প্রযুক্তিনির্ভর সেবায়ও নাগরিকদের ভোগান্তি : দুর্নীতি রোধে চাই কার্যকর ডিজিটাল ব্যবস্থা

মতামত

সরকারি সেবা পেতে গিয়ে নাগরিকদের প্রায়ই হয়রানির শিকার হতে হয়। প্রযুক্তির ব্যবহার বাড়লেও এই চিত্রের খুব বেশি পরিবর্তন হয়নি। অনলাইনে

2026-11-11T06:51:27+00:00
2026-11-11T06:51:27+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মতামত
প্রযুক্তিনির্ভর সেবায়ও নাগরিকদের ভোগান্তি : দুর্নীতি রোধে চাই কার্যকর ডিজিটাল ব্যবস্থা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৫১ এএম 
গ্রাফিক : সময়ের আলো
সরকারি সেবা পেতে গিয়ে নাগরিকদের প্রায়ই হয়রানির শিকার হতে হয়। প্রযুক্তির ব্যবহার বাড়লেও এই চিত্রের খুব বেশি পরিবর্তন হয়নি। অনলাইনে আবেদন করা যাচ্ছে, ঘরে বসে ফি জমা দেওয়া যাচ্ছে তবে অনেক ক্ষেত্রে সেবা পেতে শেষ পর্যন্ত কর্মকর্তার দ্বারস্থ হতে হচ্ছে। কোনো কোনো সেবার ক্ষেত্রে দালালের সহায়তা ছাড়া কাজ করাই কঠিন। ফলে ডিজিটাল সেবার সুফল সাধারণ মানুষের কাছে পুরোপুরি পৌঁছাচ্ছে না।

গত এক দশকে সরকারি সেবার অনেক ক্ষেত্রেই ডিজিটাল ব্যবস্থা চালু হয়েছে। এর উদ্দেশ্য ছিল সেবাপ্রাপ্তি সহজ করা এবং অনিয়ম বন্ধ করা। তবে বাস্তব চিত্র ততটা আশাব্যঞ্জক নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন সরকারি ও আধা-সরকারি সেবা খাতে প্রায় ১২ হাজার ৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। আগের বছরের তুলনায় এই অঙ্ক প্রায় ১৬ শতাংশ বেশি। একই সময়ে দুর্নীতির শিকার পরিবারের হার বেড়ে ৮১ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রযুক্তির ব্যবহার বাড়লেও সাধারণ মানুষের ভোগান্তি ও ঘুষের চাপ কমেনি।

সরকারি সেবায় অনলাইন ব্যবস্থা থাকার পরও কেন মানুষকে বাড়তি টাকা দিতে হচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি। কিছু সেবা পাওয়ার প্রশ্নে অনলাইনে আবেদন জমা দিলেও যাচাই, অনুমোদন কিংবা চূড়ান্ত সেবা পাওয়ার ক্ষেত্রে কর্মকর্তার ওপর নির্ভর করতে হয়। কোথাও কোথাও এই নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে ঘুষ আদায় করা হয়। আবার অনলাইনে কাজ করতে না পারার অজুহাতে দালালরা সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়।

দুর্নীতি কমাতে সরকারি সেবায় সরাসরি যোগাযোগের নির্ভরতা কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ওপর জোর দিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এটি সময়োপযোগী উদ্যোগ। তবে শুধু প্রযুক্তি চালু করলেই দুর্নীতি কমবে না। এর সঙ্গে প্রয়োজন প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি।

সরকারি সেবায় দুর্নীতি কমাতে আবেদন থেকে চূড়ান্ত অনুমোদন পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল করা জরুরি। কোনো পর্যায়ে অপ্রয়োজনীয়ভাবে কর্মকর্তার অনুমোদনের ওপর নির্ভরতা রাখা যাবে না। যেখানে মানুষের সিদ্ধান্ত অপরিহার্য, সেখানে সেই সিদ্ধান্তের কারণ ও সময়সীমা নথিভুক্ত করতে হবে। প্রতিটি সেবা দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে। নির্ধারিত সময়ে কাজ না হলে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাইতে হবে। একই সঙ্গে অনলাইন ও সরাসরি সেবার মধ্যে এমন সমন্বয় করতে হবে, যাতে কেউ ইচ্ছাকৃতভাবে ডিজিটাল প্রক্রিয়া এড়িয়ে অনিয়মের সুযোগ তৈরি করতে না পারে।

তবে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তাড়াহুড়ো করাও ঠিক হবে না। পর্যাপ্ত পরীক্ষা, দক্ষ জনবল এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রতিটি ব্যবস্থা চালু করতে হবে। গ্রাম ও শহরের মানুষের প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা এক নয়। তাই যারা অনলাইনে আবেদন করতে পারেন না, তাদের জন্য সহায়তাকেন্দ্র রাখতে হবে। তবে সেই সহায়তার নামে নতুন কোনো মধ্যস্বত্বভোগী যেন গড়ে নাা ওঠে সেটা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। সরকারি সেবার ফি, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের অবস্থা এবং সেবা পাওয়ার সময়সীমা সহজ ভাষায় প্রকাশ করতে হবে। অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   প্রযুক্তিনির্ভর সেবা  নাগরিক ভোগান্তি  দুর্নীতি  কার্যকর ডিজিটাল ব্যবস্থা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: