প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:১৬ এএম
গ্রাফিক : সময়ের আলো জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বের দেশগুলো আবারও এক টেবিলে বসেছে। তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)। কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তুরস্ক যাচ্ছেন। সেখানে তিনি জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের পাঁচটি অগ্রাধিকার তুলে ধরবেন।
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো দীর্ঘদিন ধরে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আসছে। তবে সেই অর্থ পাওয়ার প্রক্রিয়া বেশ জটিল। অনেক ক্ষেত্রে ঋণ নিতে হয়। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা করতে গিয়ে নতুন ঋণের বোঝা নেওয়া বাংলাদেশের মতো দেশের জন্য ন্যায়সংগত কি না সেই প্রশ্ন রয়েছে। যে দেশগুলো দীর্ঘদিন ধরে বেশি কার্বন নিঃসরণ করেছে, তাদেরই ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব বেশি। এই দায়িত্বকে দয়া বা অনুগ্রহ হিসেবে দেখার সুযোগ নেই। কাজেই বাংলাদেশের প্রধান দাবি হওয়া উচিত জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর দাবিও তুলতে হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। তাই এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় অবকাঠামো উন্নয়ন, উপকূলীয় বাঁধের রক্ষণাবেক্ষণ, নিরাপদ পানির ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণ জরুরি। এসব কাজে অর্থায়নের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও দক্ষতা প্রয়োজন। উন্নত দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তরের বাধা দূর করতে হবে।
বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নেও চাপ দিতে হবে। প্রতিশ্রুতি দেওয়ার পর তা কতটা বাস্তবায়িত হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা দরকার। এবারের সম্মেলনে অভিযোজনের তহবিল তিনগুণ করার দাবিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে অর্থের পরিমাণ বাড়ানোর পাশাপাশি তা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে। এই টাকা কোথায় যাচ্ছে, কীভাবে খরচ হচ্ছে এবং তাতে কতটা সুফল মিলছে, তারও কার্যকর নজরদারি থাকা প্রয়োজন। জলবায়ু অর্থায়নের নামে নতুন কোনো ঋণনির্ভরতা তৈরি হওয়া উচিত নয়। নিজস্ব অর্থায়নে পরিচালিত জলবায়ু ট্রাস্ট ফান্ডের টাকা যেন যথাযথভাবে ব্যবহার হয় সেটা নিশ্চিত করতে হবে।
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় বাংলাদেশ কিছু উদ্যোগ নিয়েছে। খাল খনন, বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কর্মসূচি এর মধ্যে উল্লেখযোগ্য। এসব উদ্যোগের ধারাবাহিকতা ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু ঝুঁকিকে গুরুত্ব দিতে হবে। উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় পরিবেশের ওপর তার প্রভাব বিবেচনা করা জরুরি।
কপ সম্মেলন শুধু বক্তৃতা ও প্রতিশ্রুতির মঞ্চ হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কোনো লাভ হবে না। অতীতের সম্মেলনগুলোতে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেসব সিদ্ধান্ত বাস্তবায়নে ঘাটতি রয়ে গেছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এবারের সম্মেলনে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে তা বাস্তবায়নের অগ্রগতি বেশি গুরুত্ব পাওয়া উচিত। বাংলাদেশের প্রতিনিধি দলকে তাই শুধু দাবি উত্থাপন নয়, সেগুলো বাস্তবায়নের জন্য কার্যকর কূটনৈতিক উদ্যোগও নিতে হবে। এ লক্ষ্যে অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে সমন্বিত অবস্থান গড়ে তুলতে হবে।
জলবায়ু পরিবর্তনের দায় ও ক্ষতি সব দেশের জন্য সমান নয়। যারা বেশি দূষণ করেছে, তাদের দায়িত্বও বেশি। বাংলাদেশের দাবি তাই ন্যায্যতার দাবি। জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কপ-৩১ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখি।
সময়ের আলো/প্রিন্ট/জেডি