হাসিনাকে ফেরানোর জন্য তার কি ভারতে বন্দি থাকা জরুরি?

মাহতাব মুহাম্মদ

মতামত

ভারতে অবস্থানরত শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে

2026-11-12T06:21:23+00:00
2026-11-12T06:21:23+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
মতামত
বন্দিবিনিময় বনাম প্রত্যর্পণ চুক্তি
হাসিনাকে ফেরানোর জন্য তার কি ভারতে বন্দি থাকা জরুরি?
মাহতাব মুহাম্মদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:২১ এএম 
গ্রাফিক : সময়ের আলো
ভারতে অবস্থানরত শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীর মাধ্যমে ই-মেইল পাঠানো হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। হাসিনার পক্ষে করা এই আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এরপর থেকেই হাসিনার দেশে ফেরা, তাকে ফিরিয়ে আনা এবং বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা নতুন করে জোরালো হয়েছে।

বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরেই প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ ক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থকদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, হাসিনা বন্দিবিনিময় চুক্তির আওতায় পড়েন কি না। তাদের যুক্তি, ভারত তো হাসিনাকে বন্দি করেনি। তিনি যেহেতু ভারতে বন্দি নন, তাই তার ক্ষেত্রে বন্দিবিনিময় চুক্তি প্রযোজ্য হবে না। এ নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন।

হাসিনার প্রত্যর্পণ নিয়ে এই বিভ্রান্তির প্রধান কারণ হলো— ‘বন্দিবিনিময়’ শব্দটির ভুল প্রয়োগ। কূটনীতি ও আন্তর্জাতিক আইনের পরিভাষায় বিষয়টিকে বন্দিবিনিময় বলা হয় না; বলা হয় ‘প্রত্যর্পণ’, যার ইংরেজি প্রতিশব্দ এক্সট্র্যাডিশন। আইন ও বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় চুক্তির বিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে নিজ দেশে ফেরত চাওয়ার জন্য সংশ্লিষ্ট দেশে তার আনুষ্ঠানিকভাবে গ্রেফতার বা কারাবন্দি থাকা বাধ্যতামূলক নয়।

সাধারণ আলোচনায় ‘বন্দিবিনিময় চুক্তি’ বলা হলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালের ২৮ জানুয়ারি স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত চুক্তিটির সঠিক নাম হলো— ‘ভারত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণবিষয়ক চুক্তি’। চুক্তির শিরোনামেই বিষয়টি স্পষ্ট। সেখানে বন্দিবিনিময়ের কোনো উল্লেখ নেই।

বন্দিবিনিময় ও প্রত্যর্পণ দুটি ভিন্ন আইনি প্রক্রিয়া। কোনো দেশে বিদেশি নাগরিক আদালতে দণ্ডিত হলে এবং সাজা ভোগের জন্য নিজ দেশে ফিরতে চাইলে বা তার নিজ দেশ তাকে ফিরিয়ে নিতে চাইলে বন্দি স্থানান্তর সংক্রান্ত চুক্তি প্রযোজ্য হতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১০ সালে স্বাক্ষরিত সাজাপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরবিষয়ক চুক্তি প্রয়োগের সুযোগ রয়েছে। অন্যদিকে যুদ্ধবন্দিদের বিনিময়ের ক্ষেত্রে ১৯৪৯ সালের তৃতীয় জেনেভা কনভেনশন প্রযোজ্য। প্রত্যর্পণের বিষয়টি আলাদা। কোনো ব্যক্তি নিজ দেশে অপরাধ করে বা অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে অন্য দেশে আশ্রয় নিলে তাকে বিচারের মুখোমুখি করতে নিজ দেশে ফেরত চাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি আশ্রয় নেওয়া দেশে মুক্তভাবে চলাফেরা করছেন, নাকি কারাবন্দি আছেন, তা প্রত্যর্পণের মৌলিক শর্ত নয়। সুতরাং শেখ হাসিনা ভারতে বন্দি না থাকলেও বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় তার প্রত্যর্পণ চাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে এ বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। চুক্তির ১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উভয় দেশ একে অপরের কাছে পলাতক অপরাধীদের হস্তান্তরে অঙ্গীকারবদ্ধ। ২(১) অনুচ্ছেদ অনুসারে কোনো অপরাধ উভয় দেশের আইনেই অন্তত এক বছরের কারাদণ্ডে দণ্ডনীয় হলে তা প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। অভিযোগগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের শাস্তি চুক্তিতে নির্ধারিত ন্যূনতম সাজার চেয়ে অনেক বেশি। ফলে এসব অভিযোগের ভিত্তিতে তার প্রত্যর্পণ চাওয়ার আইনি সুযোগ রয়েছে। চুক্তির ১০(৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যর্পণের আবেদন জানানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। অন্যদিকে ১০(৪) অনুচ্ছেদে অভিযুক্ত ব্যক্তি আদালতে দণ্ডিত হলে এবং আইনি প্রতিকার গ্রহণের সব সুযোগ শেষ হলে প্রত্যর্পণের বিষয়টি কার্যকর করার বিধান রয়েছে। এসব বিধানে বিদেশে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার বা কারাবন্দি আছেন কি না, তাকে প্রত্যর্পণের পূর্বশর্ত করা হয়নি।

তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে ফেরত চাওয়ার আইনি ভিত্তি পেয়েছে।

আন্তর্জাতিক প্রত্যর্পণ চুক্তিতে সাধারণত রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ না করার একটি সুযোগ রাখা হয়। কোনো ব্যক্তি তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করতে পারেন। তবে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে এ ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। চুক্তির ৬(১) অনুচ্ছেদ অনুযায়ী অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে। তবে ৬(২) অনুচ্ছেদে কয়েকটি অপরাধকে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, নরহত্যা, গুরুতর শারীরিক আঘাত, বোমা বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ড। অর্থাৎ এসব অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে দেখিয়ে প্রত্যর্পণ এড়ানোর সুযোগ সীমিত।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনেও বিস্তারিত তথ্য উঠে এসেছে। এ ছাড়া মানুষ হত্যার নির্দেশ সংক্রান্ত তার কথোপকথন ফাঁস হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। এসব বিষয় বিবেচনায় তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করার বিষয়টি প্রত্যর্পণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বিতর্ক তৈরি করতে পারে।

প্রমাণের অপর্যাপ্ততা কিংবা ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কার প্রশ্নও এখানে প্রাসঙ্গিক। তবে জাতিসংঘের প্রতিবেদন এবং বিচারপ্রক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী নিয়োগের সুযোগসহ অনুসৃত আইনি প্রক্রিয়ার বিষয়গুলো এ ক্ষেত্রে বিবেচনায় আসতে পারে। ভারত প্রত্যর্পণ চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদসহ যেসব বিধানের কথা উল্লেখ করে হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে, সেগুলোর আইনি ভিত্তি ও প্রয়োগ নিয়েও আলোচনা প্রয়োজন। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনা ভারতে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার বা কারাবন্দি না থাকলেও বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তার প্রত্যর্পণ দাবি করার সুযোগ বাংলাদেশের রয়েছে। এ ক্ষেত্রে তিনি ভারতে বন্দি আছেন কি না, সেটি মূল আইনি প্রশ্ন নয়। বরং চুক্তির শর্ত পূরণ হয়েছে কি না এবং প্রত্যর্পণের আবেদন বিবেচনার ক্ষেত্রে কোনো আইনি ব্যতিক্রম প্রযোজ্য কি না, সেটিই গুরুত্বপূর্ণ।


লেখক : রাজনৈতিক বিশ্লেষক
মতামত লেখকের নিজস্ব


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   হাসিনা  ফেরানো  ভারত  বন্দি  জরুরি 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: