ছবি : সংগৃহীত গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহিদ নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। প্রতি বছর ১০ নভেম্বর তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পালিত হয় শহিদ নূর হোসেন দিবস। এই দিনটি কেবল একজন শহিদের স্মরণে নয়, বরং গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করারও দিন।
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ১৯৮৭ সালের ১০ নভেম্বর একটি স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলন যখন তীব্র আকার ধারণ করেছিল, তখন রাজধানীর রাজপথে প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছিলেন যুবক নূর হোসেন। তার বুক ও পিঠে সাদা রঙে লেখা ছিল— ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। এই স্লোগান শুধু একটি প্রতিবাদের ভাষা ছিল না, এটি ছিল একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।
সেদিন স্বৈরাচারবিরোধী আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে শহিদ হন নূর হোসেন। তার এই আত্মদান দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করে। তিনি হয়ে ওঠেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাহস, প্রতিবাদ ও আত্মত্যাগের প্রতীক। একজন সাধারণ পরিবারের সন্তান হয়েও তিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম অমর করে রেখেছেন।
নূর হোসেনের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্র কখনো আপনাআপনি প্রতিষ্ঠিত হয় না। এর জন্য প্রয়োজন জনগণের সচেতনতা, রাজনৈতিক সদিচ্ছা, আইনের শাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, স্বাধীন বিচারব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণ।
দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার এত বছর পরও গণতন্ত্রের প্রত্যাশা পূরণে আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। রাজনৈতিক বিভেদ, সহিংসতা, অসহিষ্ণুতা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং নির্বাচনব্যবস্থার প্রতি আস্থার সংকট গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করে। গণতন্ত্রের নামে যদি জনগণের মতামত উপেক্ষিত হয়, যদি ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না থাকে, তা হলে গণতন্ত্রের প্রকৃত চেতনা প্রতিষ্ঠা সম্ভব নয়।
শহিদ নূর হোসেন দিবস আমাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আমরা কি সত্যিকার অর্থে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পেরেছি? মানুষের বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার কতটা সুরক্ষিত? রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে কি জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরি। কারণ গণতন্ত্র কেবল নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চর্চার বিষয়। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা গড়ে তুলতে হবে। বিরোধী মতকে শত্রু হিসেবে বিবেচনা না করে গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ দিতে হবে। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে শহিদ নূর হোসেনের জীবন ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা প্রয়োজন। তারা যেন বুঝতে পারে, গণতন্ত্র কোনো ব্যক্তির কিংবা কোনো দলের সম্পদ নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার। শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। নতুন প্রজন্মকে দায়িত্বশীল, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শহিদ নূর হোসেনের স্মৃতিকে সম্মান জানানোর সবচেয়ে বড় উপায় হলো তার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। শুধু দিবস পালন, আলোচনা সভা কিংবা ফুল দিয়ে শ্রদ্ধা জানালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তার আত্মত্যাগের তাৎপর্য উপলব্ধি করে রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
১০ নভেম্বর আমাদের কাছে তাই শোকের পাশাপাশি শপথেরও দিন। এই দিনে আমাদের অঙ্গীকার হোক— দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সব ধরনের স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা।
শহিদ নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের নেতাকর্মী, লেখক, কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ নানা শ্রেণির মানুষকে আলোড়িত করেছিল দারুণভাবে। তাকে নিয়ে লেখা হয় অনেক কবিতা, গল্প, গান আর নাটকও। বুকে ও পিঠে লেখা স্লোগানটি সারা দেশের জনতার স্লোগানে পরিণত হয়।
ফলে সেই সংগ্রামের ধারায় ১৯৯০ সালের ৪ ডিসেম্বর স্বৈরাচারী শাসক পদত্যাগ করতে বাধ্য হয়। এর মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। বাংলার মানুষ পায় ভাত ও ভোটের অধিকার। স্বাধীনতার পর বাঙালি জাতি যেন আবার নতুন করে পায় স্বাধীনতার স্বাদ। শহিদ নূর হোসেন একটি নাম, একটি ইতিহাস, একটি প্রতিবাদী চেতনা। তার রক্তে লেখা সেøাগান আজও আমাদের পথ দেখায়। গণতন্ত্রের জন্য তার আত্মত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, গণতন্ত্রের বিজয়ই হোক শহিদ নূর হোসেনের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন। শহিদ নূর হোসেনের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।
গণমাধ্যম কর্মী ও সমাজচিন্তক
মতামত লেখকের নিজস্ব
সময়ের আলো/প্রিন্ট/জেডি