গ্রাফিক : সময়ের আলো জলবায়ু পরিবর্তন বাংলাদেশের কৃষির জন্য বড় হুমকি। বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, অনাবৃষ্টি ও আকস্মিক বৃষ্টিপাতের কারণে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা এবং উত্তরাঞ্চলে খরা কৃষকদের দুর্ভোগ বাড়াচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবন, পানি সংরক্ষণ, আধুনিক সেচপ্রযুক্তি এবং কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে।
বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার সঙ্গে কৃষি ওতপ্রোতভাবে জড়িত। ১৫ নভেম্বর কৃষি দিবস উপলক্ষে কৃষির সম্ভাবনা, সমস্যা ও কৃষকের অধিকার নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। একসময় দেশে খাদ্যসংকট ছিল নিত্যদিনের বাস্তবতা। দেশ এখন ধান, পাট, গম, ভুট্টা, আলু, শাকসবজি, ফলমূল ও মাছ উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। উন্নত বীজ, আধুনিক সেচব্যবস্থা, কৃষিযন্ত্রের ব্যবহার এবং কৃষিবিজ্ঞানীদের গবেষণার ফলে কৃষিতে উৎপাদন বেড়েছে। দেশের কৃষকরা প্রতিকূল আবহাওয়া, বন্যা, খরা, অতিবৃষ্টি ও নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেও খাদ্য উৎপাদন অব্যাহত রেখেছেন।
কৃষির অগ্রগতির পেছনে বাধা হিসেবে রয়েছে অনেক সমস্যা ও সীমাবদ্ধতা। কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি, সার ও বীজের সংকট, সেচের উচ্চ ব্যয়, কৃষিশ্রমিকের মজুরি বৃদ্ধি এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়া কৃষকদের জন্য বড় প্রতিবন্ধকতা। অনেক সময় কৃষক ফসল উৎপাদন করে লাভের মুখ দেখতে পারেন না। এই বৈপরীত্য দূর করা জরুরি।
কৃষকদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা। সরকার ধান, চালসহ বিভিন্ন কৃষিপণ্য সংগ্রহের উদ্যোগ নিলেও অনেক ক্ষেত্রে প্রকৃত কৃষক সেই সুবিধা পান না। কৃষকের পরিবর্তে মধ্যস্বত্বভোগীরা সরকারি সুবিধা গ্রহণ করেন— এমন অভিযোগও রয়েছে। তাই কৃষকের তালিকা হালনাগাদ, সরাসরি কৃষকের কাছ থেকে ফসল সংগ্রহ এবং ডিজিটাল ব্যবস্থাপনায় কৃষিপণ্যের বাজারমূল্য নির্ধারণের উদ্যোগ জোরদার প্রয়োজন।
জলবায়ু পরিবর্তন বাংলাদেশের কৃষির জন্য বড় হুমকি। বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, অনাবৃষ্টি ও আকস্মিক বৃষ্টিপাতের কারণে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা এবং উত্তরাঞ্চলে খরা কৃষকদের দুর্ভোগ বাড়াচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবন, পানি সংরক্ষণ, আধুনিক সেচপ্রযুক্তি এবং কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। কৃষকদের কাছে আবহাওয়ার পূর্বাভাস ও প্রয়োজনীয় পরামর্শ সহজলভ্য করাও জরুরি।
কৃষির আধুনিকায়নে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা প্রয়োজন। বর্তমান সময়ে কৃষি আর কেবল লাঙল-জোয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক কৃষিযন্ত্র, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট সেচব্যবস্থা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষিকে লাভজনক পেশায় পরিণত করা সম্ভব। শিক্ষিত তরুণরা কৃষিতে উদ্যোক্তা হিসেবে এগিয়ে এলে উৎপাদন ও কর্মসংস্থান— দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।
এ জন্য কৃষি উদ্যোক্তাদের সহজশর্তে ব্যাংকঋণ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। কৃষিপণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রতি বছর উৎপাদিত বিপুল পরিমাণ ফলমূল, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়। গ্রাম ও উপজেলা পর্যায়ে হিমাগার, আধুনিক গুদাম, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং উন্নত পরিবহনব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে কৃষকের লোকসান কমবে এবং দেশীয় কৃষিপণ্যের রফতানি বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে।
কৃষির উন্নয়নের জন্য নারী কৃষকদের অবদানও অনস্বীকার্য। বীজ সংরক্ষণ, চারা উৎপাদন, ফসল পরিচর্যা, গবাদিপশু পালন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ তাদের শ্রম ও অবদান অনেক সময় যথাযথ স্বীকৃতি পায় না। নারী কৃষকদের প্রশিক্ষণ, ঋণ দান, প্রযুক্তি ও বাজারসুবিধা নিশ্চিত করতে হবে।
কৃষি শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম নয়, এটি দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। কৃষক ভালো থাকলে গ্রামীণ অর্থনীতি সচল থাকবে, কর্মসংস্থান বাড়বে এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে। তাই কৃষিকে অবহেলা করে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়।
১৫ নভেম্বর কৃষি দিবসে আমাদের অঙ্গীকার হোক— কৃষকের মর্যাদা প্রতিষ্ঠা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিবান্ধব নীতি বাস্তবায়ন। কৃষকের মুখে হাসি ফোটাতে পারলেই কৃষি দিবসের তাৎপর্য সার্থক হবে। কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে কৃষি এবং কৃষকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি বৈকি!
লেখক : গণমাধ্যমকর্মী ও সমাজচিন্তক
মতামত লেখকের নিজস্ব
সময়ের আলো/প্রিন্ট/এসএকে