প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৭ এএম
গ্রাফিক : সময়ের আলোদেশে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নানা ধরনের নৈরাজ্যের ঘটনা বাড়ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। তবে পুলিশ বাহিনীর কিছু সদস্যের নিষ্ক্রিয়তার অভিযোগ পাওয়া যাচ্ছে। এ নিয়ে গতকাল সময়ের আলোয় বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ নতুন নয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ বাহিনীর স্বাভাবিক কাজের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। অনেক সদস্যের মধ্যে এখনও ভয় ও অনিশ্চয়তা কাজ করতে পারে। অতীতের রাজনৈতিক ভূমিকা নিয়ে বাহিনীর ভেতরে সন্দেহ ও অবিশ্বাসের কথাও শোনা যায়। এ কারণে দায়িত্ব পালনে কেউ কেউ পিছিয়ে থাকতে পারেন। তবে এসব কারণে পুলিশের মতো একটি পেশাদার বাহিনীর কোনো সদস্য তার দায়িত্ব এড়িয়ে চলতে পারেন না। আবার সব দায় মাঠপর্যায়ের সদস্যদের ওপর চাপিয়েও সমস্যার সমাধান হবে না।
পুলিশ সদর দফতর এর আগে বলছে, দুয়েকটি ব্যতিক্রম ছাড়া বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। সরকারের পক্ষ থেকেও বাহিনীর মনোবল ফিরে আসার কথা বলা হয়েছিল। তবে সাবেক পুলিশ কর্মকর্তা ও অপরাধ বিশেষজ্ঞদের বক্তব্যে ভিন্ন চিত্র উঠে এসেছে। তাদের মতে, শুধু নির্দেশনা দিয়ে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। মাঠপর্যায়ের সদস্যদের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে। দায়িত্ব পালনের সময় কোনো সদস্য হামলার শিকার হলে তার পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলা বা ক্ষমতার অপব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
সাম্প্রতিক পুলিশকে লক্ষ্য করে হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং থানায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে পুলিশের পেশাদার আচরণ ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে। পুলিশের দায়িত্ব পরিস্থিতি অনুযায়ী আইন প্রয়োগ করা। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের কাজ। তাদের সংবিধান ও আইনের সীমার মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে।
পুলিশকে পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য একে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। এ ক্ষেত্রে পুলিশ কমিশন গঠন করা যেতে পারে। যে কমিশনের কাজ হবে পুলিশকে তার নীতি-নৈতিকার সঙ্গে তাদের ওপর জনগণের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা। বাহিনীতে নিয়োগ, পদোন্নতি, বদলি ও দায়িত্ব বণ্টনে যোগ্যতা এবং পেশাদারিত্বকে গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক বিবেচনায় কাউকে হয়রানি করা কাম্য নয়। আবার রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া যাবে না। কোনো অভিযোগের ভিত্তিতে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। এতে বাহিনীর ভেতরে ন্যায়বিচারের পরিবেশ তৈরি হবে।
নিষ্ক্রিয় সদস্যদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। নিষ্ক্রিয়তার অন্তর্নিহত কারণ জেনে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। কেউ হয়তো কোনো কারণে মানসিক চাপে থাকতে পারেন, আবার কেউ ইচ্ছাকৃতভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন। কারণ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, সরঞ্জাম ও আইনি সহায়তা দিতে হবে।
পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরানো জরুরি। অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহারের যে অভিযোগ ছিল, তার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। পুলিশকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে