পোশাক শিল্পের সংকট কাটাতে সমন্বিত উদ্যোগ চাই

সম্পাদকীয়

মতামত

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বড় শক্তি বিদেশি ক্রেতাদের আস্থা। চার দশক ধরে এই আস্থা অর্জন করেছে দেশের উদ্যোক্তা ও শ্রমিকরা।

2026-11-15T06:52:59+00:00
2026-11-15T06:52:59+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
মতামত
শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত, ক্রেতাদের আস্থা কমছে
পোশাক শিল্পের সংকট কাটাতে সমন্বিত উদ্যোগ চাই
সম্পাদকীয়
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৫২ এএম 
গ্রাফিক : সময়ের আলো
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বড় শক্তি বিদেশি ক্রেতাদের আস্থা। চার দশক ধরে এই আস্থা অর্জন করেছে দেশের উদ্যোক্তা ও শ্রমিকরা। সময়মতো পণ্য সরবরাহ, তুলনামূলক কম দাম এবং ভালো মানের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের শক্ত অবস্থান তৈরি হয়েছে। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ সেই অর্জনকে ঝুঁকিতে ফেলেছে। 

বিদেশি ক্রেতারা এখন বাংলাদেশের বিকল্প খুঁজছেন। ইতিমধ্যে কিছু ক্রেতা প্রতিষ্ঠান তাদের অর্ডার ভারত, ভিয়েতনামসহ অন্য দেশে সরিয়ে নিয়েছে বলে পোশাক শিল্পের উদ্যোক্তারা জানিয়েছেন। বিষয়টি দেশের রফতানি আয়ের জন্যও বড় উদ্বেগের বিষয়।

পোশাক শিল্পের ব্যবসায় সময়ের গুরুত্ব অনেক। নির্দিষ্ট মৌসুমের পোশাক নির্দিষ্ট সময়েই ক্রেতার হাতে পৌঁছাতে হয়। ক্রিসমাস বা শীতের পোশাক নির্ধারিত সময়ে সরবরাহ করতে না পারলে সেই পণ্যের বাজারমূল্য থাকে না। ফলে কারখানা বন্ধ থাকলে ক্রেতারা অপেক্ষা করেন না। তারা বিকল্প দেশ থেকে পণ্য সংগ্রহ করেন। বাংলাদেশে উৎপাদন ব্যাহত হওয়ায় ভারত ও ভিয়েতনামের মতো দেশগুলো নতুন অর্ডার পাচ্ছে। একবার কোনো ক্রেতা অন্য দেশের সরবরাহকারীর সঙ্গে ব্যবসা শুরু করলে বাংলাদেশের জন্য সেই অর্ডার ফিরিয়ে আনা কঠিন হতে পারে।

প্রশ্ন হচ্ছে, দেশের পোশাক খাতে এমন পরিস্থিতি তৈরি হলো কেন? শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষ নতুন নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে অনেক শ্রমিকের সংসার চালানো কঠিন। মজুরি বাড়ানোর দাবি উপেক্ষা করার সুযোগ নেই। আবার মজুরি নিয়ে আলোচনা চলার সময় কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধও কোনো সমাধান হতে পারে না। এতে শিল্পের ক্ষতি হয়, কর্মসংস্থান ঝুঁকিতে পড়ে। যার ফলে শেষ পর্যন্ত শ্রমিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।

শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এবং শিল্পের স্বার্থকে পরস্পরের বিপরীতে দাঁড় করানো ঠিক হবে না। মালিকদের মনে রাখতে হবে, শ্রমিকের শ্রমেই এই শিল্পের সাফল্য। তাদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সম্মানজনক মজুরি নিশ্চিত করতে হবে। অন্যদিকে শ্রমিকদেরও বুঝতে হবে, কারখানা ও উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে তাদের কর্মসংস্থানই বিপন্ন হবে। আন্দোলনের নামে ভাঙচুর বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই পরিস্থিতিতে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ইতিমধ্যে কয়েকটি বৈঠকও হয়েছে। মজুরি নির্ধারণের কাজ দ্রুত শেষ করতে হবে। মালিক ও শ্রমিক উভয়পক্ষের বাস্তবতা বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে কারখানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের আন্দোলনের আড়ালে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর ইন্ধন আছে কি না, সেটা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিদেশি ক্রেতাদের আস্থা ফেরাতে সরকার ও শিল্পমালিকদের যৌথ উদ্যোগ প্রয়োজন। এ জন্য বাস্তব পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। কারখানাগুলো যেন নিয়মিত চলে সেই ব্যবস্থা করতে হবে।

পোশাক শিল্প দেশের লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। এটি বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই শিল্পে সংকট তৈরি হলে দেশের অর্থনীতি চাপে পড়বে। তাই মালিক, শ্রমিক ও সরকারকে দ্রুত আলোচনায় বসতে হবে। পোশাক শিল্পের চার দশকের অর্জন কোনো কারণে নষ্ট হতে দেওয়া যায় না। এখনই কার্যকর সমাধান না হলে বাংলাদেশের পোশাক শিল্পকে দীর্ঘদিন তার মূল্য দিতে হতে পারে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   পোশাক শিল্প  সংকট  শ্রমিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: