শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে

সম্পাদকীয়

মতামত

দেশজুড়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনায় মানুষের জীবন ও সম্পদও ঝুঁকির মুখে পড়ছে।

2026-11-12T06:19:53+00:00
2026-11-12T06:19:53+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
মতামত
কেন এই নাশকতা
শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে
সম্পাদকীয়
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:১৯ এএম 
গ্রাফিক : সময়ের আলো
দেশজুড়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনায় মানুষের জীবন ও সম্পদও ঝুঁকির মুখে পড়ছে। ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন একজন গাড়িচালক। এমন সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাজনৈতিক বিরোধ বা ক্ষমতার দ্বন্দ্বের কারণে নাগরিকদের জানমাল ধ্বংস করা চলে না। বাসে আগুন দেওয়া মানে শুধু একটি যানবাহন পুড়িয়ে দেওয়া নয়; এর মধ্য দিয়ে পরিবহন শ্রমিকদের জীবিকা ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয়। সড়কে আগুন জ্বালিয়ে বা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও জরুরি কাজে বের হওয়া ব্যক্তিরা বিপদে পড়েন। ফরিদপুরে ঘুমন্ত বাসচালকের মৃত্যুর ঘটনা প্রমাণ করে, এ ধরনের নাশকতা কতটা ভয়াবহ হতে পারে। রাজনৈতিক কর্মসূচির নামে এমন প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সরকার এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে। সরকারের দাবি, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সামনে রেখে অস্থিরতা সৃষ্টি এবং রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা চলছে। পুলিশও বলছে, এসব ঘটনার পেছনে পরিকল্পিত তৎপরতা রয়েছে। 

কারও দেশে ফেরা নিয়ে নানা বিতর্ক থাকতে পারে। তবে এটাকে কেন্দ্র করে সহিংসতা ছড়ানোর কোনো সুযোগ নেই। রাজনৈতিক দাবি বা অবস্থান জানানোর পথ হতে হবে শান্তিপূর্ণ ও আইনসম্মত। কোনো দল বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিতে পারে না।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা জরুরি। তবে ঢালাও গ্রেফতার, হয়রানি কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অপরাধী বানানো কাম্য নয়। আইজিপি নির্বিচার গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ বাস্তবায়নে পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে হবে। অপরাধের সঙ্গে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে গ্রেফতার ও তদন্তের প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে। নিরাপত্তার নামে নাগরিকের অধিকার ক্ষুণ্ন হলে তা পরিস্থিতি আরও জটিল করে তুলবে।

রাজনৈতিক দলগুলোর দায়িত্বও কম নয়। বিএনপি ডিসেম্বর মাসজুড়ে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক কর্মসূচি পালন করা প্রতিটি দলের গণতান্ত্রিক অধিকার। তবে সেই কর্মসূচি যেন পাল্টাপাল্টি শক্তি প্রদর্শন বা সংঘাতের কারণ না হয়, সে বিষয়ে দলগুলোকে সতর্ক থাকতে হবে। 

দেশ এখন রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময়ে নতুন করে সহিংসতা ও অস্থিরতা দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। আমরা চাই না, দেশে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নষ্ট হোক। কোনো কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হোক সেটা কাম্য নয়। নাশকতা প্রতিরোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে, জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

আমরা এমন পরিবেশ চাই, যেখানে মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারবে। ক্ষমতার লড়াই কিংবা রাজনৈতিক প্রতিশোধের আগুনে সাধারণ মানুষকে পুড়তে দেওয়া যায় না। রাজনৈতিক বিরোধের সমাধান করতে হবে গণতান্ত্রিক পথে। সব অবস্থায় মানুষের জীবন ও দেশের শান্তি-শৃঙ্খলাকে অগ্রগণ্য করতে হবে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   শান্তি  নিরাপত্তা  নিশ্চিত  করতে  হবে 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: