প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:০৭ এএম
গ্রাফিক : সময়ের আলো দেশে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, চাকরি, সংবাদ ও দৈনন্দিন যোগাযোগে মোবাইল সেবা অপরিহার্য হয়ে উঠেছে। অথচ এই প্রয়োজনীয় সেবা ব্যবহারে গ্রাহককে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। কারণ মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর করের বোঝা অনেক বেশি। মোবাইল ফোনে ১০০ টাকা রিচার্জ করলে প্রায় ৩৯ টাকা চলে যাচ্ছে সরকারের কোষাগারে। বিশ্বের অনেক দেশের তুলনায় এই করের হার অনেক বেশি।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা জিএসএমএর তথ্য অনুযায়ী, মোবাইল সেবায় করের বোঝার দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। আফ্রিকা ও এশিয়া মিলিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। গতকাল সময়ের আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বাংলাদেশে মোবাইল সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন করের পাশাপাশি ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও ১ শতাংশ সারচার্জ রয়েছে। ফলে মোবাইল সেবা নিতে গিয়ে সাধারণ গ্রাহককে বাড়তি খরচ বহন করতে হচ্ছে।
এই করের চাপ কতটা বেশি, তা বোঝা যায় কলরেটের হিসাবে। কোনো বিশেষ প্যাকেজ ব্যবহার না করলে ২০ টাকা রিচার্জ করে একজন গ্রাহক মাত্র সাত মিনিটের মতো কথা বলতে পারেন। নেটওয়ার্ক সমস্যা বা কল কেটে যাওয়ার ঘটনা ঘটলে কথা বলার এই সময় আরও কমে যায়। নিম্ন আয়ের মানুষের জন্য খরচের এই বোঝা মোটেই সামান্য নয়।
মোবাইল সেবায় করের বোঝা বাড়ার পেছনে সরকারের রাজস্ব নীতির প্রভাব রয়েছে। সব অপারেটরের জন্য অভিন্ন কলরেট চালু করা হয় ২০১৮ সালে। তখন ফ্লোর প্রাইস এবং সর্বোচ্চ কলরেট নির্ধারণ করে দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন অর্থবছরে মোবাইল কলরেটের ওপর কর ও শুল্ক বাড়ানো হয়েছে। যে কারণে কাগজে কলরেট একই থাকলেও গ্রাহকের প্রকৃত খরচ বেড়েছে। মোবাইল অপারেটররা বলছেন, গ্রাহকের রিচার্জ করা টাকার উল্লেখযোগ্য একটি অংশ যায় রাষ্ট্রের কোষাগারে। মোবাইল কলরেটের ওপর সম্পূরক শুল্ক কমানো হলে কলরেট কমানোর সুযোগ তৈরি হবে বলে মনে করেন অনেকে।
অবশ্য টেলিযোগাযোগ খাতের বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। অপারেটরদের দাবি, বাংলাদেশে মোবাইল সেবার দাম তুলনামূলক কম। অপারেটরদের গ্রাহকপ্রতি আয়ও বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই আয় দিয়ে অপারেটরদের পক্ষে নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন ও নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করা কঠিন। কাজেই গ্রাহকের স্বার্থের পাশাপাশি খাতটির টেকসই উন্নয়নের বিষয়টিও দেখতে হবে। আবার বিনিয়োগের প্রয়োজন দেখিয়ে গ্রাহকের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়াও কাম্য হতে পারে না।
মোবাইল ফোন এখন আর বিলাসপণ্য নয়। এটি মানুষের যোগাযোগের মৌলিক প্রয়োজনের অংশ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মোবাইল সেবা সহজলভ্য রাখা জরুরি।
সরকারের রাজস্ব আয় বাড়ানোর প্রয়োজন আছে। তবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে মানুষের সামর্থ্য ও সেবার গুরুত্ব বিবেচনা করা উচিত। মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক কমানো এবং করকাঠামো পুনর্বিবেচনা করা এখন সময়ের দাবি। শুধু নেটওয়ার্কের বিস্তার বা ইন্টারনেট ব্যবহারের সংখ্যা বাড়ালেই চলবে না। মানুষ যেন সাধ্যের মধ্যে কথা বলতে ও তথ্য ব্যবহার করতে পারে, সেটিও নিশ্চিত করতে হবে।
সময়ের আলো/প্রিন্ট/আতা