ছবি : সংগৃহীতজলবায়ু পরিবর্তন এখন আর কেবল পরিবেশবিজ্ঞান কিংবা প্রকৃতির স্বাভাবিক বিবর্তনসংক্রান্ত কোনো বিষয় নয়। এটি একবিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও নৈতিক প্রশ্ন। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, হিমবাহ গলছে, বনভূমি সংকুচিত হচ্ছে, মরুকরণ বিস্তৃত হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, দাবানল ও তাপপ্রবাহের মতো চরম আবহাওয়াজনিত দুর্যোগ মানুষের জীবন, জীবিকা, খাদ্যনিরাপত্তা ও রাষ্ট্রীয় অর্থনীতিকে ক্রমাগত বিপন্ন করছে।
কিন্তু জলবায়ু সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো, এই বিপর্যয়ের জন্য পৃথিবীর সব দেশ সমানভাবে দায়ী নয়, অথচ এর অভিঘাত সবাই সমানভাবে বহন করছে না। যে শিল্পোন্নত দেশগুলো দীর্ঘ দুই শতাব্দী ধরে কয়লা, তেল ও গ্যাস পুড়িয়ে নিজেদের অর্থনীতি ও সমৃদ্ধির ভিত নির্মাণ করেছে, তাদের ঐতিহাসিক কার্বন নিঃসরণের দায় অনেক বেশি। অন্যদিকে বাংলাদেশসহ উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো বৈশ্বিক উষ্ণায়নে তুলনামূলকভাবে সামান্য অবদান রেখেও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতির মুখোমুখি হচ্ছে।
এখানেই জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক রাজনীতির মৌলিক প্রশ্ন—কে দূষণ করবে, কে উন্নয়ন করবে, কে ক্ষতিপূরণ দেবে এবং কার জীবন ও জীবিকা রক্ষার দায়িত্ব কে নেবে? জলবায়ু কূটনীতির অন্তর্নিহিত দ্বন্দ্ব মূলত এই প্রশ্নগুলোর মধ্যেই নিহিত।
জলবায়ু রাজনীতির ঐতিহাসিক পটভূমি
জলবায়ু রাজনীতির ভিত্তিতে রয়েছে শিল্পবিপ্লব-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার ইতিহাস। অষ্টাদশ শতাব্দীর শেষভাগ থেকে ইউরোপে শিল্পবিপ্লবের সূচনা এবং পরবর্তী সময়ে উত্তর আমেরিকা ও অন্যান্য অঞ্চলে শিল্পায়নের বিস্তার পৃথিবীর জ্বালানি ব্যবহারের ধরন পাল্টে দেয়। কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস হয়ে ওঠে শিল্পোৎপাদন, পরিবহন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। এর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডসহ গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বাড়তে থাকে।
কিন্তু শিল্পোন্নত দেশগুলো যখন তাদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করেছে, তখন উন্নয়নশীল দেশগুলোর বড় অংশই ঔপনিবেশিক শোষণ, দারিদ্র্য ও অর্থনৈতিক পশ্চাদপদতার মধ্যে আটকে ছিল। ফলে আজকের জলবায়ু সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য ও অসম উন্নয়নের ইতিহাস।
১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলন (Earth Summit) জলবায়ু কূটনীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ওই সম্মেলনের ধারাবাহিকতায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামোগত কনভেনশন (UNFCCC) প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকলে শিল্পোন্নত দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বাধ্যবাধকতা নির্ধারিত হয়।
পরবর্তী সময়ে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি বৈশ্বিক জলবায়ু রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে। এই চুক্তির মূল লক্ষ্য হলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্-শিল্পায়ন সময়ের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং তা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখা। তবে প্যারিস চুক্তির একটি মৌলিক সীমাবদ্ধতা হলো, দেশগুলো নিজস্ব সক্ষমতা ও পরিস্থিতি অনুযায়ী নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করে। এসব লক্ষ্য ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (NDC) নামে পরিচিত। ফলে বৈশ্বিক জলবায়ু রাজনীতিতে প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে একটি বড় ব্যবধান রয়ে গেছে।
বৈশ্বিক জলবায়ু রাজনীতির স্বার্থের সংঘাত
জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রশ্নে পৃথিবী কার্যত বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানে বিভক্ত। উন্নত ও উন্নয়নশীল বিশ্বের দ্বন্দ্ব এর অন্যতম প্রধান দিক। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ শিল্পোন্নত দেশগুলো দীর্ঘদিন ধরে বৈশ্বিক কার্বন নিঃসরণে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহু দেশ তুলনামূলকভাবে কম নিঃসরণ করেও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত মোকাবিলা করছে।
উন্নয়নশীল দেশগুলোর যুক্তি হলো, শিল্পোন্নত দেশগুলো যে সম্পদ ও প্রযুক্তির মাধ্যমে নিজেদের উন্নয়ন নিশ্চিত করেছে, সেই সুযোগ থেকে দরিদ্র দেশগুলোকে বঞ্চিত করা যায় না। একই সঙ্গে ঐতিহাসিক নিঃসরণের দায় এড়িয়ে উন্নয়নশীল দেশগুলোর ওপর সমান হারে নিঃসরণ কমানোর চাপ সৃষ্টি করাও ন্যায়সংগত নয়। এখানে জলবায়ু আলোচনার অন্যতম মৌলিক নীতি ‘কমন বাট ডিফারেনটিয়েড রেসপন্সিবিলিটিস এন্ড রেসপেকটিভ ক্যাপাবিলিটিস’ (CBDR-RC)। অর্থাৎ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব দেশের দায়িত্ব রয়েছে, কিন্তু ঐতিহাসিক দায়, অর্থনৈতিক সামর্থ্য ও প্রযুক্তিগত সক্ষমতা অনুযায়ী সেই দায়িত্বের মাত্রা ভিন্ন হবে।
জলবায়ু রাজনীতির আরেকটি বড় দ্বন্দ্ব জীবাশ্ম জ্বালানিকে কেন্দ্র করে। বিশ্বের বহু দেশের অর্থনীতি এখনো কয়লা, তেল ও গ্যাসনির্ভর। এসব জ্বালানির সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক বাণিজ্য, শিল্পোৎপাদন, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং রাষ্ট্রীয় রাজস্ব। ফলে জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ বা পর্যায়ক্রমে কমানোর প্রশ্ন উঠলেই বড় ধরনের ভূরাজনৈতিক বিরোধ তৈরি হয়। তেল উৎপাদনকারী দেশগুলো নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় জ্বালানি রূপান্তরের গতি ও ভাষা নিয়ে আপত্তি তোলে। অন্যদিকে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো দ্রুত নিঃসরণ কমানোর দাবি জানায়।
জলবায়ু অর্থায়ন নিয়েও উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন বিপুল অর্থ। বাঁধ নির্মাণ, উপকূলীয় সুরক্ষা, নদীশাসন, দুর্যোগ পূর্বাভাস, কৃষির অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদি বিনিয়োগ অপরিহার্য। কিন্তু অর্থায়নের উৎস, পরিমাণ, শর্ত এবং ঋণ না অনুদান—এসব প্রশ্নে আন্তর্জাতিক ঐকমত্য দুর্বল। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলো ঋণের বোঝা আরও বাড়িয়ে অভিযোজনের অর্থ সংগ্রহ করতে চায় না। তাদের দাবি, জলবায়ু অর্থায়নের বড় অংশ হতে হবে অনুদানভিত্তিক, সহজলভ্য ও পূর্বানুমানযোগ্য।
এর পাশাপাশি জলবায়ু প্রযুক্তির নিয়ন্ত্রণও আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, ব্যাটারি, কার্বন সংরক্ষণ ও পরিবেশবান্ধব প্রযুক্তির বাজারে উন্নত দেশ এবং প্রযুক্তিগতভাবে অগ্রসর অর্থনীতিগুলোর প্রভাব রয়েছে। প্রযুক্তি হস্তান্তর, মেধাস্বত্ব, উৎপাদন ব্যয় ও বাজার নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক বিরোধও জলবায়ু রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। ফলে জলবায়ু মোকাবিলার নামে নতুন প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক নির্ভরশীলতা তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
জলবায়ু সম্মেলন : প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান
জাতিসংঘের বার্ষিক ‘কনফারেন্স অফ দ্যা পার্টিস’ (COP) জলবায়ু কূটনীতির প্রধান আন্তর্জাতিক মঞ্চ। এখানে বিশ্বের প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিগত সিদ্ধান্ত, অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও নিঃসরণ হ্রাসের বিষয়ে আলোচনা করেন।
২০১৫ সালের প্যারিস চুক্তির পর থেকে জলবায়ু সম্মেলনগুলোতে নানা প্রতিশ্রুতি ও সিদ্ধান্ত গৃহীত হলেও বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে। ২০২৫ সালে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০এ ২০৩৫ সাল নাগাদ জলবায়ু কার্যক্রমের জন্য বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন সংগ্রহের লক্ষ্যের প্রতি সমর্থন, অভিযোজন অর্থায়ন বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার উদ্যোগ নিয়ে অগ্রগতি হয়। কিন্তু জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি।
২০২৬ সালের নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১-এও সেই পুরোনো বিরোধ প্রকট হয়েছে। সম্মেলনের আলোচনায় উন্নয়নশীল দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়ন, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। আলোচনার খসড়ায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের সুস্পষ্ট উল্লেখ এবং অভিযোজন অর্থায়নের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা নিয়ে মতবিরোধ তৈরি হয়।
এই ঘটনাপ্রবাহ একটি বিষয় স্পষ্ট করে: জলবায়ু সংকটের বৈজ্ঞানিক সমাধান সম্পর্কে বিশ্ব মোটামুটি একমত হলেও সেই সমাধানের আর্থিক ও রাজনৈতিক দায় কে নেবে, তা নিয়ে ঐকমত্য এখনো দুর্বল।
বাংলাদেশ : জলবায়ু পরিবর্তনের সম্মুখসারির একটি দেশ
বাংলাদেশের জলবায়ু বাস্তবতা অত্যন্ত জটিল। ভৌগোলিক অবস্থান, নদীমাতৃক ভূপ্রকৃতি, বঙ্গোপসাগরের নিকটবর্তী উপকূলীয় অঞ্চল, নিম্নভূমি এবং বিপুল জনসংখ্যার কারণে দেশটি জলবায়ু পরিবর্তনের অভিঘাতের প্রতি বিশেষভাবে সংবেদনশীল।
বাংলাদেশের বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ তুলনামূলকভাবে সামান্য। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকির তালিকায় দেশটির অবস্থান অত্যন্ত উদ্বেগজনক। বিশ্বব্যাংকের মূল্যায়নেও বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য বড় হুমকি। সমুদ্রের পানি স্থলভাগে প্রবেশ, ভূমিক্ষয় এবং বসতভিটা হারানোর ঝুঁকি বাড়ছে। এর ফলে উপকূলীয় জনপদ, কৃষিজমি ও অবকাঠামো বিপন্ন হচ্ছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাটি ও পানিতে লবণাক্ততার সমস্যা কৃষি উৎপাদন, সুপেয় পানি এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলীয় মানুষের জীবন, সম্পদ, কৃষি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি করছে। অন্যদিকে অতিবৃষ্টি, উজানের পানিপ্রবাহ ও নদীর গতিপথ পরিবর্তনের কারণে বন্যা এবং নদীভাঙন মানুষের বসতভিটা ও জীবিকাকে বিপন্ন করছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং ঋতুচক্রের পরিবর্তন কৃষি উৎপাদন, শ্রমের সক্ষমতা ও খাদ্যনিরাপত্তার ওপর চাপ সৃষ্টি করছে।
জলবায়ু পরিবর্তনের আরেকটি গভীর অভিঘাত হলো অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি। নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জীবিকার সংকটের কারণে বহু মানুষ গ্রাম ছেড়ে শহরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। এর ফলে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন নগরকেন্দ্রে জনসংখ্যার চাপ, বস্তি বিস্তার, কর্মসংস্থান সংকট ও নাগরিক সেবার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
এখানে জলবায়ু পরিবর্তন আর নিছক পরিবেশগত সমস্যা নয়; এটি দারিদ্র্য, নগরায়ণ, অভিবাসন, সামাজিক বৈষম্য এবং জাতীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
বাংলাদেশের জলবায়ু কূটনীতি ও আন্তর্জাতিক অবস্থান
বাংলাদেশের জলবায়ু কূটনীতির মূল ভিত্তি হওয়া উচিত জলবায়ু ন্যায়বিচার। অর্থাৎ যারা জলবায়ু বিপর্যয়ের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী, তাদেরই ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন, পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় অধিক দায়িত্ব নিতে হবে।
বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় দীর্ঘদিন ধরে শিল্পোন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় স্বীকার, পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ উপকূলীয় জনপদে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নদীভাঙনের কারণে যে ক্ষতি হয়, তা অনেক সময় প্রচলিত অভিযোজন কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়।
বাংলাদেশের দাবি হওয়া উচিত, জলবায়ু অর্থায়ন ঋণনির্ভর না করে অনুদানভিত্তিক করা। কারণ জলবায়ু বিপর্যয়ের শিকার দেশগুলোকে নতুন ঋণের বোঝা চাপিয়ে দেওয়া একধরনের অর্থনৈতিক অবিচার। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, নিরাপদ অভিবাসন এবং জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের বিষয়ে কার্যকর আন্তর্জাতিক কাঠামো তৈরি করা প্রয়োজন।
বাংলাদেশের জাতীয় জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নেও বিপুল অর্থের প্রয়োজন। এনডিসি ৩.০-সংক্রান্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে আনুমানিক ১১৬.১৮ বিলিয়ন ডলার প্রয়োজন, যার একটি বড় অংশ আন্তর্জাতিক সহায়তা থেকে সংগ্রহের প্রত্যাশা করা হয়েছে। অন্যদিকে জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩–২০৫০ বাস্তবায়নে প্রায় ২৩০ বিলিয়ন ডলারের প্রয়োজনীয়তা চিহ্নিত হয়েছে। এই বিপুল অর্থের প্রয়োজনীয়তা বিবেচনায় বাংলাদেশের জলবায়ু কূটনীতিকে শুধু আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য প্রদান কিংবা প্রতিশ্রুতি আদায়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষতিপূরণ আদায়ের জন্য দীর্ঘমেয়াদি ও সমন্বিত কূটনৈতিক কৌশল প্রয়োজন।
বাংলাদেশের অভ্যন্তরীণ প্রস্তুতি : নীতির সঙ্গে বাস্তবতার দূরত্ব
জলবায়ু পরিবর্তনের দায় ঐতিহাসিকভাবে বাংলাদেশের নয়—এ কথা সত্য। কিন্তু এই সত্যকে নিজেদের প্রস্তুতির ঘাটতি আড়াল করার যুক্তি হিসেবে ব্যবহার করার সুযোগ নেই। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন নীতি ও পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান এবং ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন তার উল্লেখযোগ্য উদাহরণ।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব পরিকল্পনার বাস্তবায়ন কতটা কার্যকর? জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্থ বরাদ্দ, প্রকল্প নির্বাচন, বাস্তবায়ন ও তদারকিতে কতটা স্বচ্ছতা রয়েছে? জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে বৈজ্ঞানিক তথ্য, স্থানীয় প্রয়োজন ও দীর্ঘমেয়াদি ঝুঁকি মূল্যায়নকে গুরুত্ব দিতে হবে।
বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা, টেকসই বাঁধ নির্মাণ, নদী ও খাল পুনরুদ্ধার, লবণসহিষ্ণু কৃষি, বৃষ্টির পানি সংরক্ষণ এবং দুর্যোগসহিষ্ণু অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে বাংলাদেশের নগর পরিকল্পনায় জলবায়ু ঝুঁকিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অপরিকল্পিত নগরায়ণ, জলাভূমি ভরাট, নদী দখল, বনভূমি ধ্বংস এবং অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা দেশের পরিবেশগত বিপন্নতাকে আরও বাড়িয়ে তুলছে।
অর্থাৎ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই কেবল আন্তর্জাতিক অর্থায়নের বিষয় নয়; এটি রাষ্ট্রের সুশাসন, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন দর্শনেরও পরীক্ষা।
জলবায়ু ন্যায়বিচার ও বাংলাদেশের ভবিষ্যৎ
বাংলাদেশের জলবায়ু কৌশলকে আন্তর্জাতিক কূটনীতি ও অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার মধ্যে সমন্বিত করতে হবে। স্বল্পোন্নত দেশগুলোর জোট, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জোট এবং অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে সমন্বিত অবস্থান নিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে সক্রিয় ভূমিকা রাখতে হবে। শুধু ক্ষতিপূরণের দাবি নয়, আন্তর্জাতিক অর্থায়নের বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও নেতৃত্ব দিতে হবে।
দেশের ভেতরে জলবায়ু অভিযোজনকে উন্নয়ন পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ করতে হবে। কৃষিতে লবণসহিষ্ণু ও খরাসহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন, উন্নত সেচব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আবহাওয়াভিত্তিক তথ্যসেবা সম্প্রসারণ করতে হবে। সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। শিল্পকারখানা ও সরকারি-বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সম্প্রসারণ করা যেতে পারে।
সুন্দরবনসহ উপকূলীয় বনাঞ্চল প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে বাংলাদেশের অন্যতম প্রতিরক্ষা। নদী, খাল, হাওর, বিল ও জলাভূমির স্বাভাবিক প্রবাহ এবং জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের জন্য পরিকল্পিত আবাসন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু শহরমুখী অভিবাসন ঠেকানোর চেষ্টা নয়, তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।
বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং বেসরকারি সংস্থাগুলোকে জলবায়ু গবেষণা ও অভিযোজন কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞানকে জাতীয় পরিকল্পনার অংশ করতে হবে। কারণ জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে আগে অনুভব করেন স্থানীয় কৃষক, জেলে, শ্রমজীবী মানুষ ও উপকূলীয় জনগোষ্ঠী।
জলবায়ু পরিবর্তন পৃথিবীর সামনে এমন একটি সংকট তৈরি করেছে, যার কোনো জাতীয় সীমানা নেই। একটি দেশের নিঃসরণ অন্য দেশের পরিবেশ ও অর্থনীতিকে বিপন্ন করতে পারে। একটি অঞ্চলের বন উজাড়, অন্য অঞ্চলের তাপমাত্রা ও বৃষ্টিপাতের ওপর প্রভাব ফেলতে পারে। ফলে জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই।
কিন্তু এই সহযোগিতা কেবল সম্মেলন, ঘোষণা, প্রতিশ্রুতি ও কূটনৈতিক বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় স্বীকার, পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
অন্যদিকে, বাংলাদেশকেও বুঝতে হবে, আন্তর্জাতিক জলবায়ু ন্যায়বিচারের দাবি যতটা গুরুত্বপূর্ণ, নিজস্ব সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সুশাসন প্রতিষ্ঠাও ততটাই জরুরি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের সামনে দুটি সমান্তরাল দায়িত্ব রয়েছে। একদিকে আন্তর্জাতিক পরিসরে ন্যায্য হিস্যা ও ক্ষতিপূরণ আদায়ের সংগ্রাম, অন্যদিকে দেশের ভেতরে একটি পরিবেশবান্ধব, দুর্যোগসহিষ্ণু ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নব্যবস্থা গড়ে তোলা।
সবশেষে বলা যায়, জলবায়ু পরিবর্তন প্রকৃতির সংকট হলেও এর দায় ও সমাধান রাজনৈতিক। পৃথিবীকে রক্ষা করার সামর্থ্য মানুষের রয়েছে, কিন্তু সেই সামর্থ্য ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্রগুলো কতটা আন্তরিক, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
বাংলাদেশের জন্য বিষয়টি আরও গভীর। কারণ এখানে জলবায়ু পরিবর্তন মানে শুধু তাপমাত্রা বৃদ্ধি নয়; এর অর্থ কৃষকের জমি হারানো, জেলের জীবিকা হারানো, উপকূলের মানুষের পানীয় জলের সংকট, নদীভাঙনে বসতভিটা বিলীন হওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়া।
যে পৃথিবীকে শিল্পোন্নত দেশগুলো তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যবহার করেছে, সেই পৃথিবীকে রক্ষা করার দায়ও তাদের বেশি নিতে হবে। জলবায়ু ন্যায়বিচার কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি একটি ন্যায্য আন্তর্জাতিক অধিকার। আর বাংলাদেশের সংগ্রাম শুধু জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নয়, এই পরিবর্তনের পেছনে থাকা বৈশ্বিক বৈষম্য ও অন্যায্যতার বিরুদ্ধেও।
সাইফুল ইসলাম
লেখক ও কলামিস্ট
সময়ের আলো/টিকে