রতিষ্ঠানের মান ও সুনামের পরিচয় বহন করে। তাই প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ আমাদের নিজেদেরই নিতে হবে।
লেখক : শিক্ষা বিশেষজ্ঞ
(মতামত লেখকের নিজস্ব)
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও