গ্রাফিক : সময়ের আলো দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছে পোশাক শিল্প। এই শিল্পের ওপর নির্ভরশীল প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবন ও জীবিকা। দেশের রফতানি আয়, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ আসে এ খাত থেকে। ন্যূনতম মজুরি নিয়ে সৃষ্ট শ্রমিক অসন্তোষে পোশাক শিল্প এখন বড় সংকটের মুখে পড়েছে। সাম্প্রতিক অস্থিরতায় হাজার হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, বিদেশি ক্রেতাদের আস্থাও কমছে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে তার প্রভাব শুধু পোশাক শিল্পে সীমাবদ্ধ থাকবে না, পুরো অর্থনীতিতে পড়বে।
বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের হিসাবে, চলমান শ্রমিক আন্দোলনে পোশাক শিল্পে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকা। প্রতিদিন উৎপাদন ও রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। কারখানা বন্ধ থাকায় সময়মতো পণ্য তৈরি করা যাচ্ছে না। সড়কে বাধা এবং পরিবহন সমস্যার কারণে তৈরি পোশাক বন্দরে পৌঁছাতেও দেরি হচ্ছে। এর ফলে অনেক রফতানি আদেশ বাতিল হয়েছে। কিছু ক্রেতা প্রতিষ্ঠান অন্য দেশ থেকে পোশাক কেনার সিদ্ধান্ত নিয়েছে।
পোশাক শিল্পে ক্রেতাদের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে ভিয়েতনাম, ভারত, চীন, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশকে প্রতিযোগিতা করতে হয়। শুধু কম দামে ভালো পোশাক তৈরি করলেই ক্রেতা ধরে রাখা যায় না। নির্ধারিত সময়ে মানসম্মত পণ্য সরবরাহ করাও জরুরি। সময়মতো পণ্য দিতে না পারলে ক্রেতারা বিকল্প দেশ খুঁজবেন, এটাই স্বাভাবিক। ইতিমধ্যে কয়েকটি বড় ক্রেতা প্রতিষ্ঠান সময়মতো পণ্য সরবরাহ নিয়ে উদ্বেগ জানিয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ক্রয়াদেশ কমানোর কথাও বলেছে। একবার ক্রেতার আস্থা হারালে তা ফিরিয়ে আনা কঠিন।
তবে একজন শ্রমিকের পক্ষে বর্তমান আয়ে পরিবার নিয়ে সম্মানজনক জীবনযাপন করা কতটা সম্ভব, সেটিও ভাবতে হবে। দ্রব্যমূল্য, বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াতের খরচ বেড়েছে। সেই তুলনায় তাদের আয় কতটা বেড়েছে, তা বিবেচনা করা দরকার। শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা। অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার টাকার কাছাকাছি হতে পারে বলে জানা যাচ্ছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান রয়েছে। এই ব্যবধান কমিয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোই এখন প্রধান কাজ।
মজুরি নির্ধারণে শিল্পের উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং রফতানি সক্ষমতার বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। তবে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতার কথা বলে শ্রমিকের ন্যায্য দাবি উপেক্ষা করা যাবে না। আবার এমন কোনো সিদ্ধান্তও কাম্য নয়, যা শিল্পকে আরও সংকটে ফেলবে। বাস্তবতা ও ন্যায্যতার সমন্বয়ে মজুরি নির্ধারণ করতে হবে।
এ ক্ষেত্রে মজুরি বোর্ডের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শুনে দ্রুত একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো চূড়ান্ত করতে হবে। সরকার, মালিক ও শ্রমিক— তিন পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে, শ্রমিকের স্বার্থ এবং শিল্পের স্বার্থ পরস্পরের প্রতিপক্ষ নয়। বরং একটির ওপর অন্যটি নির্ভরশীল। শ্রমিক ভালো থাকলে উৎপাদন বাড়বে, শিল্প এগোবে। আর শিল্প ভালো থাকলে কর্মসংস্থান ও রফতানি আয় বাড়বে। সংঘাত নয়, সমঝোতার পথেই এই সংকটের সমাধান খুঁজতে হবে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে