গ্রাফিক : সময়ের আলোসশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ উর্বর পলিমাটির দেশ। এখানে সারা বছরই কোনো না কোনো সংকট লেগে থাকে। এ কারণে আমাদের সমাজে এক ধরনের নেতিবাচক প্রবণতা কাজ করে।
এর সবচেয়ে যৌক্তিক উদাহরণ হতে পারে ঈদের ছুটিতে ঢাকার শহর ফাঁকা হয়ে যাওয়ার বিষয়টি। কেউ বলেন নাড়ির টানে, আবার কেউ বলেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ গ্রামে যায়। কিন্তু সেই সময়ে চিরচেনা ঢাকার রূপ বদলে যায়। এখানেই আমাদের জন্মগত স্বভাব ফুটে ওঠে, যাকে প্রবাদ বাক্যের ভাষায় বলা চলে— ‘সুখে থাকতে ভূতে কিলায়’।
বাংলাদেশে দীর্ঘ সময় একতরফাভাবে ও নব্য বাকশালী কায়দায় দেশ শাসন করেছে আওয়ামী লীগ। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার দাবিতে বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দলগুলো প্রায় ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছে। এই দীর্ঘ লড়াইয়ে ৬০ লাখ নেতাকর্মী মামলার আসামি হয়েছেন এবং এক লাখের বেশি মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই হাজারের বেশি গুম ও হত্যার তালিকা জমা দেওয়া হয়েছে। এত ত্যাগের বিনিময়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনাসহ সরকারের প্রায় সব মন্ত্রী, সংসদ সদস্য, পরিবারের সদস্য এবং প্রশাসনের তোষামোদকারী কর্মকর্তারা সাধারণ নেতাকর্মীর জীবন হুমকির মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যান।
অথচ দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনাসহ দলের কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নিরীহ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি একাধিকবার স্পষ্টভাবে তুলে ধরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তবে আশার কথা হলো— আওয়ামী লীগের তিনজন জ্যেষ্ঠ নেতা জামিনে মুক্তি পেয়ে শেখ হাসিনার পক্ষে কোনো বক্তব্য না দিয়ে উল্টো সেলিনা হায়াৎ আইভীর নারায়ণগঞ্জের বাসায় গিয়ে সাংবাদিকদের সামনে বিএনপি সরকারের ভূয়সী প্রশংসা করেছেন।
দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতা, লাগামহীন লুটপাট, গণতন্ত্র ধ্বংস, নির্যাতন-নিপীড়ন এবং হত্যা-গুমের মাধ্যমে দেশ শাসনের পর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পার হলেও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তাই সামান্য কোনো ইস্যু পেলেই তা কাজে লাগিয়ে সমাজে অরাজকতা সৃষ্টি করতে এবং বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে তারা সচেষ্ট রয়েছে। দেশের জনগণ দীর্ঘ সংগ্রামের মাধ্যমে নির্বাচিত সরকারের ওপর, বিশেষ করে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) রক্ত ও নীতির উত্তরসূরিদের বিচক্ষণতা ও ধৈর্যের ওপর আস্থা রাখে। জনগণ প্রত্যাশা করে, তারা কোনো ফাঁদে পা না দিয়ে এই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে পারবেন। এর বিপরীতে আওয়ামী লীগ ও তাদের দোসরদের রাজনৈতিক অভিসন্ধি ধীরে ধীরে জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির ন্যায্য দাবিকে কীভাবে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার বানাতে চাইছে, তা আজ দৃশ্যমান।
পোশাক শিল্পে চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে বিভিন্ন পক্ষের নিজস্ব রাজনৈতিক স্বার্থ ও দৃষ্টিভঙ্গি রয়েছে। এসব সংকীর্ণতা থেকে বেরিয়ে বৃহত্তর জাতীয় স্বার্থকে সমুন্নত রাখতে হবে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মালিকপক্ষের সক্ষমতা এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়ে ভারসাম্য বজায় রেখে সংকটের সমাধান করা এখন সময়ের দাবি।
এই পরিস্থিতির সমাধানে কিছু স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। বাংলাদেশে ব্যবসার শুরুতে সাফল্য এলেও তা অনেক সময় অপরিকল্পিতভাবে সম্প্রসারিত হয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই মূলত দেশের তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এটি আমাদের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প এবং ব্যাপক কর্মসংস্থানের উৎস। এ ছাড়া প্রবাসী শ্রমশক্তির কর্মসংস্থাননির্ভর অর্থনীতির সূচনাও শহিদ জিয়ার হাত ধরেই হয়েছিল। তাই এখন সময় এসেছে পোশাক শিল্পের শ্রমিক, মালিকপক্ষ, সমাজের অন্যান্য অংশ এবং সরকারের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও পরিকল্পিত রূপরেখা প্রণয়নের।
যেসব বিষয়ের ওপর বিশেষভাবে জোর দেওয়া প্রয়োজন, সেগুলো হলো— শ্রমিক ইউনিয়ন গঠন ও কাজের সঠিক সময় (শ্রমঘণ্টা) নির্ধারণ; খাদ্য, আবাসন ও ন্যায্য মজুরি নিশ্চিত করা; পরিচয়পত্র প্রদান, চিকিৎসা বীমা ও জীবন বীমা চালু করা, সঞ্চয় তহবিল গঠন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিকে কেন্দ্র করে যখন অপরাজনীতির অনুপ্রবেশ ঘটেছে, তখন সঠিক ও ন্যায়ভিত্তিক পদক্ষেপের মাধ্যমেই কেবল তা প্রতিহত করা সম্ভব। এই অপরাজনীতির সঙ্গে জড়িত পক্ষগুলো ভেতর থেকে এক পক্ষকে অন্য পক্ষের বিরুদ্ধে উসকে দিয়ে সার্বিক উদ্যোগকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এর বিপরীতে ব্যক্তিগত বা দলীয় সংকীর্ণতা পরিহার করে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। বিশেষ করে মালিকপক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ এবং সরকারের সদিচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের কাছ থেকে মজুরি বোর্ড কর্তৃপক্ষের লিখিত মতামত নেওয়া প্রয়োজন।
নতুন বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে স্থায়ীভাবে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যার মাধ্যমে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও স্থানীয় থানার সমন্বয়ে একটি শৃঙ্খলা কমিটি গঠন করা যায়। এই কমিটি প্রতি মাসে অন্তত একবার বৈঠকে মিলিত হবে।
কার্যকর সমাধানের রূপরেখা
১. ত্রিপক্ষীয় সংলাপ ও সমঝোতা : সরকার, মালিকপক্ষ (বিজিএমইএ ও বিকেএমইএ) এবং প্রকৃত শ্রমিক প্রতিনিধিদের নিয়ে স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত সংলাপের আয়োজন করা।
২. সর্বসম্মত মজুরি নির্ধারণ : বর্তমান মুদ্রাস্ফীতি ও বাজারদর বিবেচনায় নিয়ে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে সক্ষম একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা।
৩. শ্রমিকদের জন্য তাৎক্ষণিক সামাজিক সুরক্ষা : মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্পাঞ্চলগুলোতে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল ও চিনি রেশনিং ব্যবস্থায় সরবরাহ করা। এতে শ্রমিকদের প্রকৃত আয় বাড়বে।
৪. আবাসন ও চিকিৎসাসুবিধা : কারখানার আশপাশে শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে মানসম্মত আবাসন ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করা এবং তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা জোরদার করা।
৫. মালিকপক্ষের জন্য নীতিগত ও আর্থিক সহায়তা : মজুরি বৃদ্ধির বাড়তি চাপ সামলাতে সরকার সাময়িকভাবে করপোরেট কর হ্রাস, নগদ সহায়তা বৃদ্ধি বা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে পারে। এ ছাড়া আমদানি-রফতানির ক্ষেত্রে বন্দর ও শুল্ক বিভাগের প্রক্রিয়া সহজ করা যেতে পারে।
৬. আন্তর্জাতিক ক্রেতাদের দায়বদ্ধতা : বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের সঙ্গে দরকষাকষির মাধ্যমে পোশাকের ন্যায্য দাম নিশ্চিত করা। উৎপাদন খরচ বাড়লে ক্রেতাদেরও সেই বাড়তি ব্যয়ের অংশীদার হতে হবে।
৭. উৎপাদনশীলতা বৃদ্ধি ও কারখানার অভ্যন্তরীণ সংস্কার : আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো, যাতে মজুরি বাড়লেও কারখানার মুনাফা বজায় থাকে।
৮. অভ্যন্তরীণ অভিযোগ নিরসন : প্রতিটি কারখানায় ‘অংশগ্রহণমূলক কমিটি’ সক্রিয় করা, যাতে শ্রমিকরা ভাঙচুর বা আন্দোলনের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন।
৯. গুজব প্রতিরোধ : আন্দোলনের নামে বহিরাগতদের অনুপ্রবেশ এবং শিল্পবিরোধী গুজব প্রতিরোধে শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে সচেতনতা তৈরি করা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।
শ্রমিকদের ন্যায্য জীবনমান নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রধান এই শিল্পকে টিকিয়ে রাখতে সব পক্ষের ছাড় দেওয়ার মানসিকতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের উদ্যোগই সংকটের স্থায়ী সমাধান আনতে পারে। বর্তমানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিচক্ষণতার সঙ্গে ঘোষিত ‘৩১ দফা’র আলোকে আগামীর কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবেন— এটাই সবার প্রত্যাশা।
লেখক : সাংবাদিক ও সংস্কৃতিকর্মী
মতামত লেখকের নিজস্ব
সময়ের আলো/প্রিন্ট/এমকে