প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ এএম
গ্রাফিক : সময়ের আলো বীমা মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিপদের সময়ে বীমার অর্থ পাওয়ার আশায় মানুষ সারা জীবনের সঞ্চয় থেকে প্রিমিয়াম জমা দেন। এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা অত্যন্ত জরুরি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই কোনো বীমা কোম্পানি ব্যাংকের মতো স্থায়ী আমানত বা এফডিআরের আদলে অর্থ সংগ্রহ করলে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। অভিযোগটি সত্য হলে তা শুধু একটি কোম্পানির অনিয়ম নয়, পুরো বীমা খাতের জন্য বিপদের কারণ হতে পারে।
সময়ের আলোয় গতকাল প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স একটি পলিসি বিক্রি করছে। এতে গ্রাহক এককালীন ৩০ হাজার থেকে ৫ কোটি টাকা পর্যন্ত জমা দিতে পারেন। তিন থেকে ছয় বছর মেয়াদি এই পলিসিতে নির্দিষ্ট সময় পরপর গ্রাহককে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। পলিসির প্রচারপত্রে মাসিক মুনাফার কথা বলা হলেও সুবিধার বিবরণে ত্রৈমাসিক টাকা দেওয়ার হিসাবও রয়েছে।
প্রশ্ন হচ্ছে, এটি আসলে বীমা পলিসি, নাকি আমানত সংগ্রহের বিকল্প ব্যবস্থা? বীমা কোম্পানির কাজ ঝুঁকির বিপরীতে আর্থিক সুরক্ষা দেওয়া। ব্যাংকের মতো আমানত সংগ্রহ করে নিয়মিত মুনাফা দেওয়ার এখতিয়ার তাদের আছে কি না সেই প্রশ্ন উঠেছে।
এই পলিসির অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে যে, গ্রাহকদের নিয়মিত যে টাকা দেওয়া হচ্ছে, তা হিসাবের খাতায় সারভাইভাল বেনিফিট বা জীবনধারণ সুবিধা হিসেবে দেখানো হচ্ছে। অথচ অনুমোদিত বীমা পলিসিতে এ ধরনের টাকা দেওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই অভিযোগের সত্যতা যাচাই করা জরুরি। বীমা কোম্পানিটির আর্থিক অবস্থাও স্বস্তিদায়ক নয়।
বীমা বিশেষজ্ঞদের আশঙ্কা, অনুমোদন ছাড়া নতুন পলিসি বিক্রি এবং অতিরিক্ত ব্যয় অব্যাহত থাকলে একসময় কোম্পানি গ্রাহকদের পাওনা পরিশোধে ব্যর্থ হতে পারে। তখন ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। কোনো একটি বীমা প্রতিষ্ঠানে অনিয়ম করার সুযোগ থাকলে অন্য বীমা কোম্পানি অন্যায় উৎসাহ পেতে পারে। তারাও একই পথে চলার সুযোগ নিতে পারে। এতে পুরো বীমা খাতে অনিয়ম ছড়িয়ে পড়তে পারে। বীমা খাতের সবচেয়ে বড় শক্তি মানুষের আস্থা। এক বা একাধিক প্রতিষ্ঠানের অনিয়ম সেই আস্থাকে দুর্বল করে দিতে পারে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলেছে, যথাযথ অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা বলতে চাই, শুধু অভিযোগের অপেক্ষায় বসে থাকলে চলবে না। উত্থাপিত অভিযোগের ভিত্তিতে নিয়ন্ত্রক সংস্থার নিজস্ব উদ্যোগে তদন্ত শুরু করা প্রয়োজন। অনিয়মের যেসব অভিযোগ উঠেছে তার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করা জরুরি।
অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে গ্রাহকদের জমা করা টাকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো কোম্পানিকে আইনের ঊর্ধ্বে রাখা যায় না। বীমা খাতের প্রতি মানুষের আস্থা রক্ষা করতে হলে নিয়ন্ত্রক সংস্থাকে সক্রিয় হতে হবে। সাধারণ মানুষের সঞ্চয় নিয়ে কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া যায় না।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে