মো. মারুফ রহমান
গ্রাফিক : সময়ের আলো প্রতিদিন সকালে সংবাদপত্রের পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় চোখ রাখলে যে বিষয়টি আমাদের বারবার ব্যথিত করে, তা হলো সড়ক দুর্ঘটনা। কোথাও বাস-ট্রাকের সংঘর্ষ, কোথাও মোটরসাইকেল দুর্ঘটনা, আবার কোথাও রিকশা দুর্ঘটনায় ঝরে যাচ্ছে তাজা প্রাণ। যেখানে যানবাহনের মাধ্যমে মানুষ পৌঁছে যায় নিজ নিজ গন্তব্যে, সেখানে সড়ক দুর্ঘটনা নিঃশেষ করে দিচ্ছে গোছানো সব স্বপ্ন। প্রতিটি দুর্ঘটনার পেছনে থেকে যায় অনেক অসমাপ্ত স্বপ্ন, কিছু অপূর্ণ প্রত্যাশা আর অসংখ্য মানুষের দীর্ঘশ্বাস। যে মানুষটি সকালে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে জীবিকার সন্ধানে বের হয়, সে হয়তো আর কখনো ঘরে ফিরে আসে না। তার অপেক্ষায় থাকা মানুষগুলোকে বাকি জীবন কাটাতে হয় একরাশ শূন্যতা আর অপেক্ষা নিয়ে।
সড়ক ব্যবস্থাপনা আজ প্রশ্নের সম্মুখীন, আর কত প্রাণ হারালে আমরা সড়ক নিরাপত্তাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করব, আর কত পরিবার প্রিয়জন হারানোর যন্ত্রণা বয়ে বেড়ালে আমাদের উপলব্ধি হবে যে এই সংকটের সমাধান কতটা গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি কর্মস্থলে গিয়ে আবার নিরাপদে বাসায় ফিরে আসতে পারবেন কি না তা আমাদের অনিশ্চয়তার মাঝে নিক্ষেপ করে। সড়ক দুর্ঘটনাকে শুধু ভাগ্যের নির্মম পরিণতি বলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রতিটি দুর্ঘটনার কারণ এক নয়, কিন্তু অনেক দুর্ঘটনার পেছনে থাকে মানুষের অসতর্কতা, নিয়ম না মানার প্রবণতা, দুর্বল ব্যবস্থাপনা কিংবা অবকাঠামোগত ত্রুটি। এসব কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে বহু দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
প্রথমত বেপরোয়া গতি ও ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা বন্ধ করতে হবে। অনেক সময় আগে পৌঁছানোর প্রতিযোগিতায় চালকরা গতিসীমা অতিক্রম করেন, ঝুঁকিপূর্ণভাবে অন্য গাড়িকে অতিক্রম করেন কিংবা বিশ্রাম ছাড়াই দীর্ঘ সময় গাড়ি চালান। কয়েক মিনিট সময় বাঁচানোর এই প্রবণতা কখনো কখনো কেড়ে নেয় একটি জীবন। তাই চালকদের দায়িত্বশীল আচরণের পাশাপাশি গতিসীমা মেনে চলা নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত চালকের দক্ষতা ও যানবাহনের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, যথাযথ প্রশিক্ষণের অভাব এবং ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় চলতে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লাইসেন্স প্রদান থেকে শুরু করে যানবাহনের ফিটনেস পরীক্ষা পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত আমাদের সড়কব্যবস্থার কাঠামোগত দুর্বলতাগুলো দূর করতে হবে। একই সড়কে দ্রুতগতির যানবাহন যেমন— বাস, ট্রাকের সঙ্গে ধীরগতির যানবাহনের চলাচল, ঝুকিপূর্ণ একাধিক রাস্তার সংযোগস্থল ও মোড়, পর্যাপ্ত ফুটপাথের অভাব এবং রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজের সংকট ও অব্যবস্থাপনা দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়। শুধু নতুন সড়ক নির্মাণ করলেই হবে না; সড়কটি কতটা নিরাপদ, পথচারীরা কতটা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন এবং যানবাহনের গতি কতটা নিয়ন্ত্রিত থাকছে, সেদিকেও নজর দিতে হবে।
চতুর্থত আইন প্রয়োগে অনিয়ম ও জবাবদিহির অভাব দূর করা প্রয়োজন। আইন থাকলেই তার সুফল পাওয়া যায় না; আইন সবার ক্ষেত্রে সমানভাবে কার্যকর হতে হয়। প্রভাবশালী ব্যক্তি হোক কিংবা সাধারণ চালক নিয়ম ভাঙলে যথাযথ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
সড়ক দুর্ঘটনার ক্ষতি শুধু নিহত বা আহত ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারালে একটি পরিবার অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়ে। সন্তান হারানো মা-বাবা, জীবনসঙ্গী হারানো স্বামী বা স্ত্রী কিংবা অভিভাবকহীন হয়ে পড়া শিশুর জীবনে যে শূন্যতা তৈরি হয়, তা কোনো ক্ষতিপূরণ দিয়ে পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। অন্যদিকে রাষ্ট্র হারায় কর্মক্ষম মানুষ, আর সমাজ হারায় তার সম্ভাবনাময় সদস্যদের। তাই সড়ক নিরাপত্তা কেবল পরিবহন খাতের সমস্যা নয়; এটি, মানবিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটও।
তাই এই সংকট কাটিয়ে উঠতে প্রথমেই প্রয়োজন আইনের কঠোর ও বস্তুনিষ্ঠ প্রয়োগ। চালকের লাইসেন্স, যানবাহনের ফিটনেস, গতিসীমা এবং ট্রাফিক আইন অমান্য করার বিষয়ে কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া যাবে না। শাস্তির ব্যবস্থা কার্যকর করার পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, পর্যাপ্ত বিশ্রাম এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি। সড়ক নির্মাণ ও সংস্কারে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ঝুঁকিপূর্ণ বাঁক, দুর্ঘটনাপ্রবণ স্থান এবং অপর্যাপ্ত সড়কচিহ্ন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যেখানে সম্ভব, দ্রুত ও ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন বা উপযুক্ত বিকল্প চলাচলব্যবস্থা গড়ে তুলতে হবে। পথচারীদের জন্য নিরাপদ ফুটপাথ, পারাপারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় আলোকসজ্জাও নিশ্চিত করতে হবে।
সড়ক দুর্ঘটনারোধে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে যেমন সিসি ক্যামেরা, গতিসীমা শনাক্তকরণ ব্যবস্থা এবং ডিজিটাল নজরদারি বেপরোয়া গাড়ি চালানো নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। মানুষের আচরণেও পরিবর্তন আনতে হবে। সড়ক নিরাপত্তা শুধু চালকের দায়িত্ব নয়; যাত্রী, পথচারী, পরিবহন মালিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ— সবারই দায়িত্ব রয়েছে। পথচারীদের নিরাপদ পারাপার ব্যবহার করতে হবে, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরতে হবে, গাড়িতে সিটবেল্ট ব্যবহার করতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে ট্রাফিক আইন মেনে চলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে সড়ক নিরাপত্তা সম্পর্কে বাস্তবভিত্তিক শিক্ষা দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দায়িত্বশীল আচরণ গড়ে তোলা সম্ভব।
আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে একজন মানুষ সকালে ঘর থেকে বের হলে পরিবার নিশ্চিন্তে তার ফিরে আসার অপেক্ষা করতে পারে। যেখানে কোনো পরিবারকে সড়ক দুর্ঘটনায় প্রিয়জন হারিয়ে হঠাৎ করে জীবনের হিসাব যেন নতুন করে কষতে না হয়। যেখানে সড়ক উন্নয়নের সাফল্য শুধু যানবাহনের গতি দিয়ে নয়, মানুষের জীবনের নিরাপত্তা দিয়েও বিচার করা হবে। এই পরিবর্তন এক দিনে আসবে না।
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
মতামত লেখকের নিজস্ব
সময়ের আলো/প্রিন্ট/জেডি