আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা : অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নিন

মতামত

জীবনের নিরাপত্তা নিয়ে নাগরিকদের উদ্বেগ বাড়ছে। সরকার বদলেছে, কিন্তু দেশে খুনের ঘটনা কমছে না। রাজনৈতিক বিরোধ, চাঁদাবাজি, জমি ও সম্পত্তি

2026-11-17T03:35:57+00:00
2026-11-17T03:35:57+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মতামত
আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা : অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নিন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৩৫ এএম 
গ্রাফিক : সময়ের আলো
জীবনের নিরাপত্তা নিয়ে নাগরিকদের উদ্বেগ বাড়ছে। সরকার বদলেছে, কিন্তু দেশে খুনের ঘটনা কমছে না। রাজনৈতিক বিরোধ, চাঁদাবাজি, জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মাদক কারবার এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনাও ঘটছে। পারিবারিক বিরোধে খুনের শিকার হয়েছেন অনেকে। একই পরিবারের একাধিক সদস্যকে হত্যার শিকার হতে দেখা গেছে। এমন পরিস্থিতি নাগরিকদের উদ্বিগ্ন করে তুলেছে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত সাত বছরে দেশে ২৩ হাজার ৩৯টি হত্যা মামলা হয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসেই মামলা হয়েছে ২ হাজার ৯১৮টি। এই সংখ্যা নিছক একটি পরিসংখ্যান নয়। প্রতিটি মামলার পেছনে রয়েছে প্রাণহানির মতো নির্মম ঘটনা। মামলার সংখ্যা আর প্রকৃত হত্যাকাণ্ডের সংখ্যা এক নয়। কোনো কোনো ঘটনায় একাধিক হত্যাকাণ্ডের জন্য একটি মামলা হয়।

সাম্প্রতিক খুলনার পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। মাত্র ২২ দিনে সেখানে নয়জন খুন হয়েছেন। চাঁদাবাজি, মাদক ও দখলবাজিকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। বছরের প্রথম সাড়ে ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় অন্তত ৭৯টি হত্যাকাণ্ড ঘটেছে। প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যার ঘটনা প্রমাণ করে, অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। শুধু খুলনা নয়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের অপরাধের খবর পাওয়া যাচ্ছে।

হত্যাকাণ্ডের ভয়াবহ একটি দিক হচ্ছে পারিবারিক সহিংসতা। পারিবারিক সহিংসতার ঘটনা আমাদের সামাজিক সম্পর্কের অবক্ষয় এবং পারিবারিক নিরাপত্তার সংকটকেও সামনে এনেছে। অন্যদিকে কিশোর গ্যাংয়ের হাতে শিশু হত্যার ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। এমনকি অপরাধের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিক হত্যার অভিযোগও উঠেছে। মানুষের জীবন ঘরেও নিরাপদ নয়, বাইরেও নয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, অভিযান, অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনায় যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্তও হয়েছে। এসব উদ্যোগ প্রয়োজনীয়। তবে শুধু অভিযান চালিয়ে অপরাধের টেকসই সমাধান সম্ভব নয়। অপরাধের পেছনের কারণগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

চাঁদাবাজি, দখলবাজি ও মাদক কাবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালাতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনা জরুরি। রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অপসংস্কৃতি বন্ধ করতে হবে। বিচারহীনতা অপরাধীদের সাহস বাড়ায়। কাজেই মামলার তদন্ত ও বিচার শেষ করার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমানোর বিকল্প নেই।

নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কেবল আশ্বাস দিয়ে মানুষের উদ্বেগ দূর করা যাবে না। বাস্তব জীবনে মানুষ নিরাপদ বোধ করছে কি না, সেটিই প্রধান বিবেচ্য। সাত বছরে ২৩ হাজার হত্যা মামলা রাষ্ট্রের জন্য বড় সতর্কবার্তা। অপরাধের এই প্রবণতা বন্ধে সরকারকে কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দিতে হবে। মানুষের জীবন রক্ষায় অনতিবিলম্বে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   আইনশৃঙ্খলা  জননিরাপত্তা  অপরাধ  দমন  কার্যকর ব্যবস্থা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: