রাজনৈতিক বিরোধের নামে নাশকতা ও সহিংসতা বন্ধ হোক

রেজাউল করিম খোকন

মতামত

সাম্প্রতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দেশে অস্থিরতা সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। ঢাকা

2026-11-14T04:05:37+00:00
2026-11-14T04:05:37+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
মতামত
রাজনৈতিক বিরোধের নামে নাশকতা ও সহিংসতা বন্ধ হোক
রেজাউল করিম খোকন
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:০৫ এএম 
গ্রাফিক : সময়ের আলো
সাম্প্রতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দেশে অস্থিরতা সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং ঢাকা ও আরও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। গোপালগঞ্জে সশস্ত্র হামলায় পুলিশ ও সেনাসদস্যরাও সহিংসতার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, বিদেশে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার আর্থিক সহায়তা ও নির্দেশনায় দেশে এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

নাশকতা প্রতিরোধে পুলিশ মহাপরিদর্শক ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে বিএনপি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে।

সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, হামলা, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রাজধানীসহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। একই সময়ে শ্রমিক বিক্ষোভ ঘিরেও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি ও তিন দফা দাবিতে সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে কয়েকটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ হয়। জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে দুই পোশাকশ্রমিক আহত হন।

এদিকে নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে যায়। ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখের মৃত্যু হয়। নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়েও দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শরীয়তপুরের জাজিরায়ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিভিন্ন সেøাগান দিয়ে লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় জননিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। দাবি আদায়ের জন্য আন্দোলন, সভা-সমাবেশ ও প্রতিবাদও গণতান্ত্রিক অধিকারের অংশ। কিন্তু আন্দোলনের সঙ্গে যখন অগ্নিসংযোগ, বিস্ফোরণ, ভাঙচুর কিংবা মানুষের জীবনহানির ঘটনা যুক্ত হয়, তখন তা আর স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচির পর্যায়ে থাকে না। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা, উভয়ের জন্যই ক্ষতিকর।

বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে। এমন পরিস্থিতিতে অর্থনীতি সচল রাখা, কর্মসংস্থান বাড়ানো, বিনিয়োগ আকৃষ্ট করা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। রাজনৈতিক সহিংসতা ও নাশকতা সেই স্থিতিশীলতাকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে।

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো সাধারণ মানুষের মনে অতীতের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি ফিরিয়ে আনছে। গণপরিবহনে আগুন, সড়কে বিস্ফোরণ কিংবা জনবহুল এলাকায় সহিংসতা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। সবচেয়ে বড় কথা, এসব ঘটনায় শুধু রাজনৈতিক কর্মী বা কোনো নির্দিষ্ট পক্ষের মানুষই নন, নিরীহ নাগরিকরাও প্রাণ হারান কিংবা আহত হন।

গত দেড় দশকে রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিভিন্ন ঘটনায় সাধারণ মানুষকে চরম মূল্য দিতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে দেশবাসী নিশ্চয়ই এমন পরিস্থিতিতে ফিরে যেতে চায় না, যেখানে রাজনৈতিক বিরোধের জেরে মানুষের জীবন ও সম্পদ অনিরাপদ হয়ে পড়ে। তাই সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোকে রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ না করে আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই বিরোধ নিষ্পত্তির পথ খুঁজতে হবে।

এ পরিস্থিতিতে নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধেŸ উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ নাগরিক— সবার দায়িত্বশীল, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের মানুষ সংঘাত নয়, শান্তি চায়। আগুন নয়, নিরাপদ জীবন চায়। রাজনৈতিক প্রতিহিংসা নয়, গণতান্ত্রিক পরিবেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায়। তাই যেকোনো ধরনের অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক এবং রাজনৈতিকভাবে স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি। অগ্নিসন্ত্রাসের কোনো রাজনৈতিক বৈধতা নেই। নাশকতা গণতান্ত্রিক আন্দোলনের ভাষা হতে পারে না। জনগণের জানমাল রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করার মধ্য দিয়েই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।

নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে এ প্রতিরোধ হতে হবে শান্তিপূর্ণ ও আইনসম্মত। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটিয়ে বিপুলসংখ্যক মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের ক্ষতি করা সম্ভব হবে না, এমনটাই প্রত্যাশা।

কিছুদিন আগে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলা করেছে। তবে শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকারকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। শ্রমিক অসন্তোষের পেছনে থাকা সমস্যাগুলোর সমাধান না করে শুধু আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। ১৮ কোটি মানুষের বিপরীতে পুলিশের সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সব পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। এ কারণে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে চলমান প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের সামনে তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত গুজব ও অপতথ্য মোকাবিলায় নির্ভরযোগ্য তথ্য দ্রুত এবং স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত সম্ভাব্য সহিংসতা বা নাশকতা প্রতিরোধে আগাম ও পেশাদার নিরাপত্তাব্যবস্থা নিতে হবে। তবে তা যেন কোনোভাবেই রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বিচার হয়রানির অজুহাত না হয়ে ওঠে। তৃতীয়ত শেখ হাসিনার প্রত্যর্পণ ও দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক বক্তৃতার পরিবর্তে কঠোরভাবে আইনি এবং কূটনৈতিক কাঠামোর মধ্যে পরিচালনা করতে হবে।

রাজনৈতিক প্রত্যাবর্তনের ঘোষণা মানেই বাস্তবে দেশে ফিরে আসার নিশ্চয়তা নয়। আবার নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা থাকলেই তা পরিকল্পিত নাশকতার চূড়ান্ত প্রমাণ হয়ে যায় না। সামগ্রিক পরিস্থিতির পরিণতি নির্ভর করবে মূলত ভারতের প্রত্যর্পণ-সংক্রান্ত সিদ্ধান্ত, বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি এবং বিদেশে অবস্থানরত নেতাদের বাস্তব পদক্ষেপের ওপর।

বন্দিবিনিময়ের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিস জারির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে। গণহত্যার মামলায় অভিযুক্ত হিসেবে তাকে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগের পলাতক ও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের ধারাবাহিক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ঘোষণা এবং কলকাতায় দলটির নেতাদের তৎপরতা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

লন্ডন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরাও দেশে ফেরার অঙ্গীকার করছেন। তাদের বক্তব্যে কখনো ডিসেম্বর, কখনো নির্দিষ্ট কোনো দিনকে প্রত্যাবর্তনের সম্ভাব্য সময় হিসেবে তুলে ধরা হচ্ছে। এমনকি শেখ হাসিনাকে বহনকারী বিমান দেশে অবতরণ করবে, এমন প্রচারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। তবে এসব ঘোষণার বাস্তব ভিত্তি কতটুকু, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারত সরকারের অবস্থান কী এবং তাকে দেশে ফেরানোর দাবিতে নেতাকর্মীদের তৎপরতা কতটা সাংগঠনিক— এসব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর এখনও স্পষ্ট নয়।

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য অনুরোধ পাঠানোর ঘটনা সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়েছে। হাইকমিশন অবশ্য জানিয়েছে, শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি। যুক্তরাজ্যভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলে তার অনুমোদনের প্রমাণও ছিল না।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বাংলাদেশ ও ভারতের প্রত্যর্পণ চুক্তির আওতায় বিবেচ্য। ফলে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রশ্নটির সঙ্গে তার বিরুদ্ধে থাকা বিচারিক সিদ্ধান্ত এবং প্রত্যর্পণ প্রক্রিয়ার সম্পর্ক আলাদাভাবে বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্যের চেয়ে আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক তৎপরতাই বেশি গুরুত্বপূর্ণ।

লেখক : সাবেক ব্যাংকার
( মতামত লেখকের নিজস্ব )

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   রাজনৈতিক  বিরোধ  নাম  নাশকতা  সহিংসতা  বন্ধ  হোক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: