প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:১৯ এএম
গ্রাফিক : সময়ের আলো গভীর সংকটে পড়েছে দেশের ব্যাংক খাত। খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকগুলো যে বিপুল টাকা ঋণ হিসেবে দিয়েছে, তার বড় অংশই আটকে গেছে। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এই ক্ষতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত মূলধনও অনেক ব্যাংকের নেই।
ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি ও বেনামি ঋণের অভিযোগ দীর্ঘদিনের। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ নেওয়া, নিয়ম না মেনে বড় অঙ্কের ঋণ অনুমোদন এবং ঋণ পরিশোধ না করেও নানা সুবিধা পাওয়ার অপসংস্কৃতি এ সংকট তৈরি করেছে। অতীত সরকার আমলে ঋণ পুনঃতফসিল, সুদ মওকুফ ও নানা ছাড় দিয়ে প্রকৃত চিত্র আড়াল করা হয়েছে। এখন ব্যাংকগুলোর হিসাব ও ঋণের মান যাচাই করায় সেই দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ফলে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত
বেড়ে গেছে।
খেলাপি ঋণের ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংকগুলোকে বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে। ভালো ঋণগ্রহীতাদের বেশি সুদ গুনতে হচ্ছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদেরও নানা সংকট সামলাতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, মানুষের সঞ্চয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
ব্যাংক খাতের মূলধন ঘাটতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সম্ভাব্য ঋণক্ষতির বিপরীতে প্রয়োজনীয় অর্থ সংরক্ষণ করতে পারেনি অনেক ব্যাংক। আদালতের স্থগিতাদেশের কারণে বিপুল অঙ্কের ঋণও আটকে রয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধান না হলে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি আরও দুর্বল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমে যাওয়া এবং ঋণ-আমানত অনুপাত বেড়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার। কোনো ব্যাংকের আর্থিক দুর্বলতা যেন অন্য ব্যাংকের ওপরও প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
ব্যাংকে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ বিতরণের গতি কমছে। সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৪ দশমিক ০৯ শতাংশে। এতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং গ্রামীণ অর্থায়নেও ব্যাংকগুলোর পিছিয়ে থাকার চিত্র স্পষ্ট। দেশের উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে এসব খাতে ঋণপ্রবাহ বাড়ানো জরুরি।
শুধু ঋণ পুনঃতফসিল বা সুদ মওকুফ করে এ সংকট থেকে মুক্তি মিলবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ ধরনের সুবিধার অপব্যবহার হচ্ছে, এটা বন্ধ করতে হবে। ঋণখেলাপিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। যারা ঋণ পরিশোধে সক্ষম, অথচ ইচ্ছাকৃতভাবে টাকা ফেরত দিচ্ছেন না, তাদের কোনো ছাড় দেওয়া উচিত নয়। একই সঙ্গে জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ শনাক্ত করে আইন অনুযায়ী অর্থ আদায়ের উদ্যোগ নিতে হবে।
ঋণখেলাপিদের দায়মুক্তি দিয়ে কিংবা বারবার ছাড় দিয়ে ব্যাংক খাতে আস্থা ফেরানো যাবে না। এখন প্রয়োজন কঠোর আইন প্রয়োগ, স্বচ্ছতা ও জবাবদিহি। কার্যকর ব্যবস্থা না নিলে খেলাপি ঋণের পাহাড় আরও বড় হবে। সেই ক্ষতির বোঝা শেষ পর্যন্ত বহন করতে হবে দেশের মানুষকেই।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে