
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো গভীর থেকে গভীরতর হচ্ছে দেশের ব্যাংক খাতের সংকট। খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই এখন খেলাপি। বিষয়টি শুধু ব্যাংক খাতের জন্য নয়, সামগ্রিক অর্থনীতির জন্য বড় বিপদসংকেত।
মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। অবশ্য গত বছরের সেপ্টেম্বরের তুলনায় খেলাপির পরিমাণ কিছুটা কমেছে। তবে তাতে স্বস্তির নিশ্বাস ফেলার জো নেই। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এখন বিশ্বের সর্বোচ্চ। ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব, দুর্বল তদারকি এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
একসময় খেলাপি ঋণের পরিমাণ বেশি ছিল সরকারি ব্যাংকগুলোতে। গত কয়েক বছরে বেসরকারি ব্যাংকগুলোর একটি অংশেও বড় ধরনের অনিয়ম হয়েছে। বিশেষ করে কয়েকটি ব্যাংক নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ব্যাংকিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রভাবশালী ব্যক্তিরা নিয়মনীতি উপেক্ষা করে বিপুল অঙ্কের ঋণ নিয়েছেন। অনেক ক্ষেত্রে বেনামি প্রতিষ্ঠান ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে ঋণ দেওয়া হয়েছে। এসব ঋণের বড় অংশ এখন খেলাপি।
দীর্ঘদিন এসব অনিয়ম আড়াল করা হয়েছে। ঋণ পুনঃতফসিল, বিশেষ ছাড় এবং হিসাবের নানা কৌশলে অনেক খারাপ ঋণকে নিয়মিত দেখানো হয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা যাচাই শুরু হলে সেই চিত্র সামনে আসতে থাকে। যে কারণে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বেড়েছে। সব ঋণ নতুন করে খেলাপি হয়নি, আগে আড়াল করে রাখা অনেক ঋণ এখন হিসাবে এসেছে।
উদ্বেগের বিষয় হচ্ছে, খেলাপি ঋণের প্রায় ৯৩ শতাংশই মন্দ। এসব ঋণ আদায়ের সম্ভাবনা খুব কম। খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতি রাখার কথা। সঞ্চিতির ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাক। এই ঘাটতির কারণে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।
ব্যাংক খাতের এই দুর্বলতার কারণে সাধারণ মানুষের সঞ্চয়, বিনিয়োগ ও কর্মসংস্থানও ঝুঁকিতে পড়েছে। ব্যাংকের আমানতের টাকা মন্দ ঋণে আটকে গেলে নতুন উদ্যোক্তারা ঋণ পান না। তখন উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্ত হয়। কমে যায় বিনিয়োগ। এর চাপ শেষ পর্যন্ত পড়ে পুরো অর্থনীতির ওপর।
ব্যাংক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এক দিনে ব্যাংক খাতের সংকট তৈরি হয়নি। সমাধানও এক দিনে হবে না। সংকট মোকাবিলায় কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ব্যাংকের টাকা জনগণের আমানত। এই টাকা লুটপাটের সুযোগ বন্ধ করা রাষ্ট্রের দায়িত্ব। খেলাপিদের কাছ থেকে ঋণের টাকা কড়ায়গন্ডায় আদায় করতে হবে।
তবে সব ঋণখেলাপিকে একইভাবে বিবেচনা করা ঠিক হবে না। ব্যবসায়িক ক্ষতি বা অর্থনৈতিক মন্দার কারণে যারা ঋণ পরিশোধ করতে পারছেন না, তাদের জন্য বাস্তবসম্মত ব্যবস্থা থাকতে পারে। যারা পরিকল্পিতভাবে ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন তাদের কোনো ছাড় দেওয়া চলবে না।
ঋণ অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে। ঋণ দেওয়ার আগে গ্রাহকের সক্ষমতা যাচাই এবং ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে তদারকি করার সুযোগ দিতে হবে। অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তা ও পরিচালকদেরও জবাবদিহির আওতায় আনা জরুরি।
সময়ের আলো/প্রিন্ট/জেডি