মো. নূর হামজা পিয়াস
গ্রাফিক : সময়ের আলোদক্ষিণ এশিয়ার অর্থনীতিতে গত এক দশকে বড় যে পরিবর্তন লক্ষ করা গেছে, তা হলো বৈদেশিক ঋণের ওপর বিভিন্ন দেশের ক্রমবর্ধমান নির্ভরতা। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মহামারি এবং অভ্যন্তরীণ বড় প্রকল্পের ব্যয় মেটাতে অনেক উন্নয়নশীল দেশ বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিশ্বব্যাংকের তথ্য ও সাম্প্রতিক আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা অনেকাংশে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনার ওপর নির্ভর করছে।
বিশ্বব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১০ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ প্রায় তিনগুণ বেড়েছে। এটি উদ্বেগজনক। অভ্যন্তরীণ রাজস্ব আয়ের সঙ্গে সামঞ্জস্য না রেখে একের পর এক বৈদেশিক ঋণ নেওয়ার ফলে সামষ্টিক অর্থনীতির ওপর চাপ বাড়ছে। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে নেওয়া এসব ঋণ শুধু বাজেট ঘাটতি পূরণে ব্যবহার করা হয়নি, অনেক ক্ষেত্রে অনুৎপাদনশীল খাতেও ব্যয় হয়েছে।
বিশ্বব্যাংকের ঋণ প্রতিবেদনের তুলনামূলক তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপ ছাড়া অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের বৈদেশিক ঋণ বৃদ্ধির গতি বেশি। ভারত বা নেপালের মতো দেশগুলো ঋণ বৃদ্ধির ক্ষেত্রে তুলনামূলকভাবে সংযত অবস্থান বজায় রাখতে পেরেছে। অন্যদিকে বাংলাদেশের দ্রুত ঋণ গ্রহণ অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করেছে। আগামী দিনে এসব ঋণ পরিশোধের সময় এই চাপ আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।
তবে আশার বিষয় হলো, রফতানি আয়ের তুলনায় বাংলাদেশের বৈদেশিক ঋণের বোঝা পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভুটানের চেয়ে তুলনামূলকভাবে কম। পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতিতে ঋণ পরিশোধে বড় ধরনের সংকটের মুখে পড়েছিল। বাংলাদেশের ক্ষেত্রে আপাতত তেমন সংকটের আশঙ্কা তুলনামূলকভাবে কম। কারণ রফতানি ও প্রবাস আয় এখনও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে কিছুটা সহায়তা করছে।
তবে আঞ্চলিক তুলনায় বাংলাদেশের বৈদেশিক ঋণের বোঝা ভারত ও নেপালের চেয়ে বেশি। ভারতের বিশাল অভ্যন্তরীণ অর্থনীতি এবং শক্তিশালী কর আদায়ের সক্ষমতা দেশটির ঋণ ব্যবস্থাপনাকে তুলনামূলকভাবে নিরাপদ রেখেছে। অন্যদিকে নেপালের বৈদেশিক ঋণের বড় অংশ সহজশর্তে পাওয়া দীর্ঘমেয়াদি ঋণ ও অনুদাননির্ভর। বাংলাদেশের ক্ষেত্রে অনেক ঋণ মাঝারি ও উচ্চ সুদের বাণিজ্যিক কিংবা দ্বিপক্ষীয় শর্তে নেওয়া হয়েছে। ফলে এসব ঋণ পরিশোধের চাপও তুলনামূলকভাবে বেশি।
বিশ্বব্যাংকের প্রকাশিত ‘আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন ২০২৬’ অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক ঋণের চিত্র নীতিনির্ধারকদের জন্য সতর্কবার্তা। প্রতিবেদনে দেখা যায়, গত এক দশকে দেশের বৈদেশিক ঋণ দ্রুত বেড়েছে। বড় প্রকল্প বাস্তবায়ন এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর তৈরি হওয়া চাপের পেছনে ঋণনির্ভর উন্নয়ন পরিকল্পনারও ভূমিকা রয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় ৩৮ বিলিয়ন ডলার। ১০ বছর পর অর্থাৎ ২০২৫ সালের শেষে তা বেড়ে প্রায় ১১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মাত্র এক দশকে ঋণের এই বিপুল বৃদ্ধি দেখায় দেশের অবকাঠামোগত উন্নয়ন ও রাষ্ট্রীয় ব্যয়ের বড় অংশ বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।
এত বিপুল বৈদেশিক ঋণ নিয়ে বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ঋণগ্রহীতা দেশ। এই অবস্থান দেশের অর্থনৈতিক সক্ষমতা ও ঋণ পরিশোধের সামর্থ্য নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরে। ভারত ও পাকিস্তানের পর বাংলাদেশ এই অঞ্চলের অন্যতম বড় ঋণগ্রহীতা। দীর্ঘমেয়াদে এই ঋণের চাপ দেশের আর্থিক স্বাধীনতার ওপরও প্রভাব ফেলতে পারে।
গত এক দশকে দেশে বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, উড়াল সড়ক ও গভীর সমুদ্রবন্দরের মতো প্রকল্পের অর্থায়নে বৈদেশিক ঋণ এবং রফতানি-আমদানি ব্যাংকের ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেক ক্ষেত্রে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় বিশ্ববাজারের তুলনায় বেশি ছিল বলে অভিযোগ রয়েছে। যথাযথ ব্যয়-সুবিধা বিশ্লেষণ না করা এবং প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে অনেক ক্ষেত্রেই প্রত্যাশিত অর্থনৈতিক সুফল পাওয়া যাচ্ছে না। ফলে এসব প্রকল্পের ঋণ পরিশোধের দায় শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়ছে।
প্রতি বছর বাংলাদেশকে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে হয়। রফতানি ও প্রবাস আয় থেকে আসা বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ ঋণের কিস্তি পরিশোধে ব্যয় হয়। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়ে। আমদানি ব্যয় মেটাতে যখন ডলারের সংকট দেখা দেয়, তখন ঋণ পরিশোধের বাড়তি চাপ অর্থনীতিকে আরও দুর্বল করে তোলে।
একটি দেশের ঋণ নেওয়ার সক্ষমতা অনেকাংশে নির্ভর করে তার রাজস্ব সংগ্রহের ওপর। কিন্তু বাংলাদেশের কর-জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সর্বনিম্ন। এটি ৭ থেকে ৮ শতাংশের মধ্যে। সরকারের মোট রাজস্ব আয়ের বড় অংশ সরকারি কর্মচারীদের বেতন-ভাতা এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধে ব্যয় হয়। উন্নয়নমূলক কাজের জন্য নিজস্ব অর্থের জোগান সীমিত থাকায় সরকারকে নতুন বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। এভাবে ঋণনির্ভরতার একটি দুষ্টচক্র তৈরি হয়েছে।
কোন খাতে, কী শর্তে এবং কত সুদে বৈদেশিক ঋণ নেওয়া হচ্ছে, সে বিষয়ে সংসদ ও জনপরিসরে যথেষ্ট স্বচ্ছতা এবং জবাবদিহিতা নেই। দাতা সংস্থাগুলোর সঙ্গে ঋণ চুক্তিতে অনেক সময় অস্পষ্ট শর্ত এবং অতিরিক্ত পরামর্শক ব্যয় যুক্ত থাকে। এসব শর্ত পরবর্তী সময়ে রাষ্ট্রের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়ায়। ঋণের অর্থ ব্যবহারে যথাযথ নজরদারি ও নিরীক্ষার অভাব থাকায় দুর্নীতি এবং অপচয়ও ঠেকানো যাচ্ছে না।
শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দেশগুলো বৈদেশিক ঋণের চাপে বড় অর্থনৈতিক সংকটে পড়েছিল। বাংলাদেশকে এমন পরিণতি থেকে রক্ষা করতে এখনই আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় ও বিলাসবহুল প্রকল্পে বৈদেশিক ঋণ নেওয়া বন্ধ করতে হবে। যেসব প্রকল্প উৎপাদন, কর্মসংস্থান ও বৈদেশিক আয় বাড়াতে সরাসরি ভূমিকা রাখবে, সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে। এসব প্রকল্পের জন্যও যথাসম্ভব সহজশর্তে ঋণ নেওয়ার নীতি অনুসরণ করা প্রয়োজন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের ঋণ পেতে বাংলাদেশকে বিভিন্ন শর্ত মানতে হচ্ছে। ভর্তুকি কমিয়ে বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বাড়ানো, রাজস্ব আয় বাড়াতে পরোক্ষ করের বোঝা বৃদ্ধি এবং মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করার মতো সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে।
এসব সংস্কারের কিছু অর্থনৈতিক প্রয়োজনীয়তা থাকলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষের সামর্থ্য ও স্বার্থ বিবেচনায় রাখা জরুরি। শুধু ঋণদাতা সংস্থার শর্ত পূরণ করাই নীতিনির্ধারণের লক্ষ্য হতে পারে না। সংস্কারের সুফল যাতে সাধারণ মানুষও পায়, তা নিশ্চিত করতে হবে।
বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমানোর অন্যতম কার্যকর উপায় হলো রফতানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো। তৈরি পোশাক শিল্পের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার সেবা, ওষুধ শিল্প, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতের রফতানি বাড়াতে হবে। এসব খাতে বিনিয়োগ ও রফতানির জন্য প্রয়োজনীয় নীতিসহায়তা দিতে হবে। একই সঙ্গে হুন্ডি ও অবৈধ পথে অর্থ পাঠানো বন্ধ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাস আয় আনার বাধাগুলো দূর করতে হবে।
নতুন বৈদেশিক ঋণের প্রবণতা কমাতে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো জরুরি। জাতীয় রাজস্ব বোর্ডের দুর্নীতি, দীর্ঘসূত্রতা ও কর ফাঁকির প্রবণতা কঠোরভাবে দমন করতে হবে। ধনীদের কাছ থেকে যথাযথ প্রত্যক্ষ কর আদায় এবং অপ্রাতিষ্ঠানিক অর্থনীতিকে করের আওতায় আনতে হবে। রাজস্ব-জিডিপি অনুপাত অন্তত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা নিতে হবে। নিজস্ব রাজস্ব আয় বাড়াতে পারলে আন্তর্জাতিক ঋণদাতাদের ওপর নির্ভরতা কমবে এবং ঋণের শর্ত মেনে চলার চাপও হ্রাস পাবে।
রাষ্ট্রের প্রতিটি স্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া ঋণের এই বেড়াজাল থেকে বের হওয়া সম্ভব নয়। দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নিতে হবে। মানি লন্ডারিং প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে। ক্ষমতার অপব্যবহার করে যারা রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। মনে রাখতে হবে, বৈদেশিক ঋণ নিজে কোনো সমস্যা নয়। সমস্যা হলো ঋণের অর্থের অপব্যবহার, দুর্বল ব্যবস্থাপনা এবং অপরিকল্পিত ঋণ গ্রহণ। দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে ঋণ গ্রহণ ও ব্যবহারের প্রতিটি পর্যায়ে কঠোর স্বচ্ছতা, জবাবদিহি ও আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে।
লেখক : শিক্ষার্থী, আইন বিভাগ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
মতামত লেখকের নিজস্ব
সময়ের আলো/প্রিন্ট/এমকে