গ্রাফিক : সময়ের আলো আমাদের দেশে ফিটনেস দেওয়ার বা আইন প্রয়োগের পুরো বিষয়টিই মূলত কাগুজে। কাগজপত্রে গাড়ি ঠিক আছে লিখে দিলেই গাড়ি ফিট হয়ে যায় না। বাস খাতের চরম অরাজকতা ও রেষারেষি বন্ধ করতে ‘বাস রুট রাশনালাইজেশন’ বা ‘ঢাকা নগর পরিবহন’ চালুর বড় চেষ্টা হয়েছিল। কিন্তু কী দেখা গেল? বাস মালিকদের প্রভাবশালী সিন্ডিকেট, রাজনৈতিক প্রভাব আর প্রশাসনিক তদারকির অভাবে সেই ভালো উদ্যোগটিও মুখ থুবড়ে পড়ল।
প্রতিদিন সকালে ঘর থেকে বের হয়ে পথে পা রাখা মানেই যেন ঢাকার সাধারণ মানুষের জন্য এক অবর্ণনীয় যুদ্ধে নামা। বাসের পেছনে ছোটাছুটি, দীর্ঘ যানজটে বন্দি থাকা আর লক্কড়ঝক্কড় গাড়িতে ঝুলে যাতায়াত করা— ঢাকার নাগরিকদের প্রতিদিনের চেনা ছবি।
এর সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে যুক্ত হয়েছে অলিগলি থেকে হুটহাট মূল সড়কে উঠে আসা অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশার দাপট। এসব দেখে ক্লান্ত নাগরিক মন যখন একটু স্বস্তির নিয়ম খোঁজে, ঠিক তখনই সরকারের পক্ষ থেকে জারি করা হয় নতুন নতুন আদেশ ও বিধিমালা। এই যেমন সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হলো।
নিয়ম-কানুন আর নির্দেশনার বহর দেখে কাগজটিকে বেশ ভারী মনে হলেও, রাজপথে নিয়মিত চলাফেরা করা একজন সাধারণ মানুষের মনে এতে কোনো আশার আলো জ্বলে ওঠে না। কারণ গত কয়েক দশকে এমন কত নীতি আর প্রজ্ঞাপনের ফুলঝুরি আমরা দেখলাম, কিন্তু খাতা-কলমে লেখা সেসব সুন্দর কথা কি কোনোদিন আমাদের পথচলার দুর্ভোগ একটুও কমাতে পেরেছে?
ঢাকার রাজপথের ইতিহাস মূলত কাগজ-কলমের দারুণ সব নীতি আর মাঠপর্যায়ের চরম ব্যর্থতার এক করুণ দলিল। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং শহরের যাতায়াত সহজ করতে অতীতে কত রকম যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা হিসাব করে শেষ করা যাবে না।
লেন মেনে বাস চালানো, মোড়ে মোড়ে স্বয়ংক্রিয় সংকেত বাতি বসানো, নির্দিষ্ট বাস স্টপেজ তৈরি করা কিংবা ১৫ বছরের পুরোনো ফিটনেসবিহীন বাস রাজপথ থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া— এমন অন্তত ১০টি সুনির্দিষ্ট নির্দেশনার কথা আমাদের সবার জানা। কিন্তু বাস্তবে কী ঘটল? স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল লাইটগুলো আজ কেবল শো-পিস হয়ে ঝুলছে, আর তার নিচেই ট্রাফিক পুলিশকে আগের মতোই হাতের ইশারায় বা লাঠি উঁচিয়ে গাড়ি সামলাতে হচ্ছে।
ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় বাস নিয়ে কত আলোচনা হলো, অথচ সরকারি সংস্থার হিসাবই বলছে, রাজধানীতে প্রতি চারটি বাসের মধ্যে অন্তত একটির কোনো বৈধ ফিটনেস সনদ নেই। ফিটনেস ছাড়া, ভাঙাচোরা দরজা-জানালা, নোংরা সিট আর বিষাক্ত ধোঁয়া ছাড়া এসব ঝুঁকিপূর্ণ বাসে চড়েই প্রতিদিন লাখ লাখ মানুষকে বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে।
বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন যে, আমাদের দেশে ফিটনেস দেওয়ার বা আইন প্রয়োগের পুরো বিষয়টিই মূলত কাগুজে। কাগজপত্রে গাড়ি ঠিক আছে লিখে দিলেই গাড়ি ফিট হয়ে যায় না। বাস খাতের চরম অরাজকতা ও রেষারেষি বন্ধ করতে ‘বাস রুট রাশনালাইজেশন’ বা ‘ঢাকা নগর পরিবহন’ চালুর বড় চেষ্টা হয়েছিল। কিন্তু কী দেখা গেল?
বাস মালিকদের প্রভাবশালী সিন্ডিকেট, রাজনৈতিক প্রভাব আর প্রশাসনিক তদারকির অভাবে সেই ভালো উদ্যোগটিও মুখ থুবড়ে পড়ল। তথাকথিত ‘শক্তিশালী’ মালিকদের আপত্তির মুখে রুট কমানোর পরিকল্পনা থমকে গেল, আর শহরের সড়কগুলো রয়ে গেল সেই পুরোনো নৈরাজ্যের দর্শনেই। একটি সাধারণ বাস খাত যেখানে একের পর এক নীতিমালা দেওয়া সত্ত্বেও সোজা করা গেল না, সেখানে লাখ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে তৈরি করা নতুন বিধিমালা যে একই গোলকধাঁধায় হারিয়ে যাবে না— তার নিশ্চয়তা কোথায়?
নতুন জারি করা অটোরিকশা নীতিমালার প্রতিটি ধারা গভীরভাবে খেয়াল করলে একটি বিষয় পানির মতো পরিষ্কার হয়ে ওঠে— এখানে সরকারের আর্থিক দিকটি শতভাগ গুছিয়ে নেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী, দুই বা চার যাত্রী ধারণক্ষমতার রিকশার জন্য শুরুতে এককালীন নিবন্ধন ফি হিসেবে ৮ থেকে ১০ হাজার টাকা দিতে হবে। এর সঙ্গে প্রতি বছর ৪ থেকে ৫ হাজার টাকা নবায়ন ফি এবং প্রতি রিকশার জন্য আলাদাভাবে ১ হাজার টাকা ফিটনেস ফি নির্ধারণ করা হয়েছে।
অর্থাৎ দেশজুড়ে সিটি করপোরেশন এলাকাগুলোতে লাখ লাখ অটোরিকশাকে যখন এই নিবন্ধনের ছায়াতলে আনা হবে, তখন সরকারি ও সিটি করপোরেশনের কোষাগারে জমা হবে শত শত কোটি টাকা। সরকারি আয় বাড়ানোর এই পাকা বন্দোবস্ত দেখে আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে সড়ক হয়তো রাতারাতি সুশৃঙ্খল হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, যে প্রশাসন মাত্র কয়েক হাজার বাসের ফিটনেস এবং লেন মানানো নিশ্চিত করতে পারে না, তারা কীভাবে অটোরিকশার বুয়েট-নির্ধারিত নকশা, স্পিডোমিটার কিংবা ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিসীমা ধরে ধরে তদারকি করবে?
সরকারের ঝুলিতে কোটি কোটি টাকা জমা হলেও এই নীতিমালার সব ক্ষতি এসে পড়বে দুটো দলের ওপর— একদিকে গরিব অটোরিকশাচালক, অন্যদিকে আমাদের মতো সাধারণ যাত্রী। অটোরিকশা চালিয়ে যেসব মানুষ কোনোমতে দিন এনে দিন খান, তাদের পক্ষে এককালীন ১০-১২ হাজার টাকা কিংবা প্রতি বছর হাজার হাজার টাকা লাইসেন্স ফি দেওয়া কষ্টসাধ্য বললেই চলে। এখানে একটি বিষয় বিবেচনায় রাখা জরুরি। বেশিরভাগ অটোরিকশাচালক ভাড়ায় রিকশা চালান।
ফলে নিবন্ধন ও অন্যান্য ফি বাবদ খরচ কে বহন করবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই খরচের দায়িত্ব নিতে হবে হয় রিকশার মালিককে, নয়তো চালককে। কিন্তু বাস্তবতা হলো, অধিকাংশ চালকেরই আর্থিক সামর্থ্য সীমিত। পাশাপাশি এনআইডি ও নিবন্ধন-সংক্রান্ত জটিলতা তাদের নতুন করে সমস্যায় ফেলতে পারে। এমন পরিস্থিতিতে অনেক চালক বাধ্য হয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কিংবা মহাজনদের দ্বারস্থ হতে পারেন। এতে চালকদের ওপর আর্থিক নির্ভরশীলতা ও চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বিধিমালায় এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি রিকশা নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে, যার সরাসরি সুযোগ নেবে গ্যারেজ মালিক ও রাজনৈতিক সিন্ডিকেট। ফলে রিকশার মালিকানা চলে যাবে ধনী মহাজনদের হাতে, আর সাধারণ চালকরা তাদের কাছে স্থায়ীভাবে বন্দি হয়ে পড়বেন। তা ছাড়া নির্দিষ্ট জোন ও মহাসড়কে চলাচলে যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, তা মাঠপর্যায়ে বাস্তবায়নের নামে শুরু হবে নতুন মাত্রার চাঁদাবাজি। ট্রাফিক পুলিশ ও স্থানীয় তোলাবাজদের পকেট ভরার নতুন এক আইনি সুযোগ তৈরি হলো এই নীতিমালার মাধ্যমে।
আর এই যে চালকের বাড়তি নিবন্ধনের খরচ, গ্যারেজ মালিকের অতিরিক্ত ভাড়া আর পথে পথে চাঁদাবাজির নতুন বোঝা তৈরি হলো, তার পুরো মাশুল শেষ পর্যন্ত মেটাতে হবে সাধারণ যাত্রীদেরই। চালক বাধ্য হয়েই রিকশা ভাড়া অনেক বাড়িয়ে দেবেন। একই সঙ্গে প্রধান প্রধান সড়ক থেকে কোনো বাস্তবসম্মত বিকল্প গণপরিবহন না নামিয়ে হুট করে অটোরিকশা তুলে দিলে সাধারণ মানুষের গলি থেকে মূল সড়কে যাওয়ার সাশ্রয়ী পথ বন্ধ হয়ে যাবে। মানুষকে দীর্ঘ পথ হেঁটে কিংবা দ্বিগুণ ভাড়া গুনে গন্তব্যে পৌঁছাতে হবে।
অর্থাৎ নীতিমালার ফলে আমলাতান্ত্রিক খাতা ভারী হবে, সরকারের রাজস্ব উঠবে, মধ্যস্বত্বভোগীদের পকেট ভরবে; কিন্তু রাস্তায় যাত্রীদের দুর্ভোগ এবং পকেটের টানাটানি দুটোই সমান তালে বাড়বে।
পরিবহন বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, কেবল আদেশ বা প্রজ্ঞাপন জারি করে কোনো দেশের সড়ক ব্যবস্থা সুশৃঙ্খল করা যায় না, যদি না মাঠপর্যায়ে কঠোর ও নিয়মিত তদারকি ব্যবস্থা চালু থাকে। আমাদের নীতিনির্ধারকরা সবসময় কাগজের নিয়ম বানানোকেই মূল সমাধান মনে করেন, কিন্তু সেই নিয়ম পাহারা দেওয়ার মতো তদারকি কাঠামো কখনোই তৈরি করেন না।
ফলে ফলাফল যা হওয়ার তা-ই হয়। কিছুদিন হয়তো নতুন নীতিমালার নামে সড়কে রিকশা আটকানোর নামে হুলুস্থূল চলবে, কিছু রিকশা ডাম্পিং করা হবে, সংবাদপত্রে খবর ছাপা হবে। কিন্তু কিছুদিন যেতেই জল আবার পুরোনো জায়গায় জমা হবে। নিবন্ধিত ও অনিবন্ধিত রিকশা পাশাপাশি আগের মতোই সড়কগুলো দখল করবে, আর নির্ধারিত ২৫ কিলোমিটার গতিসীমা কেবল নীতিমালার পুস্তিকাতেই বন্দি থাকবে।
আমরা যারা প্রতিদিন এই ধুলোবালি আর যানজটের শহরে কোনোমতে টিকে থাকার আকুতি নিয়ে রাস্তায় বের হই, আমাদের কাছে এই নতুন বিধিমালা কোনো মুক্তির বার্তা নিয়ে আসেনি। অতীতের বাস নীতিমালার সেই চেনা ইতিহাস আবার নতুন মোড়কে ফিরে আসছে। সরকার রাজকোষের আয় বাড়িয়ে নেবে, তোলাবাজেরা আয়ের নতুন উৎস খুঁজে পাবে, আর আমরা সাধারণ নাগরিক আগের মতোই যানজটে আটকে থেকে প্রশ্ন করব— কাগজে-কলমে এত প্রজ্ঞাপনের পর আমাদের পথচলা কেন আজও আগের মতোই অনিশ্চিত ও যন্ত্রণাদায়ক রয়ে গেল?
লেখক : সাহিত্যকর্মী
মতামত লেখকের নিজস্ব