শেখ হাসিনার দেশে ফেরা ও ভারতের কূটনীতি

শহীদুল্লাহ ফরায়জী

মতামত

বাংলাদেশের একজন নাগরিক দেশে ফিরলে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার অর্থ বিচারিক প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া নয়। নিরাপত্তা, আইনের আশ্রয়

2026-11-15T06:15:57+00:00
2026-11-15T06:15:57+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
মতামত
শেখ হাসিনার দেশে ফেরা ও ভারতের কূটনীতি
শহীদুল্লাহ ফরায়জী
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:১৫ এএম 
গ্রাফিক : সময়ের আলো
বাংলাদেশের একজন নাগরিক দেশে ফিরলে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার অর্থ বিচারিক প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া নয়। নিরাপত্তা, আইনের আশ্রয় লাভ, আত্মপক্ষ সমর্থনের অধিকার এবং আদালতের আদেশ কার্যকর করা— সব কিছুই একই সঙ্গে নিশ্চিত করতে হবে। কোনো বিদেশি রাষ্ট্রের রাজনৈতিক শর্ত বাংলাদেশের বিচারিক কর্তৃত্বের বিকল্প হতে পারে না।

শেখ হাসিনা দেশে ফিরবেন— এই ঘোষণা রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেবে এটাই স্বাভাবিক। কিন্তু এই ঘোষণাকে ক্ষমতাচ্যুত একজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন হিসেবে দেখলে এর সঙ্গে জড়িয়ে থাকা রাজনীতি ও ভূরাজনৈতিক কূটনীতির তাৎপর্য অনুধাবন করা সম্ভব হবে না। অভ্যন্তরীণ রাজনীতির বাইরেও এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক, প্রত্যর্পণ চুক্তি এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের কৌশলগত অবস্থান।

১২ নভেম্বর বিবিসি বাংলার দিল্লি প্রতিনিধি শুভ জ্যোতি ঘোষের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে ভারতের প্রধান শর্ত মূলত দুটি।

প্রথমত হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে। তাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই প্রক্রিয়া আকাশপথে অথবা স্থলপথে হতে পারে। বাংলাদেশের সামরিক বিমান দিল্লি থেকে তাকে নিয়ে যেতে পারে অথবা স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থানে বাংলাদেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এ ধরনের ব্যবস্থার জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয়ত হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, সে বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে যাতে এই দাবি প্রতিভাত না হয়, সে ব্যাপারেও ভারত সতর্ক থাকতে চাইছে। 

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশের হাতে তুলে দিতে চায় না বরং তার নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ নিশ্চিত করতে চায়। সেই বিচার আন্তর্জাতিক মহল ও বৈশ্বিক গণমাধ্যমের পর্যবেক্ষণের মধ্যেও রাখতে চায় ভারত।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এসব বিষয় নিয়ে দিল্লি কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে আসছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দিল্লিতে হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর হয়ে উঠছে। 

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার কারণে ভারত সমালোচনার মুখোমুখি হচ্ছে। হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা সফল না হওয়ায় তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং সেখানে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি করাকেই ভারত এখন বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রেও শেখ হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলে দিল্লির নীতিনির্ধারকদের ধারণা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

ভারতে অবস্থানরত বিদেশি অতিথিদের নিয়মিত ডিব্রিফিং করা হয়। শেখ হাসিনাও এর ব্যতিক্রম নন। প্রতিবেদনে বলা হয়েছে, এসব ডিব্রিফিংয়ে তাকে ভারতের মনোভাব ও প্রত্যাশার কথা জানানো হয়েছে। দুই পক্ষের মধ্যে এ বিষয়ে মতৈক্য হওয়ার পরই শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিবিসির এসব তথ্য ও বক্তব্য ভারত সরকারের আনুষ্ঠানিক ঘোষণা নয়। এগুলো সংবাদমাধ্যমের অনুসন্ধান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য এবং কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত বিশ্লেষণ। তা সত্ত্বেও প্রতিবেদনটি বাংলাদেশের জন্য কয়েকটি মৌলিক রাজনৈতিক, সাংবিধানিক ও কূটনৈতিক প্রশ্ন সামনে এনেছে।

বিবিসির প্রতিবেদনে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়মিত ডিব্রিফিংয়ের মাধ্যমে ভারতের মনোভাব ও প্রত্যাশা জানানোর কথা বলা হয়েছে। ডিব্রিফিং বলতে সাধারণত কোনো ব্যক্তির কাছ থেকে তথ্য, অভিজ্ঞতা ও পরিস্থিতির বিবরণ সংগ্রহ এবং প্রাসঙ্গিক মূল্যায়ন ও অবস্থান বিনিময়ের প্রক্রিয়াকে বোঝায়। নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমে এর বিশেষ ব্যবহার রয়েছে।

এসব প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ। কারণ একজন ব্যক্তি বিদেশে অবস্থান করছেন— এটি এক বিষয়; আর তার অবস্থান, রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশে ফেরার সিদ্ধান্ত যদি আশ্রয়দাতা রাষ্ট্রের কৌশলগত বিবেচনার সঙ্গে যুক্ত হয়, তা হলে সেটি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক বাস্তবতা তৈরি করে। শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত ইচ্ছার বিষয় হতে পারে, কিন্তু বাংলাদেশের কাছে তার প্রত্যর্পণের যে আনুষ্ঠানিক অনুরোধ রয়েছে, তার নিষ্পত্তি একটি স্বতন্ত্র রাষ্ট্রীয় ও আইনগত বিষয়। 

বাংলাদেশ সরকার ২০২৪ সাল থেকে কূটনৈতিক নোট বা নোট ভারবালের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে। ভারতও বিষয়টি আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তির কথা বলেছে। কিন্তু এখন পর্যন্ত প্রত্যর্পণের অনুরোধের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি ২০১৩ সালে স্বাক্ষরিত হয় এবং ২০১৬ সালে সংশোধিত হয়। চুক্তির প্রথম অনুচ্ছেদে প্রত্যর্পণের পারস্পরিক বাধ্যবাধকতা স্বীকৃত হয়েছে। 

তবে এই বাধ্যবাধকতা চুক্তির অন্যান্য বিধানসাপেক্ষ। ষষ্ঠ অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম এবং সপ্তম ও অষ্টম অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের নির্দিষ্ট ভিত্তি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ চুক্তিতে প্রত্যর্পণের বাধ্যবাধকতা যেমন রয়েছে, তেমনি নির্দিষ্ট আইনি পরিস্থিতিতে প্রত্যাখ্যানের সুযোগও রয়েছে। কিন্তু সেই সুযোগ কোনো রাষ্ট্রের অবাধ রাজনৈতিক বিবেচনার বিষয় নয়; চুক্তিতে নির্ধারিত শর্ত ও আইনগত ভিত্তির আলোকে তা বিবেচনা করতে হবে।

ভারত কেন বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধের নিষ্পত্তি করছে না? ভারত কি তার দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র শেখ হাসিনাকে একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে বাংলাদেশের হাতে তুলে দিতে অনিচ্ছুক? নাকি তার নিরাপত্তা, বিচারিক অধিকার ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছে? 

বাংলাদেশের একজন নাগরিক দেশে ফিরলে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার অর্থ বিচারিক প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া নয়। নিরাপত্তা, আইনের আশ্রয় লাভ, আত্মপক্ষ সমর্থনের অধিকার এবং আদালতের আদেশ কার্যকর করা— সব কিছুই একই সঙ্গে নিশ্চিত করতে হবে। কোনো বিদেশি রাষ্ট্রের রাজনৈতিক শর্ত বাংলাদেশের বিচারিক কর্তৃত্বের বিকল্প হতে পারে না।

বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লি সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি সেনাপ্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেন। ভারতীয় সামরিক সূত্রের বরাতে বিবিসি এই বৈঠকের সঙ্গে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার নিরাপত্তার প্রশ্নের যোগসূত্র তুলে ধরেছে। তবে এ বিষয়ে কোনো প্রকাশ্য সরকারি নথি বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ফলে বৈঠকের প্রকৃত আলোচ্য বিষয় সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। তবু সামরিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে একটি মৌলিক সাংবিধানিক প্রশ্ন রয়েছে। 

বাংলাদেশের সেনাবাহিনী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক দলের নয়; কোনো ব্যক্তির রাজনৈতিক প্রত্যাবর্তনের মধ্যস্থতাকারীও নয়। সেনাবাহিনীর ভূমিকা ও দায়িত্ব বাংলাদেশের সংবিধান, আইন এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের অধীনেই নির্ধারিত হবে। অন্য কোনো রাষ্ট্রের প্রত্যাশা কিংবা রাজনৈতিক স্বার্থ বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা নির্ধারণ করতে পারে না। 

বিবিসির প্রতিবেদনের বিশ্লেষণ হলো— হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা বাস্তবায়িত না হলেও ভারত কূটনৈতিকভাবে লাভবান হতে পারে। প্রতিবেদনে দিল্লির একজন কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলেছে, হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বা সরকারের অবস্থানের কারণে তা সম্ভব হয়নি— ভারত তখন এমন অবস্থান তুলে ধরতে পারবে। ভারতের সামনে কয়েকটি স্বার্থের প্রশ্ন রয়েছে।

প্রথমত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা। দ্বিতীয়ত আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক বজায় রাখা। তৃতীয়ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক সমালোচনা মোকাবিলা করা। চতুর্থত নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক শক্তিগুলোর কাছে ভারতের নির্ভরযোগ্য মিত্র হিসেবে ভাবমূর্তি ধরে রাখা। ভারত হয়তো মনে করছে, হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের একটি সুযোগ তৈরি করতে পারে। কিন্তু সেই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্তে কোনো প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টি হলে তা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে নতুন সংকট তৈরি করবে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। কোনো বিদেশি রাষ্ট্রের পছন্দ বা অপছন্দ সেই সিদ্ধান্তের বৈধতার উৎস হতে পারে না। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বন্ধুত্বের অর্থ অধীনতা নয়; কূটনৈতিক সহযোগিতার অর্থ সার্বভৌম সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপের সুযোগ দেওয়া নয়। হাসিনার দেশে ফেরার বিষয়টি তাই কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের প্রশ্ন নয়। এটি বাংলাদেশের বিচারিক কর্তৃত্ব, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সার্বভৌম সমতার পরীক্ষাও বটে। 

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্তের কোনো বিদেশি নকশা গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা বাংলাদেশের জনগণের। এই ক্ষমতার ওপর কোনো বিদেশি রাষ্ট্রের কৌশলগত স্বার্থ, রাজনৈতিক পছন্দ কিংবা কূটনৈতিক সমঝোতা প্রাধান্য বিস্তার করতে পারে না। রাষ্ট্রের সার্বভৌমত্ব কেবল ভৌগোলিক সীমান্তের অখণ্ডতা নয়; রাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, বিচারিক কর্তৃত্ব এবং জনগণের ইচ্ছার স্বাধীন প্রকাশও সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ।

বাংলাদেশকে এই মৌলিক সত্যটি প্রতিষ্ঠা করতে হবে : হাসিনার দেশে ফেরা বাংলাদেশের আইন ও বিচারিক প্রক্রিয়ার বিষয়; বাংলাদেশের ভবিষ্যৎ দিল্লির কূটনৈতিক হিসাবের বিষয় নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের।

লেখক : গীতিকবি
মতামত লেখকের নিজস্ব

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   শেখ হাসিনা  ভারত  কূটনীতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: